আজ ‘নজরুল উৎসব’ আয়োজন করেছে ছায়ানট। ছায়ানট সংস্কৃতি-ভবনে আয়োজিত দুই দিনের এই উৎসব নিয়ে বললেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল।ছায়ানটের ‘নজরুল উৎসব’ নিয়ে কিছু বলুন।নজরুলজয়ন্তী উপলক্ষে আমরা এর আগে আরও তিনবার এই উৎসবের আয়োজন করেছি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ নজরুলকে তুলে ধরতে চাই। আর তা করতে চাই নজরুলের গান, নাচ, কবিতা আবৃত্তি ও পাঠের মধ্য দিয়ে। ছায়ানটের পাশাপাশি যারা নজরুলসংগীতের চর্চা করছে, সেই সব প্রতিষ্ঠানকেও আমন্ত্রণ জানিয়েছি। নজরুলের গানের শীর্ষস্থানীয় শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি। বেশি গুরুত্ব দিচ্ছি এই প্রজন্মের শিল্পীদের।এই প্রজন্মের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হওয়ার কারণ?নজরুলের গানের কোনো শূন্যতা যেন না হয়, সে কারণে আমরা নজরুলের গানের আরেকটা প্রজন্ম তৈরি করতে চাই। তাই ঢাকার বাইরে যারা আগ্রহ নিয়ে শুদ্ধভাবে নজরুলের গানের চর্চা করছে, যে শিশুশিল্পীরা ভালো করছে—আমরা তাদের পৃষ্ঠপোষকতা করতে চাই। আমাদের সবার কাজের পেছনে উদ্দেশ্য একটাই—নজরুলের গানের প্রসার বাড়ানো।আপনি বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সাধারণ সম্পাদক। নজরুলজয়ন্তী উপলক্ষে কী করছেন?২৯ মে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করছি, এখানে সংগঠনের সব শিল্পী অংশগ্রহণ করবেন।আজ কোনো অনুষ্ঠানে অংশ নেবেন?জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তী উদ্যাপন করা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সকালে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এখানে দুজন শিল্পী গান করবেন। ভারত থেকে এসেছেন সুস্মিতা গোস্বামী আর বাংলাদেশ থেকে আমি। আবৃত্তি করবেন প্রদীপ ঘোষ। ‘বিদ্রোহী’ কবিতা অবলম্বনে থাকবে নাচ। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলেও আমার গান থাকবে।