সম্মাননা নিতে এসে গান শোনালেন রুনা

মঞ্চে গাইতে আসবেন রুনা লায়লা। এমন ঘোষণাই দিলেন দুই উপস্থাপক অভিনেতা রিয়াজ ও নাবিলা। স্বাভাবিকভাবেই দর্শকদের মনে জাগল প্রাণচাঞ্চল্য। কিন্তু মঞ্চে রুনা আসার আগেই উপস্থাপকেরা জানিয়ে দিলেন কিংবদন্তি এ সংগীতশিল্পী গাইবেন মাত্র একটি গান! কিন্তু একটি গানে কি আর হলভর্তি দর্শকের ক্ষুধা মেটে। এক দর্শকতো অভিমান করে বলেই ফেললেন, ‘মাত্র একটা গান! শুনবই না।’ এমন অভিমানী দর্শকদের মনের ভাব এই গুণী শিল্পী বুঝতে পেরেছিলেন কিনা কে জানে! কিংবদন্তি এই সংগীতশিল্পী একে একে শোনালেন আরও বেশ কয়েকটি গান।
গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল আমিন জুয়েলার্সের ৫০ বছর পূর্তি উৎসব। ২৭ গুণীকে এই অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়। তাঁদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় তিন লাখ টাকা ও সোনার মেডেল। সেই গুণীদের তালিকায় ছিলেন সংগীতশিল্পী রুনা লায়লাও। সম্মাননা পেয়েছেন রুনা লায়লা আর দর্শক পেয়েছেন সরাসরি তাঁর গান শোনার সুযোগ।
রুনা লায়লা শুরু করেছিলেন, ‘যখন থামবে কোলাহল’ গানটি দিয়ে। এরপর তিনি গেয়েছিলেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’ গানটি। তারপর গেয়েছেন উর্দু গান।
অনুষ্ঠানে রুনা লায়লা ছাড়াও গান গেয়েছেন নজরুল সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা। তাঁর গাওয়া ‘রূপ নগরের রাজকন্যা’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন চাঁদনি। এ ছাড়া ইমরান, পড়শিও গেয়েছেন গান। আর নৃত্য পরিবেশন করেছেন অপি করিম।