সম্মানসূচক অস্কার পাচ্ছেন জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। জনহিতকর কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই জোলিকে এ সম্মাননা দিচ্ছে অ্যাকাডেমি।
প্রতিষ্ঠানটির পঞ্চম বার্ষিক গভর্নরস পুরস্কার প্রদান অনুষ্ঠান থেকে আগামী ১৬ নভেম্বর জোলিকে এই বিশেষ সম্মাননা জ্যঁ হারসহল্ট হিউম্যানিটেরিয়ান পুরস্কার দেওয়া হবে।
জোলির পাশাপাশি এ বছর অস্কারের বিশেষ সম্মাননা পাচ্ছেন এঞ্জেলা ল্যান্ডসবারি, স্টিভ মার্টিন ও পিয়েরো তোসি।
এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় জোলি লিখেছেন, ‘সম্মানসূচক অস্কারের জন্য অ্যাকাডেমি আমাকে মনোনীত করায় আমি অনেক গর্বিত ও আনন্দিত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। মার্টিন, ল্যান্ডসবারি ও তোসিকে অভিনন্দন।’ এক খবরে এমনটিই জানিয়েছে ‘এইচশোবিজ’।
অ্যাকাডেমির প্রেসিডেন্ট শেরিল বুন জানিয়েছেন, ‘নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে গভর্নরস পুরস্কার দেওয়া হয়। এ বছর বিশেষ এ সম্মাননা পাওয়ার জন্য মনোনীত ব্যক্তিদের নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।’
চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত যেসব ব্যক্তি জনহিতকর কাজের মাধ্যমে চলচ্চিত্রশিল্পকে সম্মানিত করেছেন, তাঁদের জ্যঁ হারসহল্ট হিউম্যানিটেরিয়ান পুরস্কার দেওয়া হয়ে থাকে। এর আগে এ সম্মাননা পেয়েছেন মার্কিন টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, ড্রিম ওয়ার্কস অ্যানিমেশন প্রতিষ্ঠানের সিইও জেফরি ক্যাটজেনবার্গ প্রমুখ।