সম্পূর্ণ রঙিন টেলিভিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন মোস্তফা সরয়ার ফারুকীর চতুর্থ চলচ্চিত্র। চিত্রনির্মাতা হওয়ার আগে কিছুদিন খণ্ডকালীন সাংবাদিকতা করেছেন তিনি। তাই কাকরাইলে আশীর্বাদ চলচ্চিত্রের কার্যালয়ে গত রোববার তাঁর সঙ্গে আড্ডাবাজির ইনিংস যখন মাত্র শুরু হচ্ছে, ভাবনাটি মাথায় এল তখনই—সাংবাদিক ফারুকী যদি টেলিভিশন সম্পর্কে পরিচালক ফারুকীকে প্রশ্ন করেন, তবে কী হবে সেই প্রশ্ন? পাঠক, একটু পরই ফারুকীর প্রশ্নটি জানতে পারব আমরা। এর আগে কিছুক্ষণ বিরতি নিয়ে আপনাদের জানিয়ে রাখি, ২৫ জানুয়ারি সারা দেশে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন। তবে মুক্তির আগেই ছবিটি ফিল্মি দুনিয়ায় বেশ একটা হইচই ফেলে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার পুশান চলচ্চিত্র উত্সবের সমাপনী দিনে বিশেষ প্রদর্শনী হয়েছে ছবিটির। দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে বিচারকদের বিশেষ সম্মাননা পেয়েছে। কিম কি-দুক, লি চ্যান ডং প্রমুখ বিশ্বখ্যাত নির্মাতাদের চোখে বাংলাদেশের এ ছবিটি এক কথায় ‘দারুণ!’ তার পরও প্রশ্নকর্তার ভূমিকা পালন করতে গিয়ে তীর্যক একটি জিজ্ঞাসা ছুড়লেন ফারুকী, ‘হলে গিয়ে টেলিভিশন মানুষ কেন দেখবেন?’আমাদের কাজ কমে গেছে। নিজের প্রশ্নে এবার নিজেই জবাব দিচ্ছেন, ‘ছবিতে হিউমার আছে। বাঙালির চিরায়ত আবেগ আছে। আছে জমজমাট গল্প। আমি মনে করি, একটি ছবি একজন চিত্রনির্মাতার ব্যক্তিত্বের অনুবাদ। ব্যক্তিজীবনে আমি যেমন ইমোশনাল ও হিউমারাস, আমার ছবিতেও তেমনি আছে আবেগ ও হিউমার।’টেলিভিশন ছবিতে আছে সরয়ার ফারুকীর বাবা আবদুর রব ফারুকীর জীবনের কিছু ঘটনা। সেই সঙ্গে নির্মাতার নিজের জীবনও কী নেই সেখানে? ‘আব্বার সঙ্গে আমার ছিল বিরোধ—প্রজন্মের দ্বন্দ্ব। ছোটবেলায় আমি অনেক আকাম করতাম। মানে আব্বার দৃষ্টিতে যেগুলো আকাম, আমার চোখে সেগুলোই ছিল “সুকাম”। একবার এক ঘটনায় আব্বা আমাকে অনেক মারলেন। খেপে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দেখাদেখি আব্বার নাম ধরে আমাদের বাড়ির দেয়ালে চিকা লিখলাম আমি, “রবের ফাঁসি চাই।” এ কাণ্ডে মায়ের কাছে গিয়ে হাউমাউ করে কাঁদলেন আব্বা। আর ওই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়েছিল আমার কিশোর মন।’এসব ঘটনা টেলিভিশন-এ আছে কি না, দর্শক, জানতে হলে ছবিটি হলে গিয়ে দেখতে হবে আপনাকে। কারণ, ফারুকী পণ করেছেন, ছবির গল্প সম্পর্কে টুঁ শব্দও করবেন না। এক কথায় শুধু বলেন, ‘এটি প্রজন্মের দূরত্বের গল্প।’ এর সঙ্গে যোগ করলেন আরও কয়েক লাইন, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর পর ২০০৯ থেকে একসঙ্গে বেশ কয়েকটি গল্প নিয়ে কাজ করছিলাম। এর মধ্যে টেলিভিশন-এর গল্প অনেক রাতেই আমাকে ঘুমাতে দেয়নি। ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। তাই শেষমেশ এ গল্প নিয়েই কাজ শুরু করি। গ্রামের পটভূমিতে গড়ে উঠেছে এর কাহিনি। শুটিং করেছি মুন্সিগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালীর অজপাড়াগাঁয়। আর শেষ অংশের শুটিং হয়েছে ঢাকায়।’টেলিভিশন-এর কাহিনি লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী দুজনে মিলে। আর ছবিটি বানাতে গিয়ে গ্রামকে যেন ‘আবিষ্কার’ করেছেন নির্মাতা। তাঁর মুখের কথা তুলে দিচ্ছি, ‘আমি বড় হয়েছি ঢাকার নাখালপাড়ায়। সেভাবে গ্রাম দেখিনি। এ ছবি করতে গিয়ে দেখলাম, গ্রামের মানুষ কত বিচিত্র, তাঁদের চরিত্র কতটা ইমোশনাল! আসলে বিটিভির নাটক বা বাংলা সিনেমায় আমরা যে গ্রাম দেখেছি, সেটা নীরব, শান্ত, সরল। কিন্তু এটি মোটেও এমন নয়, এখানেও আছে জট-জটিলতা। গ্রামের মানুষের মধ্যে রয়েছে অনেক বেশি বঙ্গরস।’আড্ডায় নানা রঙ্গ-রসিকতা করতে করতেই বলে চলেছেন ফারুকী। কখনো বলছেন, ছবিতে প্রেমে ছ্যাঁকা খেয়ে কীভাবে দেবদাস হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘দক্ষিণ এশিয়ায় দেবদাস হওয়ার দুটি নিয়ম— দেবদাসকে দাড়ি রাখতে হবে এবং অবশ্যই মদ খেতে হবে। তবে টেলিভিশন-এ ইচ্ছা থাকা সত্ত্বেও দেখতে ভালো না লাগার কারণে দাড়িওয়ালা চঞ্চলকে হাজির করা হয়নি।’ আবার মোশাররফ করিমের কথা যখন এল, তিনি অভিনয় করে দেখালেন, মদ খাওয়ার দৃশ্যে অভিনয় করতে গিয়ে মোশাররফ কেমন করে ঘুমকণ্ঠে নায়িকাকে ‘কোহিনূর কোহিনূর’ বলে ডেকেছিলেন। তারপর কীভাবেই বা ভুলে গিয়েছিলেন সংলাপ। আর এত কথার ভিড়ে নায়িকা তিশার কথা কি আসেনি? বহুবার এসেছে। এসেছে শাহির হুদা রুমি, জুঁই করিমসহ অন্যান্য অভিনেতার কথাও।মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে আড্ডায় মনে হলো, তাঁর টেলিভিশন মোটেই সাদা-কালো নয়, সম্পূর্ণ রঙিন, বর্ণিল। তাই কি তিনি বেশ উঁচু গলায় বলছেন, ‘ছবিটি একদমই অন্য রকম?’উত্তরের জন্য এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।