সময় এখন তাঁরই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য মনুমেন্টস মেন ছবিতে কেট ব্ল্যানচেটকে এভাবেই দেখতে পাবেন
দ্য মনুমেন্টস মেন ছবিতে কেট ব্ল্যানচেটকে এভাবেই দেখতে পাবেন

তাঁর বয়স তখন ১৮৷ ১৮ বছর বয়সটা পদাঘাতে পাথরের বাধা ভাঙতে চায় নিশ্চয়ই৷ বাড়ি থেকে পালিয়ে তিনি বেড়াতে গেলেন মিসরে৷ উঠেছিলেন সস্তার হোটেলে৷ সেখানেই পেয়ে গেলেন অভিনব প্রস্তাব-‘অভিনয় করবে?’ অভিনয়! সেটিও চলচ্চিত্রে! কেট ব্ল্যানচেট লাফিয়ে উঠেছিলেন আনন্দে৷
কথামতো পরদিন শুটিং স্পটে গিয়ে তাঁর চক্ষু চড়কগাছ৷ অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেটা ‘এক্সট্রা’র চরিত্রে৷ দৃশ্যটা ছিল এমন, এক আমেরিকান বক্সারের সঙ্গে এক মিসরীয় বক্সারের জোর লড়াই হচ্ছে৷ সেই লড়াই দেখতে গিজগিজে ভিড়৷ ভিড়ের মধ্যে সবাই হইহুল্লোড় করছে৷ সিটি বাজাচ্ছে, তালি দিচ্ছে৷ সেই ভিড়েরই একজন ব্ল্যানচেট!

কেট ব্ল্যানচেট
কেট ব্ল্যানচেট

কোনোমতে পালিয়ে বেঁচেছিলেন৷ তবে সেদিনের কথা এই ৪৪ বছর বয়সী অভিনেত্রী ভুলতে পারেন না আজও৷ হাজার হোক, প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ানো বলে কথা! না ভুলে যাওয়া সেই লোকটার কথাও ভুলতে পারেন না৷ হাজার হোক, তিনিই তো প্রথম দিয়েছিলেন প্রস্তাব৷ হোক না সেটা শেষ পর্যন্ত একরকম ছিল লজ্জার৷
সেই ভদ্রলোক এই ধরাধামে বেঁচে আছেন কি না, কে জানে৷ থাকলে দুই রকমের অভিজ্ঞতা হতে পারে তাঁর৷ লজ্জায় কুঁকড়ে যেতে পারেন এই ভেবে, ‘ছি ছি, কাকে দিয়ে কী করাতে চেয়েছি!’ কিংবা বুক চিতিয়ে বলতে পারেন, ‘আরে ভায়া, আমিই তো সেই জহুির! হীরাকে কাচ ভেবে ভুল করেছি হয়তো৷ কিন্তু প্রথম তো চিনেছি আমিই৷’
রত্ন তো বটেই৷ ব্ল্যানচেট এ সময়ে বাকি সবার চেয়ে এগিয়ে৷ মাত্র কদিন আগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন গোল্ডেন গ্লোবে৷ ব্লু জেসমিন ছবির জন্য এবারের অস্কারের দৌড়েও তিনি সবার সামনে আছেন বলেই পূর্বাভাস৷ ষষ্ঠবারের মতো অস্কার মনোনয়ন পেয়েছেন৷ এর মধ্যে ২০০৪ সালে জিতেছেন দি অ্যাভিয়েটর ছবির জন্য৷ পুরস্কারের ঝুলিতে আছে বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডও৷
২০১০ সালে রবিনহুড করার পর স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন৷ উদ্দেশ্য ছিল তিন ছেলেকে সময় দেবেন৷ সময় দেওয়ার ব্যাপারটা ছিল আরেক ‘সন্তান’ মঞ্চকে৷ মঞ্চেই তাঁর শুরু৷ টানটা তাই ভুলতে পারেন না৷ মঞ্চসূত্রেই প্রেম৷ সেখান থেকে বিয়ে৷ ১৬ বছরের সুখের সংসার৷ ব্লু জেসমিন দিয়ে গত বছর ফিরে এলেন৷ উডি অ্যালেনের ছবি বলে কথা৷ ‘না’ বলবেন কী করে? ভাগ্যিস, ছবিটা করতে রাজি হয়েছিলেন৷ কী অবিশ্বাস্য প্রত্যাবর্তন! আঙুলের রেখায়ও গুনে শেষ করা যাচ্ছে না এই ছবির জন্য কয়টা পুরস্কার পেয়েছেন৷ গুনে গুনে ক্লান্ত হয়ে শেষে জানা গেল, পুরস্কারের সংখ্যা ৩৩টি! আরও ১৩টি পুরস্কারের চূড়ান্ত ঘোষণা এখনো বাকি৷ বিভিন্ন অঙ্গনের তারকারা পুরস্কারের ট্রফি রাখার জন্য আলাদা শোকেস রাখেন৷ ব্ল্যানচেটের জন্য তো আলাদা একটা ঘরই লাগছে!
এই সাফল্যের মেঘে ভাসতে ভাসতেই আগামীকাল মুক্তি পাচ্ছে তাঁর আরেকটি ছবি৷ জর্জ ক্লুনির দ্য মনুমেন্টস মেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কাহিনি৷ তাই বলে যুদ্ধ আর কানে তালা লেগে যাওয়া অবিরাম গোলাগুলি কিংবা চোখে পীড়া দেওয়া রক্তপাতের গল্প নয়৷ গল্পটা একেবারেই অন্যরকম৷ ছবিতে রোজ ভ্যালাদ চরিত্রে অভিনয় করেছেন ব্ল্যানচেট৷ রোজ কাজ করেন ফ্রান্সের জু দে পুম জাদুঘরে৷ নাৎসি আগ্রাসনের সময় জাদুঘর থেকে জার্মান হানাদাররা কোন কোন শিল্পকর্ম এখান থেকে কোথায় কোথায় নিয়ে গেছে, সেটার গোপন তালিকা করে রেখেছেন৷ সেই তালিকা ধরে ধরে উদ্ধার করার মিশনে নামবেন সাতজন জাদুঘর পরিচালক৷ পরিচালকের পরিচয় পাল্টে তাঁরা হয়ে যাবেন যোদ্ধা৷
ক্লুনির সঙ্গে এর আগেও একটি ছবিতে কাজ করেছিলেন৷ কাকতালীয় ব্যাপার হলো, ২০০৬ সালের দ্য গুড জার্মান নামের সেই ছবির বিষয়বস্তু ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জার্মানি! ব্ল্যানচেট কৌতুক করে বলেছেন, ‘আমার স্বামী এই সেদিনও বলল, “আচ্ছা তোমার, ক্লুনির আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্পর্কটা কী বলো তো!”’ ভালো উত্তরও দিয়েছেন ব্ল্যানচেট৷ তাঁর নিজের তিন ছেলে৷ ক্লুনিরও তিন মেয়ে৷ ‘সামনের দিনগুলোতে অনেকগুলো অ্যারেঞ্জড ম্যারেজ হতে যাচ্ছে৷’ হাসতে হাসতে বলেছেন ব্ল্যানচেট৷
 রাজীব হাসান, টেলিগ্রাফ অবলম্বনে