সময় নেই ব্র্যাড পিটের
বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলির পথ অনুসরণ করে ছবি পরিচালনায় নাম লেখাবেন কি না—সম্প্রতি এমন এক প্রশ্নের জবাবে ব্র্যাড পিট জানিয়েছেন, সন্তানদের সময় দেওয়া এবং পেশাগত কাজের প্রচণ্ড ব্যস্ততার কারণে ছবি পরিচালনার ফুরসত তাঁর নেই।গত ছয় বছরে ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’, ‘মানিবল’, ‘দ্য ট্রি অব লাইফ’, ‘ইট প্রে লাভ’, ‘দ্য ডিপারটেড’সহ এক ডজনেরও বেশি ছবির প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন পিট। ছবি প্রযোজনায় পিটের আগ্রহের বিষয়টিকে বিবেচনায় নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হয়, চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করবেন কি না। প্রশ্নটি শোনার পর নেতিবাচক উত্তরই দিয়েছেন ৪৮ বছর বয়সী এই তারকা। এ প্রসঙ্গে পিটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘না, এমন কোনো সুযোগ নেই। বাবা হিসেবে দায়িত্ব পালনই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই দিন হলো কানে এসেছি। এ দুই দিন সন্তানদের না দেখতে পেরে খুব খারাপ লাগছে। আমি খুব ভালোভাবেই জানি, ছবি পরিচালনার কাজ অনেক কঠিন এবং এতে প্রচুর সময় দিতে হয়। সন্তানদের সময় দেওয়া এবং পেশাগত কাজের প্রচণ্ড ব্যস্ততার কারণে ছবি পরিচালনার সময় বের করা সম্ভব নয় আমার পক্ষে।’ উল্লেখ্য, এবারের কান চলচ্চিত্র উত্সবে প্রতিযোগিতা করছে পিট প্রযোজিত ও অভিনীত চলচ্চিত্র ‘কিলিং দেম সফটলি’।