সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ণিল শোভাযাত্রা

বিজয় দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। এবারও বিজয় দিবস উদ্যাপন করতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
এবার যুদ্ধাপরাধীদের বিচার পুরোপুরি করতে জঙ্গিবাদকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে জোট । মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক আন্দোলন অব্যাহত রাখা হবে বলে জানান জোটের নেতারা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ।
‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে জঙ্গিবাদকে দাঁড়াও রুখে’—শ্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এই শোভাযাত্রা শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর-মৎসভবন গিয়ে শাহবাগে হয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রামেন্দু মজুমদার স্বাধীন সার্বভৌম দেশ অর্জনের পথে জীবন উৎসর্গ করা ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো মা-বোনসহ স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, ‘এবারে বিজয় দিবসটিতে আমার মনে হচ্ছে আমরা নতুন করে বিজয় লাভ করেছি। এই জন্যই মনে হচ্ছে, আমাদের দীর্ঘদিনের যে দাবি যুদ্ধাপরাধী এবং বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার যেন এই বাংলার মাটিতে করা হয়-সেটা করা হয়েছে; সেই বিচারের কার্যক্রম চালু আছে।’
শোভাযাত্রায় সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, সহসভাপতি ঝুনা চৌধুরীসহ সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।
শোভাযাত্রাকে সফল করতে সংস্কৃতিকর্মীদের বিভিন্ন ধরনের সাজ-পোশাকে অংশ নিতে দেখা যায়। দেশের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী ও বিভিন্ন পেশার মানুষের পোশাকসহ বাংলার লোক আঙ্গিকের পোশাক পরে উল্লাসে মেতে ওঠেন বেশ ক’জন নাট্যকর্মী। শোভাযাত্রায় আবহমান বাংলা সংস্কৃতির ঢাক-ঢোল সানাই বাজানোর পাশাপাশি হাতে পোস্টার-ব্যানারসহ বিভিন্ন পোশাকে অনেক মূকাভিনয় শিল্পীকে বিজয়ের ‘ভি চিহ্ন’ দেখাতে দেখা যায়।
এতে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে বিভিন্ন সময়ে বাংলার স্বাধীনতা রক্ষার অগ্রদূত এবং বাঙালি চেতনা ও সংস্কৃতিতে উদ্বুদ্ধকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতিকৃতি বহন করেন সংস্কৃতিকর্মীরা।
এর মধ্যে মাস্টারদা সূর্যসেন, তিতুমীর, কাঙাল হরিনাথ, মুকুন্দ দাস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ প্রায় শতাধিক বাঙালি প্রাণপুরুষের প্রতিকৃতি স্থান পায়।