সম্মাননা পেলেন বন্যা ও সাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গতকাল খামখেয়ালি সভা রবীন্দ্র গুণী সম্মাননা দেয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাদি মহম্মদকে l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে গতকাল খামখেয়ালি সভা রবীন্দ্র গুণী সম্মাননা দেয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাদি মহম্মদকে l ছবি: প্রথম আলো

আয়োজনটি খামখেয়ালি সভার। যদিও ব্যানারে লেখা ছিল একেবারেই খামখেয়ালি কোনো বিষয় নয়। রবীন্দ্রচর্চাই যাদের আসল কাজ। এ নামেই যে ছিল রবীন্দ্রনাথের একটি সংগঠন। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ সংগঠন রবীন্দ্র গুণী সম্মাননা দেয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাদি মহম্মদকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনের সাংস্কৃতিক কাউন্সিলর জয়শ্রী কুন্ডু। সভাপতিত্ব করেন খামখেয়ালি সভার সভাপতি মাহমুদ হাশিম।
অনুভূতি জানাতে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘সম্মানের জন্য কতটুকু যোগ্য সে কথা বলব না। শুধু এই সম্মাননা দেওয়ার জন্য ধন্যবাদ।’ সাদি বলেন, ‘দীর্ঘদিন চলার পথের সাথি বন্যা। ওর সঙ্গে সম্মাননা পেয়ে ভালো লাগছে।’
অনুষ্ঠানের শুরুতে ছিল নৃত্যনন্দনের পরিবেশনায় নাচ। শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় বৃন্দ নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা। নাচ শেষে গান। একক কণ্ঠে গান শোনান জাকির হোসেন ও অনিরুদ্ধ সেনগুপ্ত। তাঁদের কণ্ঠে গীত হয় ‘বিপুল তরঙ্গরে’, ‘আমায় থাকতে দে আপন মনে’ ও ‘চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে’। শিমুল মুস্তাফা পরিবেশন করেন রবীন্দ্রনাথের ‘বাঁশি’ কবিতাটি। তাঁর সঙ্গে গানে গানে সুরের স্নিগ্ধতা ছড়িয়ে দেন সালমা আকবর ও মকবুল হোসেন।

মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
আনন্দ আয়োজনে উদ্যাপিত হলো মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার বিকেলে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি অধ্যাপক মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্।
অনুষ্ঠানে আবৃত্তি করেন আমন্ত্রিত জ্যেষ্ঠ আবৃত্তিকারেরা। দলীয় আবৃত্তি পরিবেশন করেন সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদ ও ঢাকা স্বরকল্পনের শিল্পীরা।