সম্রাট জাহাঙ্গীরের জন্মদিন উদ্যাপনে ‘শত জাহাঙ্গীর’
ব্যতিক্রমী এক অনুষ্ঠান হলো গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায়। দেশের ১০০ জাহাঙ্গীর মিলে ১০০ ছবির প্রদর্শনী করে উদ্যাপন করলেন মোগল সম্রাট নুরুদ্দীন মুহম্মদ জাহাঙ্গীরের ৪৪৪তম জন্মদিন। যাঁদের নামের আদ্য, মধ্য বা প্রান্তে ‘জাহাঙ্গীর’ আছে, তাঁরা মিলে জাহাঙ্গীর সার্কেল (মিতা) নামের একটি সংগঠন করেছেন। এই সংগঠনই তাদের প্রথম অনুষ্ঠান হিসেবে আয়োজন করেছিল মোগল সম্রাটের জন্মবার্ষিকী। তাদের সহযোগিতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। মোগল সম্রাট জাহাঙ্গীরের জন্ম ১৫৬৯ সালের ৩০ আগস্ট। জাহাঙ্গীর সার্কেল সম্রাটের জন্মদিন উপলক্ষে বিকেলে জাতীয় চিত্রশালা প্লাজায় আলোচনা সভা ও ১০০ মোগল মিনিয়েচার চিত্রকর্মের ডিজিটাল প্রিন্টের পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করে।অনুষ্ঠানে ‘মোগল চিত্রকলার উৎকর্ষ সাধনে সম্রাট জাহাঙ্গীর’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন মহসিন হোসাইন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়শা বেগম, অধ্যাপক বুলবন ওসমান, সমর পাল, ফিরোজ মাহমুদ, সার্কেলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্যসচিব জাহাঙ্গীর কবির প্রমুখ। সভাপতিত্ব করেন সার্কেলের সভাপতি মোস্তফা জাহাঙ্গীর আলম।আয়োজকেরা জানান, একই নামের ব্যক্তিদের নিয়ে বিশ্বে এ ধরনের সংগঠন এই প্রথম। গত ১২-১২-২০১২ তারিখে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সম্রাট জাহাঙ্গীরের জন্মদিন উদ্যাপনের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। তাঁরা পর্যায়ক্রমে বিশ্বের সব জাহাঙ্গীর নামের ব্যক্তিদের এ সংগঠনের অন্তর্ভুক্ত করার চেষ্টা করে যাবেন। আপাতত দেশের এক হাজারের অধিক জাহাঙ্গীর সংগঠনের অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁদের মধ্য থেকে শত জাহাঙ্গীর মিলে এ অনুষ্ঠান করছেন। পরে তাঁরা বিভিন্ন সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন।