সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর স্টু​ি​ডওতে মুকেশ ভাট ও রমেশ সিপ্পি। ছবি: কবির হোসেন
প্রথম আলোর স্টু​ি​ডওতে মুকেশ ভাট ও রমেশ সিপ্পি। ছবি: কবির হোসেন

জি পি সিপ্পির প্রথম ছবির শুটিংয়ের কাজ চলছিল। ছবির সেটে তখন অভিনয়শিল্পী, কলাকুশলীদের শশ ব্যস্ততা। শুটিংয়ের এই বিশাল দক্ষযজ্ঞের মাঝখানে চোখে একরাশ কৌতূহল নিয়ে সেখানে দাঁড়িয়েছিল জি পি সিপ্পির ছেলে ছয় বছরের ছোট্ট রমেশ। লাইট-ক্যামেরা-অ্যাকশন...সেই প্রথম কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন রমেশ সিপ্পি। শোলেখ্যাত ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা রমেশ সিপ্পি। আর আজ ৭১ বছর বয়সী প্রাজ্ঞ এই নির্মাতার সঙ্গে যখন ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে মুখোমুখি হওয়ার সুযোগ হলো, সে সময় তাঁর বিনয়, হাসিমুখ, সারল্যে অভিভূত হয়ে অভিজ্ঞতায় ঋদ্ধ বক্তব্য মুগ্ধ হয়ে শুনছিলাম।
নয় বছর বয়সে বাবা জি পি সিপ্পির শাহেনশাহ ছবিতে অভিনয়ও করেছিলেন রমেশ সিপ্পি। এ প্রসঙ্গে যখন তাঁকে প্রশ্ন করলাম, অভিনয় দিয়েই আপনার হাতেখড়ি হয়েছিল। কিন্তু হলেন চলচ্চিত্রের নির্মাতা! অভিনয়ের প্রতি কোনো দুর্বলতা ছিল না? রমেশ সিপ্পি বললেন, ‘চলচ্চিত্রের নির্মাতা হওয়ারই স্বপ্ন দেখেছি সব সময়। অভিনেতা হওয়ার ইচ্ছা আমার তেমন ছিল না।’ তাঁর কথায় আবারও চোখে ভাসছিল রমেশ সিপ্পির সেই ছয় বছর বয়সের দৃশ্যটি। ভবিষ্যতের একজন ডাকসাইটে চলচ্চিত্র পরিচালকের চোখেই হয়তো তিনি সে সময় দেখেছিলেন সেই শুটিংয়ের সবকিছু।
রমেশ সিপ্পির সঙ্গে ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে এসেছিলেন নামকরা প্রযোজক এবং ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন প্রডিউসারস গিল্ড-এর প্রেসিডেন্ট মুকেশ ভাটও। মূলত তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণেই এই প্রথমবারের মতো ঢাকায় এসেছেন তাঁরা। ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব এ দুজনের ঢাকা সফরের মুখ্য বিষয়ও চলচ্চিত্রই।
কথা প্রসঙ্গে রমেশ জানালেন, ভারত ও বাংলাদেশ—এ দুই দেশের মধ্যে চলচ্চিত্রবিষয়ক সহযোগিতার ক্ষেত্রটিকে বিস্তৃত ও সমৃদ্ধ করার ইচ্ছাই তাঁদের টেনে এনেছে। আশিকিখ্যাত প্রযোজক মুকেশ ভাট রমেশ সিপ্পির এ কথার প্রসঙ্গেই যুক্ত হলেন কথোপকথনে। সুবক্তা মুকেশ ভাট কথা বলেন বেশ গুছিয়ে। বললেন, ‘এখানে আমরা এসেছি চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে যোগাযোগ বাড়াতে। পরিস্থিতি এ দেশের চলচ্চিত্রের উন্নতির ক্ষেত্রে কী কী অন্তরায়, তার স্পষ্ট ধারণা পেতে।’ বেশ জোরালো কণ্ঠেই বললেন, ‘এ দেশে আমরা দিতেই এসেছি, নিতে নয়। অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি চলচ্চিত্রের জন্য আমরা কারিগরি সহায়তা দিতেও বন্ধুত্বের হাত বাড়িয়েছি।’
রমেশ সিপ্পি বাংলাদেশ সফরের প্রসঙ্গে জানালেন, বাংলাদেশে আসার কারণ ভারত ও বাংলাদেশের চলচ্চিত্রশিল্প। চলচ্চিত্রের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সংকট উতরানোর ক্ষেত্রে বন্ধুপ্রতিম এই দুই দেশ কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, এ বিষয়টি নিয়েই কাজ করেছেন তাঁরা। ৬ অক্টোবর দুপুরে তথ্য মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং ছিল তাঁদের। সেই মিটিংয়ে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে প্রসঙ্গে জানালেন, চলচ্চিত্রের ক্ষেত্রে সহযোগিতা, চলচ্চিত্র নিয়ে ভারত ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার বিষয়টাই ছিল মুখ্য।
মুকেশ ভাট বললেন, ‘১৯৭১ সালে ভারত যেমন বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, এবার চলচ্চিত্রের ক্ষেত্রেও আমরা বন্ধু হিসেবেই পাশে দাঁড়াতে এসেছি।’ জানালেন, সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করতে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতেই তাঁদের এই সফর। বললেন, ‘পাকিস্তানের চলচ্চিত্র যদি ঘুরে দাঁড়াতে পারে, বাংলাদেশ অবশ্যই পারবে।’ এ দেশের তরুণ নাফিস বিন যাফরের অস্কার প্রাপ্তির কথা উল্লেখ করে বললেন, ‘হতাশ হওয়ার কোনো কারণ নেই। এ দেশেই অনেক প্রতিভা আছে, সম্ভাবনা আছে; প্রয়োজন শুধু সাহস আর বিশ্বাস নিয়ে দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাওয়া।’
টাস্কফোর্স প্রসঙ্গে রমেশ সিপ্পি আরও জানিয়েছেন, সার্বিকভাবে বাংলাদেশের চলচ্চিত্রের সাফল্যের জন্য এই ক্ষেত্রটির বিভিন্ন সমস্যাকে চিহ্নিত করাই হবে এই টাস্কফোর্সের প্রধান কাজ। এর সঙ্গে সিনেমা হল বা থিয়েটারের প্রয়োজনীয় উন্নয়নের ক্ষেত্রে যা যা করণীয়, সে বিষয়েও উদ্যোগ নেবে টাস্কফোর্স। জানালেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে ভারতীয় ছবি বা সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, সেটি যেন তুলে নেওয়া হয়, এই অনুরোধ করতেও তাঁরা এসেছেন।
মুকেশ ভাট এ প্রসঙ্গে বললেন, ‘যদি ঘর বন্ধ করে বসে থাকি, তাহলে কিন্তু এগোনো যাবে না।’ এ যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি’রই প্রতিধ্বনি। বললেন, ‘প্রতিযোগিতা না থাকলে উন্নয়ন ঘটে না। বলিউডের চলচ্চিত্র আজ যেভাবে হলিউডের সঙ্গে প্রতিযোগিতা করছে। বলিউডের ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে। এ বিষয়টি কি কেউ ভাবতে পেরেছিল?’
রমেশ সিপ্পি মুকেশ ভাটের এ কথায় বলে উঠলেন, ‘কেউ কারও জায়গা নিতে পারে না। শাহরুখ খানের যে অবস্থান, সেটি টম ক্রুজ কখনোই নিতে পারবেন না। শাহরুখের জায়গাতেই শাহরুখ থাকবেন, ক্রুজ থাকবেন ক্রুজের জায়গায়।’ এ কথার পর হেসে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের প্রসঙ্গে বললেন, ‘শাকিবের জায়গা শাকিবেরই থাকবে। শাহরুখ খান সে জায়গা কখনো নিতে পারবেন না।’
এ দেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্রসঙ্গে রমেশ সিপ্পি জানান, শোলে বানিয়েছিলেন যখন, কতই বা বয়স ছিল তাঁর। সে সময় সিনেমা হলে ম্যাকানাস গোল্ড-এর মতো ছবি দেখেই একসময় শোলে বানানোর ইচ্ছা জেগেছিল। কিন্তু তিনি তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস করেননি। বিদেশ থেকে সেরা সব কলাকুশলীর সহযোগিতা নিয়েছেন, শুটিংয়ের কারিগরি বিষয়ে কোনো আপস করেননি। ছবির জন্য বাজেট বা টাকার বিষয়েও আপস করেননি কোনো।
রমেশ সিপ্পি বললেন, ‘শোলে জনপ্রিয় হয়েছে, ব্যবসাসফল হয়েছে।’ এ দেশের তরুণ নির্মাতাদের উদ্দেশ করে বললেন, ‘পিছিয়ো না, সামনে এগোও; সাফল্য আসবেই।’
শোলে ছবির প্রসঙ্গে জানতে চাইলে এও বললেন, ‘ছবির সাফল্যের পেছনে শুধু নির্মাণই নয়, তারকাদেরও বড় ভূমিকা আছে। সংলাপও একটি ছবির অনেক বড় বিষয়। সবকিছু মিলিয়েই সাফল্য আসে।’ রমেশ সিপ্পি কথায় কথায় বললেন, ‘এই শোলে ছবিটিই কিন্তু অমিতাভ বচ্চনকে একটি বড় ব্রেক দিয়েছিল।’ হেসে নিজেই মজা করে বললেন, ‘সে সময় অমিতাভকে কজন চিনত! এ ছবির আগে বেশ কয়েকটি ছবি ফ্লপ করেছিল তাঁর। শোলে অমিতাভের জন্য বড় একটি ব্রেক ছিল।’ এর পরপরই অমিতাভ বচ্চনের অভিনয়ের প্রশংসায় বললেন, ‘অসাধারণ অভিনয় ক্ষমতা অমিতাভের। একবার অমিতাভের দীর্ঘ একটি শট নেওয়ার বিষয় ছিল। সেই শটটি মাত্র একবারেই ওকে করেছিলেন অমিতাভ। এমনই তাঁর অভিনয়ের সামর্থ্য।’
সত্যজিৎ রায় পর্যন্ত রমেশ সিপ্পির শোলে ছবির প্রশংসা করেছিলেন। এ কথা জানাতেই তাঁর মুখ উজ্জ্বল হয়ে উঠে। সত্যজিৎ রায়কে ‘চলচ্চিত্রের মহান নির্মাতা’ সম্বোধন করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রমেশ সিপ্পি বললেন, ‘মাস্টার অব দ্য সিনেমা’ যদি এ কথা বলে থাকেন, আমি ধন্য।
মুকেশ ভাট শোলে ছবির নির্মাতা রমেশ সিপ্পির আপসহীনতার কথা উল্লেখ করে বলেন, তিনি এ ছবির প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই সেরা বিষয়টিকেই যুক্ত করতে চেয়েছেন। আর তাই এ ছবি আজ সব ভারতীয় ছবির মধ্যে সেরা ছবি হিসেবে বিবেচিত। এ সময় খানিক গর্ব নিয়েই যেন রমেশ বললেন, ‘সে সময় চলচ্চিত্রে নিখুঁত শব্দ শোনা যাবে, এ বিষয়টি ভাবাও যেত না। কিন্তু আমার শোলে ছবির এক দৃশ্যে ধর্মেন্দ্র যখন মেঝেতে একটি কয়েন ফেলেন; সেই কয়েন মেঝেতে পড়ার শব্দে সিনেমা হলের দর্শকেরা ছবি ফেলে সিনেমা হলের মেঝেতে খুঁজছিলেন কয়েনটা পড়ল কোথায়। ছবির শব্দের উৎকর্ষতা এমনই ছিল।’
বাংলাদেশের চলচ্চিত্র আজ যে জায়গায় দাঁড়িয়ে, তাতে হতাশ হওয়ার কিছু দেখেন না ভারতীয় চলচ্চিত্রের এই দুই কিংবদন্তি ব্যক্তিত্ব। তাঁদের বক্তব্য—পেছানোর আর কিছু নেই। এ দেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবেই। এ দেশের তরুণ প্রজন্ম ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে। অনেক প্রতিভাই আছে, যারা বদলে দেবে এ দেশের চলচ্চিত্র। সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থিক সহায়তা, কারিগরি উন্নয়ন, চলচ্চিত্রের যেসব বিষয়ে ঘাটতি, যেসব বিষয়ে প্রতিবন্ধকতা রয়েছে, এখন সময় এসেছে সেই বাধা ডিঙিয়ে সামনে এগিয়ে যাওয়ার।

আরও পড়ুন: