সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উত্সব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসবের উদ্বোধনীতে সমবেত নৃত্য
কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসবের উদ্বোধনীতে সমবেত নৃত্য

মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে আজ শুক্রবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব। এবারের উৎসবের স্লোগান ‘লাখো শহীদের আত্মদান, অফুরন্ত শক্তির আঁধার’। তিন দিনের এ আয়োজনে কবিতা-নাচ-গান-নাটকের ভাষায় শ্রদ্ধা জানানো হবে ৩০ লাখ শহীদ ও চার লাখ বীরাঙ্গনা মায়েদের। শহীদ মিনারের পাশাপাশি এ উত্সব আরও চলছে ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে। 

বর্ণিল বেলুন উড়িয়ে স্বাধীনতা উৎসবের উদ্বোধন করা হয়
বর্ণিল বেলুন উড়িয়ে স্বাধীনতা উৎসবের উদ্বোধন করা হয়

শুক্রবার বিকেলে বর্ণিল বেলুন উড়িয়ে স্বাধীনতা উৎসবের উদ্বোধন করেন ২৫ মার্চ কালরাতের গণহত্যার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের স্বত্বাধিকারী শহীদ মধুসূদন দের মেয়ে প্রতিভা রানি দে দাশ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আকহাম্উল্লাহ্ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা পরিবেশন করেন জাতীয় সংগীত ও স্বাধীনতার গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’। ‘আমরা পূবে পশ্চিমে’, ‘হিমালয় থেকে হঠাৎ বাংলাদেশ’ ও ‘জয় সত্যের জয়’ গানের সঙ্গে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন স্পন্দনের নৃত্যশিল্পীরা।
উদ্বোধন শেষে আয়োজনের দ্বিতীয় পর্বে দলীয় সংগীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও ঋষিজ শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করেন কল্যাণী ঘোষ, আবু বকর সিদ্দীক, সমর বড়ুয়া ও আরিফ রহমান। দলীয় আবৃত্তি পরিবেশন করে শ্রুতিঘর ও প্রকাশ। একক আবৃত্তি করেন আশরাফুল আলম। শিশুতোষ পরিবেশনা ছিল মৈত্রী শিশুদলের। পথনাটক পরিবেশন করে রঙ্গ পীঠ।

উদ্বোধনী পর্বে সমবেত সংগীত
উদ্বোধনী পর্বে সমবেত সংগীত