সময় এখন উডলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেলিন উডলি
শেলিন উডলি

গল্পটা আপনাদের চেনা চেনা ঠেকতেও পারে।
উঠতি অভিনেত্রী ক্যারিয়ারের শুরুতেই হুট করে পেয়ে গেল অপ্রত্যাশিত ‘ব্রেক’। বিরাট বড় ব্যানারের কোনো ছবি। চরিত্রটা ‘একটু’ ছোট। তা হোক। এ নিয়ে মন খারাপের চেয়ে বড় ছবিতে সুযোগ পাওয়ার আনন্দেই আচ্ছন্ন সেই অভিনেত্রী।
প্রতিদিন শুটিং শেষে বাড়ি ফিরে সবার সঙ্গে সে কী গল্প! একসময় শুটিং শেষ হলো। মুক্তি পেল ছবি। পরিবারের সবাইকে নিয়ে সেই অভিনেত্রীটিও গেল ছবিটি দেখতে। দুরু দুরু বুকে অপেক্ষা। কখন বিরাট পর্দায় ভেসে উঠবে তার মুখ!
অবশেষে! না, অভিনেত্রীটি আবিষ্কার করল, তার অভিনীত দৃশ্যগুলো সব কেটে বাদ দেওয়া হয়েছে। পুরো ছবির কোথাও সে নেই!
এমনটা শুধু রুপালি পর্দাতে কিংবা গল্প-উপন্যাসেই হয় ভেবে নেবেন না। কারো কারো জীবনের সত্যিকারের গল্পেও এমন প্লট সাজানো থাকে। শেলিন উডলিই এর সবচেয়ে বড় প্রমাণ।

২.
এখনো জুন পেরোয়নি। তার পরও বলে দেওয়া যায়, ২০১৪ সালটি আসলে উডলিরই। দু-দুটো আলোচিত ছবি এরই মধ্যে মুক্তি পেয়েছে। ডাইভারজেন্ট-এর পর এ মাসে মুক্তি পেল দ্য ফল্ট ইন আওয়ার স্টারস। দুটো নয়, উডলি গর্ব করে বলতে পারতেন, এ বছর তাঁর তিন-তিনটি দুর্দান্ত ব্যবসাসফল ছবি মুক্তি পেয়েছে। কিন্তু পারলেন না। দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান টু-এ ম্যারি জেন ওয়াটসন চরিত্রে বেশ কয়েকটি দৃশ্যে অভিনয় করেছিলেন। কিন্তু পরিচালক মার্ক ওয়েব শেষ পর্যন্ত বাদ দেন দৃশ্যগুলো!

‘খবরটা শোনার পর প্রথম কয়েকটা ঘণ্টা তো ঝিম মেরে বসে ছিলাম। মনে হচ্ছিল, হায় ঈশ্বর, আমি কি এতটাই জঘন্য ছিলাম? আমার দৃশ্যগুলো ছেঁটে ফেলল কেন ওরা? মানুষ এখন কী ভাববে!’—ভ্যানিটি ফেয়ার-এর জুলাই সংখ্যার সাক্ষাৎকারে বলেছেন উডলি।
এ নিয়ে উডলির মনে কোনো আক্ষেপ যদি থেকেও থাকে, সেটি কর্পূরের মতো উবে গেছে দ্য ফল্ট ইন আওয়ার স্টারস-এর অবিশ্বাস্য সাফল্যে। জন গ্রিনের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে, রোমান্টিক কমেডি-ড্রামা ধাঁচের ছবিটি মুক্তির পরপরই আলোড়ন তুলেছে। উঠে এসেছে বক্স অফিসের শীর্ষে। ১০ দিনেই কামিয়ে নিয়েছে নয় কোটি ডলার।
অসাধারণ এক প্রেমের গল্প। যে গল্পের কেন্দ্রে হ্যাজেল নামের এক ১৬ বছর বয়সী টিনএজার। এই গল্পে আছে অগাস্টাস ওয়াটার্স, সংক্ষেপে গাস। হ্যাজেলের কাছাকাছি বয়স। ক্যানসারের রোগী হ্যাজেলের সার্বক্ষণিক সঙ্গী অক্সিজেন মাস্ক, গাসের সঙ্গী নকল পা। দুজনের দেখা ক্যানসার সাপোর্ট গ্রুপে। কৈশোরের দুরন্ত প্রেম নিয়ে হলিউডে অনেক ছবিই হয়েছে। কিন্তু এমন অদ্ভুত সমীকরণের সামনে দর্শকদের কখনো ফেলা হয়নি!
এই ছবি দিয়ে ২২ বছর বয়সী উডলির ক্যারিয়ার এক রকম পোক্ত হয়ে উঠল। স্কুলশিক্ষক বাবা-মায়ের মেয়ে উডলির যে ক্যারিয়ারের যাত্রা আসলে শুরু হয়েছিল মাত্র চার বছর বয়সে, মডেলিংয়ের মাধ্যমে। ছোট পর্দার দর্শকদের কাছেও তিনি চেনা মুখ। ১৩ বছর বয়সে কাজ করেছেন আ প্যালেস কলড হোম-এ। সর্বশেষ দ্য সিক্রেট লাইফ অব দি আমেরিকান টিনএজার সিরিজে অভিনয় করেছেন অ্যামির চরিত্রে।

