সময় এখন জেসিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবতে অবাকই লাগে, তাঁকেই কিনা অচল মুদ্রা ভেবে পথের ধুলোয় অনাদরে ফেলে রেখেছিলেন একের পর এক পরিচালক ও প্রযোজক! এমন একটা সময় গেছে, পরিচালকদের কাছ থেকে স্রেফ অডিশনের ডাক পাওয়ার অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন। ডাক শুনে কেউ এগিয়ে না এলে একলাই চলতে হয়। জেসিকা চ্যাস্টেইন একলাই হেঁটেছেন দীর্ঘ ক্লান্ত পথ। অবশেষে পৌঁছেছেন স্বর্গের দুয়ারে। যে চ্যাস্টেইনের মধ্যে প্রতিভার ছিটেফোঁটাও খুঁজে পাননি দুঁদে পরিচালকেরা; সেই তাঁরই দুটো ছবি বক্স অফিসের শীর্ষ দুটো জায়গা দখল করে আছে এখন! দুই নম্বরে হরর ছবি মামা, তিনে লাদেন-বধের কাহিনি নিয়ে নির্মিত জিরো ডার্ক থার্টি।জিরো ডার্ক থার্টির জন্য গোল্ডেন গ্লোব জিতলেন মাত্র কদিন আগে। আছেন অস্কারের সেরা অভিনেত্রীর দৌড়ে। চ্যাস্টেইন জিততে পারেন বাফটা পুরস্কারও। গত বছর টেক শেল্টার, করিওলানুস, দ্য ডেট, দ্য ট্রি অব লাইফ ও দ্য হেল্প—এই পাঁচ ছবির কারণে বাসার ট্রফিকেস ভরে গিয়েছিল একের পর এক পুরস্কারে। এবারও জিরো ডার্ক থার্টি পূর্বাভাস দিচ্ছে পুরস্কারের ভারী বর্ষণের!মঞ্চকাঁপানো এই অভিনেত্রীর রুপালি পর্দায় অভিষেকই ২০০৮ সালে, ৩১ বছর বয়সে! প্রথমবারের মতো নজরে এসেছেন ২০১১ সালে। এ বছরই মুক্তি পায় ট্রি অব লাইফ ও দ্য হেল্প। এর মধ্যে দ্য হেল্প দিয়ে রীতিমতো হইচই ফেলে দেন। সেরা পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন পান অস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে। টাইম সাময়িকী ২০১২ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের একজন হিসেবে মনোনীত করে মার্কিন এই অভিনেত্রীকে।চ্যাস্টেইনের সাত-সাতটি ছবি মুক্তি পায় ২০১১ সালে। হলিউডে যে সংখ্যাটি সত্যিই অবিশ্বাস্য। এ বছর মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে আরও দুটো ছবি। বেশি বেশি কাজ করতে গিয়ে অভিনয়ের মানও যে হারিয়ে ফেলেননি, সেটির সাক্ষ্য দিচ্ছে অস্কার বা গোল্ডেন গ্লোব।মুখে অবশ্য বলছেন, পুরস্কারের লোভে কাজ করেন না। তবে এটাও বলতে বাধ্য হচ্ছেন, ‘আমি পুরস্কারের জন্য অভিনয় করি না। কিন্তু সমর্থন আর উৎসাহ পেলে নিজের মধ্যে আরও খোলতাই ভাব আসে, আবেগ আক্রান্ত করে। এ কারণেই গোল্ডেন গ্লোবে এতটা আবেগী ছিলাম। এই মুহূর্তে যে সমর্থনটা পাচ্ছি, মনে হচ্ছে আমি যে কোনো কিছু করতে পারি।’১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া বাবুর্চি মা এবং অগ্নিনির্বাপণ কর্মী বাবার মেয়ে চ্যাস্টেইন ছোট থেকেই স্বাধীনচেতা। সেই চরিত্রটির দেখা মিলবে জিরো ডার্ক থার্টির মায়ার মধ্যে। সিআইএ এজেন্ট মায়ারই অক্লান্ত পরিশ্রমের ফসল লাদেনের গোপন আস্তানা আবিষ্কার। ‘আসল মায়ার সঙ্গে এখনো আমার দেখা হয়নি। কারণ, সে এখনো সিআইএর হয়ে কাজ করছে। কিন্তু মাঝেমধ্যে আমার মনে হয়, আমরা যেন একই ঘরে একসময় থাকতাম’—বলেছেন চ্যাস্টেইন।৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এখন হলিউডের সেই সব বিরল নারী শিল্পীর একজন, যাঁদের কারণে চিত্রনাট্যে নারী চরিত্রটি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নির্মাতাদের। হলিউডে নারীরা বেশির ভাগই উপস্থাপিত হয়েছেন পর্দার জৌলুশ বাড়ানোর কাজে। কিন্তু সেই ধারায় এখন পরিবর্তনের ঢেউ দেখতে পাচ্ছেন চ্যাস্টেইন, ‘একটা সময় ছিল যখন ক্যাথরিন হেপবার্নদের মতো অভিনেত্রীরাই বক্স অফিসের সেরা তারকা ছিলেন, পুরুষেরা নন। কিন্তু এখন প্রযোজকেরা নারীপ্রধান ছবিতে লগ্নি করার ব্যাপারে খুব একটা উৎসাহ দেখান না। নারীদের প্রধানত দুইভাবে চিত্রায়িত করা হয় পর্দায়: পৌরুষময়-দৃঢ়চেতা কিংবা আবেদনময়ী। মায়া এর দুটোর কোনোটাই নয়। সে রূপ নয়, নিজের বুদ্ধিটাই ব্যবহার করে।’তাই বলে নারীর সৌন্দর্যের শক্তিকেও অস্বীকার করছেন না আগুন-লাল চুলের অধিকারিণী। নারী তো প্রেম আর ভালোবাসারও আধার। তবে সহ-অভিনেতা টম হিডেলস্টনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনটা উড়িয়েই দিলেন এই বলে, ‘মাথা খারাপ, এর জন্য সময় কোথায়?’ চ্যাস্টেইন অবশ্য নিজের ভালোবাসার নামটি এই ফাঁকে ফাঁস করে দিয়েছেন। তার নাম চ্যাপলিন—তাঁর তিন-পেয়ে পোষা কুকুর! এলএ টাইমস ও হলিউড রিপোর্টার অবলম্বনে