সময় এখন রেবেকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশন: ইম্পসিবল-রোগ নেশন ছবিতে রেবেকা ফার্গুসন ও টম ক্রুজ
মিশন: ইম্পসিবল-রোগ নেশন ছবিতে রেবেকা ফার্গুসন ও টম ক্রুজ

এই কদিন আগেই মুক্তি পেয়েছে ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের পঞ্চম ছবি, মিশন: ইম্পসিবল-রোগ নেশন। টম ক্রুজ কী করেননি এই ছবিতে! বিশাল দালান থেকে লাফ দিয়েছেন, অতল সাগরে ডুব মেরেছেন, এমনকি উড়োজাহাজে ঝুলে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। কিন্তু এসব চোখ ধাঁধানো স্টান্টবাজির পরও তাঁর সঙ্গে পাল্লা দিয়ে, এমনকি বলা যায় তাঁকে ছাপিয়ে এই ছবিতে নজর কেড়েছেন রেবেকা ফার্গুসন, এই ছবির রহস্যময়ী নারী ইলসা ফস্ট! এর আগে তেমন কোনো বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি, কিন্তু মিশন: ইম্পসিবল-রোগ নেশন দিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে!

রেবেকা ফার্গুসন
রেবেকা ফার্গুসন

সুইডেনের স্টকহোমে জন্ম। বড় হয়েছেন সেখানেই। আর সেখানেই অভিনয়ের পাট শুরু রেবেকার। ১৯৯৯ সাল থেকে অভিনয় করছেন সুইডেনের বিভিন্ন টিভি সিরিজে আর সিনেমায়। কিন্তু হলিউডের রুপালি জগতে তাঁর পা পড়েছে গত বছর, হারকিউলিস ছবিতে ডুয়াইন জনসনের বিপরীতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়া ২০১৩ সালে টিভি সিরিজ দ্য হোয়াইট কুইন-এ অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়নও পান। এখানে তাঁকে দেখেই পরবর্তী ছবির জন্য মনে ধরে টমের।
একদম বলা যায় অচেনা মুখ, সেখান থেকেই এখন প্রদীপের আলোয় আসা। তবে যা দিয়ে পরিচিতি সেই মিশন: ইম্পসিবল-রোগ নেশন ছবির জন্য কষ্ট কম করেননি! টম ক্রুজের পাশাপাশি ছবিতে নিজের বেশির ভাগ ঝুঁকিপূর্ণ দৃশ্যে তিনি নিজেই অভিনয় করেছেন। একজন প্রশিক্ষিত যোদ্ধা হওয়ায় কাজটা নিখুঁতভাবেই করতে পেরেছেন। এ ছাড়া উচ্চতাভীতি নেই তাঁর। ভিয়েনা অপেরা হাউসের ১২০ ফুট ওপর থেকে ঝাঁপ দিয়েছেন, তা-ও আবার ছবির শুটিংয়ের একদম প্রথম দিনেই। এই ছবিতে তাঁর চরিত্রটি ইঙ্গমার বার্গম্যানের কালজয়ী ছবি ক্যাসাব্ল্যাঙ্কার ইলসা চরিত্রটি থেকে অনুপ্রাণিত। কাকতালীয় ব্যাপার হলো ছবির অনেকটা অংশের শুটিং হয়েছে মরক্কোর ক্যাসাব্ল্যাঙ্কা শহরে। আরও মজার বিষয় হলো, তিনি যখন এ ছবির জন্য যখন ডাক পান, তখন তিনি ছিলেন মরক্কোতে, আরেকটি ছবির শুটিং করছিলেন। উটের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, এমন সময়েই ডাক আসে টম ক্রুজের সঙ্গে দেখা করার। তারপর বাকি সব স্বপ্নের মতোই।
শুরুটা যেমনই হোক না কেন, মিশন: ইম্পসিবল-রোগ নেশন ছবির সাফল্যের পর আকাশে উড়ছেন রেবেকা! এখন কাজ করছেন মেরিল স্ট্রিপ আর হিউ গ্র্যান্টের সঙ্গে আরেকটি ছবিতে। নিজের অভিনয় নিয়ে প্রশংসা কুড়িয়েছেন অনেক, কিন্তু এখনো নাকি নিজের অভিনয় নিজেই দেখেননি তিনি। বালিশে আর বিছানায় মুখ লুকান! সুইডেনের গ্রামের বাড়িতে সময় কাটানোই এখনো তাঁর প্রিয় কাজ। বললেন, ‘আমি খুব সৌভাগ্যবতী। আমি যা ভালোবাসি, তা করতে পারি। তারপর আবার বাড়ি ফিরে আমার সন্তানদের বই পড়ে শোনাতে পারি। তবে যা-ই হোক, হঠাৎ পাওয়া এই সাফল্যকে কাজে লাগিয়ে হলিউডের রেবেকা ফার্গুসন তাঁর পায়ের তলায় মাটি আরও কতটা শক্ত করে তুলতে পারেন, এখন সেটাই দেখার পালা!
বিজনেস ইনসাইডার ও এন্টারটেইনমেন্ট উইকলি অবলম্বনে