সময় এখন অ্যাডেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে কষ্ট পাওয়া ভালো। ভালো বিরহের নীলকণ্ঠ পান, কিংবা বিচ্ছেদের নীল আগুনে পুড়ে খাক হওয়া। সেই ছাইভস্ম থেকে ফিনিক্স পাখির মতো যে শিল্প জন্ম নেয়, তা যে অমর হয়ে থাকে। কারণ, সেই আবেগে খাদ থাকে না একরত্তিও। আর সেই আবেগের সুর এতটাই সহজিয়া হয়, হূদয়ে আলোড়নের ঢেউ তোলে সবার। অ্যাডেলে যেন প্রমাণ করলেন সেটাই!২৩ বছর বয়সী এই ব্রিটিশ সংগীতশিল্পী বিচ্ছেদের আগুনে পোড়ার পর সেই অনুভূতি ছড়িয়ে দিয়েছেন কথা ও সুরে। সেখান থেকেই জন্ম তাঁর দ্বিতীয় অ্যালবাম টোয়েন্টি ওয়ান-এর। ২০০৮ সালে অভিষেক হয়েছিল নাইনটিন দিয়ে। এবারও বিজোড় সংখ্যা দিয়ে নাম। নাইনটিন তাঁকে পুরস্কার এনে দিয়েছিল গ্র্যামির বর্ষসেরা নতুন শিল্পী বিভাগে। আর টোয়েন্টি ওয়ান খুব সম্ভবত তাঁকে এনে দিতে চলেছে বর্ষসেরা শিল্পীরই। গ্র্যামির ফল ঘোষণা হবে অবশ্য আগামী ফেব্রুয়ারিতে। তবে এর আগেই একের পর এক ‘ইতিহাস’ গড়ে চলেছেন অ্যাডেলে।গত শুক্রবার বিলবোর্ড-এর ইতিহাসে প্রথম নারী শিল্পী হিসেবে যেমন একই সঙ্গে তিনটি বিভাগে সেরা হলেন। সেরা শিল্পী হয়েছেন, টোয়েন্টি ওয়ান নির্বাচিত হয়েছে সেরা অ্যালবাম হিসেবে এবং ‘রোলিং ইন দ্য ডিপ’ নির্বাচিত হয়েছে সেরা সিঙ্গেল। সেরা দশের বাকিদের নামগুলোর দিকে তাকালেই বোঝা যাবে, অ্যাডেলের শীর্ষে থাকার মাহাত্ম্যটা—রিহান্না, কেটি পেরি, লেডি গাগা, নিকি মিনাজ, টেলর সুইফট, জাস্টিন বিবার, ক্রিস ব্রাউন, লিল ওয়েইন ও ব্রনো মার্স। তাঁর এই সাফল্যের ট্রেন আসলে ছুটছে বেশ কিছুদিন ধরেই। কদিন আগেই রোলিং স্টোন সাময়িকীর তালিকায়ও ২০১১ সালের সেরা অ্যালবাম হিসেবে শীর্ষে উঠে এসেছে তাঁর টোয়েন্টি ওয়ান। ‘রোলিং ইন দ্য ডিপ’ নির্বাচিত হয়েছে সেরা সিঙ্গেলও। এখানে অবশ্য ইতিহাস-টিতিহাস কিছু গড়া হয়নি। তবে সেটি তিনি গড়েছেন আই-টিউনের হিসাবে। আই-টিউনের মিউজিক চার্টে ২০১১ সালে সবচেয়ে বেশি বিক্রীত সিঙ্গেল, সবচেয়ে বেশি বিক্রীত অ্যালবাম এবং আই-টিউন বর্ষসেরা শিল্পী—এই তিনটি মাইলফলক জিতেছেন। এই প্রথম আই-টিউনের তিন তিনটি মাইলফলক গেল একই শিল্পীর ঝুলিতে।নিজের বিচ্ছেদের সুরকে যে কেউ এভাবে বাকি সবার হূদয়ে ছড়িয়ে দিতে পারে—এমন উদাহরণ বিশ্ব সংগীতশিল্পে খুব বেশি দেখা যায়নি। এই স্বীকৃতি দিয়ে রোলিং স্টোন সাময়িকীর সম্পাদক লিখেছেন, ‘টোয়েন্টি ওয়ান এ বছরের সবচেয়ে চমক জাগানো পপ-সাফল্য। নিজের ব্যক্তিগত দুঃখবোধ, ১৮ মাসের সম্পর্কের অকালমৃত্যুকে এই তরুণ ব্রিটিশ শিল্পী এক কোটি ৩০ লাখ অ্যালবাম বিক্রির সাফল্যে নিয়ে গেছেন। তাঁর গান টিনএজ কিশোর থেকে তরুণ হূদয়—আলোড়িত করেছে সবাইকেই। দেশ আর সমুদ্রের সীমা পেরিয়ে তিনি পৌঁছে গেছেন সবার কাছে।’বিলবোর্ড-এর সম্পাদক টাই কমার আবার অ্যাডেলেকে বলেছেন ‘এক দমক তাজা বাতাস’। পপশিল্পীদের যে বিশেষ ধরনের পোশাক-আশাক থাকতে হবে, যে ধারা চালু হয়েছে লেডি গাগা, রিহান্না আর কেটি পেরিদের দিয়ে—সেই চলটাই যেন পাল্টে দিলেন অ্যাডেলে। রয়টার্সকে কমার বলেছেন, ‘তাঁর সাফল্য সত্যিই অনুপ্রেরণাব্যঞ্জক। কারণ, এতে আবারও প্রমাণিত হয়েছে, সেসব শিল্পীর জায়গা এখনো সংগীতশিল্পে আছে, যাঁরা নিখাদ, স্বতন্ত্র প্রতিভার অধিকারী। জঘন্য পোশাক আর চটকদার ভিডিও ছাড়াও যে সাফল্য পাওয়া যায়, সেটিই তিনি দেখিয়ে দিলেন।’ রয়টার্স অবলম্বনে