সময় এখন জেপসেনের
হ্যাঁ, সময় এখন তাঁরই। তবে কিনা ‘ভালো সময়’ এবং ‘খারাপ সময়’—দুটোর মধ্যে দূরত্ব খুব বেশি নয়। একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কার্লি জেপসেনের জন্য আবার সেই মুদ্রাটি এক পাশে স্থির হয়ে নেই। খেলার শুরুতে বুড়ো আঙুলের ধাক্কায় শূন্যে নিক্ষিপ্ত মুদ্রাটি যেমন ঘুরতে থাকে, জেপসেনের সময় নির্ণায়ক মুদ্রায় তেমনিই ঘুরছে। সময় এখন তাঁরই, সেটা তাই একই সঙ্গে ভালো সময়, আবার খারাপ সময়ও!কানাডার ২৬ বছর বয়সী এই শিল্পীর আন্তর্জাতিক মঞ্চে উঠে আসাটা হয়েছে একেবারেই ধূমকেতুর মতো। পায়ের তলে মাটি জোগাড় করে নিতে সময় নেননি একদমই। ২০০৭ সালে সংগীতবিষয়ক প্রতিভা খোঁজার অনুষ্ঠান কানাডিয়ান আইডল-এ তৃতীয় হয়েছিলেন। সেটারই পুরস্কার হিসেবে অংশ নিয়েছিলেন ট্যুরেও। তখনই নজর কাড়েন। ২০০৮ সালে বেরোয় তাঁর প্রথম অ্যালবাম টাগ অব ওয়ার। না, তাঁকে নিয়ে টাগ অব ওয়ার শুরু হয়নি। তবে পায়ের তলের মাটিটা আরও একটু মজবুত হয়েছে। তিন বছর চুপটি মেরে বসে ছিলেন। সাফল্যের জোয়ারে ভাসতে গিয়ে এ ধরনের রিয়্যালিটি শো থেকে উঠে আসা শিল্পীরা শুরুর দিকে তাড়াহুড়ো করেন। একের পর এক অ্যালবাম বেরোতে থাকে। জেপসেন সেই ভুল করেননি। তিনি ভালো করেই জানেন, ‘স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস।’এ বছর বেরিয়েছে তাঁর নতুন সিঙ্গেল কল মি বেবি। ব্যস্, বাজিমাৎ! টানা সাত সপ্তাহ ধরে এই গানটি আছে বিলবোর্ডের হট ১০০ চার্টের শীর্ষে। জেপসেন ভেঙে দিয়েছেন লেডি গাগার রেকর্ড। গত বছর একই চার্টে গাগার ‘বর্ন দিস ওয়ে’ শীর্ষে ছিল ছয় সপ্তাহ।‘কল মি বেবি’ যুক্তরাষ্ট্রে এতটাই জনপ্রিয় হয়েছে, এই গানটি এখন যুক্তরাষ্ট্রের সাঁতার দলের আইপডে, করে জায়গা নিয়েছে লন্ডন অলিম্পিকেও! মাইকেল ফেল্প্স, রায়ান লোকিট, মিসি ফ্রাঙ্কলিনদের মতো তারকা সাঁতারুদের সবচেয়ে প্রিয় গান এখন এটাই। জেপসেন এরই মধ্যে কাজ শুরু করেছেন এই সময়ের সবচেয়ে সেনসেশন জাস্টিন বিবারের সঙ্গেও। জেপসেনের এই জনপ্রিয়তায় গাগা নাকি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন। অন্তত ঈর্ষার আগুনে যে পুড়ছেন, সেটা নিশ্চিত। এরই মধ্যে টুইটারে জেপসেনের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন গাগা। রেকর্ড ভেঙে দেওয়াটা মোটেও ভালোভাবে নেননি তিনি। ‘হুমকি’ দিয়ে টুইট করেছেন, ‘সাবধানে থেকো, আমি আসছি পাল্টা জবাব দিতে।’সবই তো সুসময়ের ইঙ্গিত। এর মধ্যে দুঃসময়ের পোড়ো বাতাস কোথায়? আছে! এরই মধ্যে রটে গেছে, জেপসেনের কিছু আপত্তিকর ভিডিও নাকি চলে এসেছে অনলাইনে। আছে তাঁর কিছু ছবিও, যেগুলো তাঁর ক্যারিয়ারের জন্য হতে পারে সর্বনাশী। জেপসেন অবশ্য দাবি করছেন, ছবি-ভিডিওর কোনোটাই তাঁর নয়। জেপসেনভক্তরা আশা করছেন, তাঁর কথাই যেন সত্যি হয়। হাসান রাজীব