সম্মাননা পাচ্ছেন হুমায়ূন আহমেদ, রাজ্জাক ও রুনা লায়লা

স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতির জন্য সম্মাননা জানানো হচ্ছে দেশ বরেণ্য বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে। এর মধ্যে আছেন দেশের কিংবদন্তি কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ, উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা ও দেশীয় চলচ্চিত্রের গুণী অভিনেতা রাজ্জাক। আর এঁদেরকে সম্মাননা প্রদান করবে অলংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমিন জুয়েলার্স। অলংকার ব্যবসায় ৫০ বছরপূর্তি উপলক্ষে তারা এই সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া সাংস্কৃতিক অঙ্গন থেকে আরও সম্মাননা জানানো হবে সুধীন দাশ (নজরুল সংগীতশিল্পী), সৈয়দ শামসুল হক (কবি, নাট্যকার ও কথাসাহিত্যিক), হাসান আজিজুল হক (কথাসাহিত্যিক), মহাদেব সাহা (কবি ও সাংবাদিক), মুর্তজা বশীর (চিত্রশিল্পী), মুস্তাফা মনোয়ার (চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব) ও সুকুমার বড়ুয়া (ছড়াকার)।
আগামী ২ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এ আয়োজন করা হয়েছে সম্মাননা প্রদানের এই অনুষ্ঠান। এতে অতিথি হিসেবে থাকছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আমিন জুয়েলার্সের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, জুরি বোর্ডের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে গান গাইবেন রুনা লায়লা। তার আগে ওয়াসেকের কোরিওগ্রাফিতে দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশনায় অংশ নেবেন অপি করিম। পাহাড়ি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন পার্বত্য অঞ্চল থেকে আসা নৃত্যশিল্পীরা। আরও গান গাইবেন ইমরান ও পড়শি, সঙ্গে খালেদ মাহমুদের কোরিওগ্রাফিতে নৃত্যে থাকবেন এক্সট্রিম ড্যান্স গ্রুপের শিল্পীরা। ‘রূপনগরের রাজকন্যা’ গানের সঙ্গে নাচবেন শখ। সঙ্গে থাকবেন এক ঝাঁক নৃত্যশিল্পী। এ ছাড়া গান গাইবেন ফাতেমা তুজ জোহরা।
সম্মাননা পেতে যাওয়া অন্য গুণীজনেরা হলেন আ ক ম যাকারিয়া (প্রত্নতত্ত্ববিদ), অধ্যাপক আনিসুজ্জামান (শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী), আশালতা বৈদ্য (মুক্তিযোদ্ধা), এ এম হারুন অর রশিদ (বিজ্ঞান ও প্রযুক্তিবিদ), এ কে আজাদ খান (চিকিৎসক), কাঁকন বিবি (মুক্তিযোদ্ধা), জামিলুর রেজা চৌধুরী (পুরকৌশলী), তোফায়েল আহমেদ (রাজনীতিবিদ), তোয়াব খান (সাংবাদিক), দ্বিজেন শর্মা (প্রকৃতিবিদ), নূরজাহান বেগম (সাংবাদিক), প্রতিভা মুৎসুদ্দি (ভাষা সৈনিক), ফজলে হাসান আবেদ (সমাজকর্ম ও উন্নয়ন ব্যক্তিত্ব), যতীন সরকার (চিন্তাবিদ ও লেখক), ব্যারিস্টার রফিক-উল হক (আইনজীবী), সাইদা খানম (ফটো সাংবাদিক) এবং সিরাজুল ইসলাম চৌধুরী (শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী)।