শেলিন উডলি
শেলিন উডলি

ছোট পর্দা থেকে বড় পর্দায় ক্যারিয়ার শুরুর অভিজ্ঞতা অনেকের জন্যই সুখকর হয় না। তার চেয়েও বড় কথা, নিজের সামর্থ্য নিয়েই সংশয় ছিল তাঁর। ২০১১ সালের আলোচিত ছবি দ্য ডিসেড্যান্টস দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এ পথে আর পা বাড়াবেন না বলেই ঠিক করেছিলেন।
‘পাছে লোকে কিছু বলে’ এ নিয়ে সব সময়ই তটস্থ থাকতেন। আত্মসম্মানবোধ সব সময়ই সুচবিদ্ধ যন্ত্রণা এনে দিত। প্রত্যাখ্যাত হওয়ার অপমান সহ্য করার চেয়ে না চাওয়াই ভালো—এই দর্শনেই তাঁর বিশ্বাস। এ কারণেই কিছু করে লোক হাসানোর চেয়ে না করাতেই তাঁর সুখ।
স্পাইডারম্যান করতে গিয়ে তিতকুটে অভিজ্ঞতা হয়েছে। দ্য ডিসেড্যান্টস আবার এনে দিয়েছে অন্য রকম চাপ—প্রত্যাশার। ‘ওই ছবির পর একজন আমাকে বলল, ‘তোমার পরের ছবিটা দেখার জন্য আমার আর তর সইছে না। মুখিয়ে আছি তুমি কী করো দেখার জন্য।’ এটাকে আমি চাপ হিসেবে নিয়েছিলাম। মনে হয়েছিল, আমাকে এখন অন্যের প্রত্যাশা পূরণ করতে হবে! কয়েকটা মাস শুধু এই ভেবে ভেবেই কাটিয়ে দিয়েছি, আমার আর অভিনয় করে কাজ নেই। কিন্তু পরে বুঝতে পেরেছি, কে কী ভাবল-না ভাবল এ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমাকে আমার কাজটা করে যেতে হবে।’
উডলি হয়তো অভিনয় ছেড়েই দিতেন। দেননি যে এর পেছনে অবদান আছে আরও একজনের। যাঁকে উডলি বলেন ‘অ্যাঞ্জেল’, দেবতা! জর্জ ক্লুনি। ভ্যানিটি ফেয়ারকে উডলি বলেছেন, ‘অনেকগুলো কারণেই তিনি আমার জীবনে একজন অ্যাঞ্জেলের মতো।’ একই সাময়িকীকে অন্য একটি সাক্ষাৎকারে ক্লুনি আবার বলেছিলেন, আর কোনো ছবি না করলেও আগামী ৪০ বছর উডলিকে সবাই মনে রাখবে। বলেছিলেন, ‘এত তরুণ একজনের মধ্যে এত কিছুর সমাবেশ আমি আগে কখনো দেখিনি।’
ক্লুনি যে পাকা জহুরি তার প্রমাণ তো বক্স অফিসই দিচ্ছে। যে ছবি আসতেই ছিটকে গেছে টম ক্রুজের এজ অব টুমরো । ফক্স নিউজ যে সংবাদ করেছে, সেটির ভদ্রস্থ শিরোনামও এমন: উডলি বক্স অফিসে ক্রুজের পশ্চাদ্দেশে লাথি কষলেন!
রাজীব হাসান
ভ্যানিটি ফেয়ার অবলম্বনে