সম্ভাবনা ও ষড়যন্ত্রের মানবচিত্র

পিঁপড়ের মতো সরিবদ্ধ মানুষ। নানা রঙের পোশাক তাদের পরনে। কোথাও তারা দাঁড়িয়ে আছে পিরামিড আকৃতির স্থাপনার সামনে। কোথাও গোল হয়ে ঘিরে আছে বিশাল বৃক্ষ। এগিয়ে চলেছে বিশালাকার এক বাঁশ মাথায় তুলে নিয়ে। আবার কোথাও আকাশে উদিত সূর্য, সর্পিল গতিতে এঁকে-বেঁকে এগিয়ে চলছে তাদের সারি। লিলিপুটের কথা মনে হয় তাদের দেখে।
পৃথিবী বিপুল। কিন্তু এই ক্ষুদ্র ও মিলতি মানুষের প্রচণ্ড শক্তিই পৃথিবীকে বদলে দিয়ে চলেছে নিরন্তর। শিল্পী রা কাজল তাঁর সাম্প্রতিক কাজে যূথবদ্ধ মানুষের সেই অমিত শক্তিকেই যেন তুলে ধরলেন ভিন্ন আঙ্গিকে। ‘কন্সপিরেচুয়াল’ নামে তাঁর ৩৫তম একক প্রদর্শনী চলছে এখন ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে। প্রদর্শনীটি শুরু হয়েছিল ৩ মার্চ, আজ ২৩ মার্চ এটি শেষ হচ্ছে। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৪৫টি।
রা কাজল দীর্ঘ দিন থেকে ডেনমার্কপ্রবাসী। পথচিত্রের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। পৃথিবীর দীর্ঘতম পথচিত্র অঙ্কন করেছেন তিনি। তবে সেটিই তাঁর প্রধান কাজ নয়। বাঁশ ও পাথরের ভাস্কর্য, ছাপচিত্র, জল রং, তেল রং অ্যাক্রিলিক নানা মাধ্যমের কাজেই তিনি সাবলীল।
রা কাজল নির্দিষ্ট ধারাক্রম অনুসারে তার কাজের বিবর্তন অব্যাহত রেখেছেন। তিনি কাজ করেন কোনো একটি ভাবনা ও বিষয়কে কেন্দ্র করে। আপাত দৃষ্টিতে সমাজের যে বাস্তবতা পরিলক্ষিত, তিনি তার গভীরে গিয়ে অনুসন্ধান করে তুলে আনেন ভেতরের প্রকৃত সত্তাকে। কখনো তাঁর দৃষ্টি গবেষকের মতো সত্যানুসন্ধানী, কখনো তাতে মিশে থাকে তীব্র বিদ্রূপ বা সরস পরিহাসের আভাস। এসব নিয়েই নিজের শিল্প-ভুবন গড়ে তুলেছেন রা কাজল। তাঁর আগের প্রদর্শনীগুলো শিরোনাম থেকেও তাঁর শিল্প ভাবনা সম্পর্কে ধারণা মিলবে। ‘ডেমোক্রেজি’ নামের প্রদর্শনীটি করেছিলেন ২০০০ সালে। সেখানে প্রকৃত গণতন্ত্র এবং গণতন্ত্রের নামে যে সহিংস ঘটনা ঘটে থাকে সেই বিষয়কেই তুলে এনেছিলেন। পরের বছর করেছিলেন ধর্মীয় উন্মাদনা ও সাম্প্রদায়িকতাকে মূল ভাবনায় রেখে ‘কিলিজিয়ন’। এরপর ২০০৮ সালে করলেন ‘ইভিলাইজেশন’ সভ্যতা ও বিকার ছিল তাঁর বক্তব্য বিষয়। এবার ‘কন্সপিরেচুয়ালে’ তিনি দেখাতে চেয়েছেন এই সভ্যতা, প্রগতি, মহান পরিকল্পনার এসবের অন্তরালে ক্রিয়াশীল রয়েছে একটি বিপরীত শক্তি। নেপথ্যে চলছে প্রবল শক্তিশালী দুরভিসন্ধি ও ষড়যন্ত্রের প্রক্রিয়া।
এবারের কাজগুলো একেবারেই আলাদা। সবগুলো কাজই কাগজে। মানুষ এঁকেছেন অ্যাক্রিলিক, জল রং, রঙিন পেনসিলে। অঙ্কনে তিনি বরাবরই সিদ্ধহস্ত। ছোট ছোট মানুষের মাথাগুলো আবার কাজগের নিচ থেকে চাপ দিয়ে অ্যাম্বসের মতো করে স্ফীত করে তোলা। আর পটের বেশির ভাগজুড়ে সাদা কাগজে গাছ, সূর্য, পিরামিড, চতুর্ভুজ বা জ্যামিতি নকশা ফুটিয়ে তোলা হয়েছে ধাতব পাতের ওপর মূল নকশা করে তার ওপর কাগজটি বিছিয়ে চাপ দিয়ে। ফলে এসব নকশায় কোনো রং নেই, আছে স্পষ্ট, তীব্র, তীক্ষ রেখা। অনেকটা অংশ সাদা নকশার জমিন। তার নিচে বা আশপাশজুড়ে এই রঙিন মানুষের সারি দৃষ্টিনন্দন ব্যঞ্জনার সৃষ্টি করে। এ ছাড়া কিছু কাজ আছে রঙিন পেনসিলে আঁকা। হাতির শুঁড়, পেঁয়াজ বা এ ধরনের কিছু কন্দ, কিছু চেনা ফলের আদল ইত্যাদি। এগুলোও ঘিরে আছে ক্ষুদ্রাকৃতির মানুষ।
রা কাজল জানালেন, শুধু বিষয় নয়, এবারের প্রদর্শনী করতে গিয়ে মাধ্যমেও নতুনত্ব আনার চেষ্টা করেছেন তিনি। মানুষের এই সারির মধ্য দিয়ে সংখ্যাতত্ত্বের বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন। এখন মানুষ ‘ভার্চুয়াল’ জগতের বাসিন্দা হয়ে পড়েছে। দিনরাত বেশির ভাগ সময় কাটে কম্পিউটারে। মাউসে ক্লিক করা, সেল ফোনের বোতাম চাপা বা পর্দায় আঙুলের স্পর্শ করাই হয়ে উঠেছে প্রধান কাজ। সে কারণে প্রদর্শনীর কাজগুলোর করণ-কৌশলেও তিনি এই ‘চাপ দেওয়া’ ও ‘স্পর্শ করা’ বিষয়টিকে ব্যবহার করেছেন। নতুন মাধ্যমের এই নিরীক্ষা তাঁর সৃজনসম্ভারে চমৎকার বৈচিত্র্যের সংযোজন করেছে।
রা কাজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট (বর্তমানে অনুষদ) থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। পরে উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন গ্রাফিক আর্টের ওপর। বর্তমানে তিনি ডেনমার্কে স্বাধীনভাবে শিল্পচর্চা করছেন। এবারের প্রদর্শনীর কাজগুলোর বৈশিষ্ট্যই এমন যে তা দর্শকদের স্মৃতিতে থাকবে অনেক দিন।