সম্মাননা পেলেন ফেরদৌসী মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিকের নাট্যোৎসবে ফেরদৌসী মজুমদার পেলেন সন্মাননা l ছবি: প্রথম আলো
নাগরিকের নাট্যোৎসবে ফেরদৌসী মজুমদার পেলেন সন্মাননা l ছবি: প্রথম আলো

‘হেলু, আমার নাম কোকিলা। আপনার লগে কেউ কতা কয় না। কন বাই, আপনে আমার লগে কতা কন।’ টেলিফোনের ওপারের একটি নিঃসঙ্গ মানুষের জন্য যেন অশেষ মমতা কোকিলার। নন্দিত অভিনেত্রী ফেরদৌসী মজুমদারের এই একক অভিনয় কখনোই ভুলবেন না বাংলা নাটকের দর্শকেরা। তাঁকে গতকাল বুধবার আজীবন সম্মাননা দিয়েছে নাগরিক নাট্যাঙ্গন। একঝাঁক নাট্যজন মঞ্চে এসে তাঁকে সম্মান জানানোর আগে ওই একক অভিনয়টুকু করে দেখান তিনি।
গতকাল ছিল নাগরিক নাট্যাঙ্গনের ২০ বছর পূর্তি নাট্যোৎসব ২০১৫-এর উদ্বোধন। ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানের মধ্য দিয়ে বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার আঙিনায় অনুষ্ঠান শুরু করেন নাগরিক নাট্যাঙ্গনের কর্মীরা। প্রদীপে আগুনের পরশ দিয়ে উৎসব উদ্বোধন করেন অতিথিরা। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাট্যজন ইনামুল হক, আতাউর রহমান, গোলাম কুদ্দুছ, আখতারুজ্জামান, ঝুনা চৌধুরী, হাসান ইমাম, গাজী রাকায়েত, কেরামত মওলা, মান্নান হীরা, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
উদ্বোধনের পর মঞ্চে আসেন ফেরদৌসী মজুমদার। তিনি বলেন, ‘সবচেয়ে বেশি উৎসাহ পাই দর্শকদের কাছ থেকে। দর্শক থাকলে আমি থাকি, নইলে থাকি না। প্রত্যাশা, অভিনয় করতে করতেই যেন পরপারে চলে যাই।’
প্রধান অতিথি হাসানুল হক ইনু বলেন, ‘আপনাদের মাঝে এলে আমার হৃদয় প্রসারিত হয়। রাজনীতিকদের বলি, সন্ধ্যার পর একটু নাটক পাড়াটা ঘুরে যাবেন। তাঁরা আসেন না।’ ইনু বলেন, ‘রাজনীতির পালাবদলে রাজনীতিকেরা আপস করেছে, নাট্যকর্মীরা কখনোই করে না। বাংলাদেশের আত্মাকে পরিশুদ্ধ করেছে তারা।’
গতকাল দেখানো হয় ঢাকা থিয়েটারের নাটক গল্প নিয়ে গল্প এবং ইতি পত্রমিতা। আজ মূল মঞ্চে দেখানো হবে সময় নাট্যদলের নাটক শেষ সংলাপ।