সময় বুঝে বলিউডে ফিরবেন শাইনি আহুজা
চলতি বছরের ১৩ জানুয়ারি ‘ঘোস্ট’ ছবি মুক্তির পর আর কোনো ছবিতে অভিনয় করেননি বলিউডের বিতর্কিত অভিনেতা শাইনি আহুজা। আপাতত নতুন কোনো ছবির কাজও হাতে নিচ্ছেন না তিনি। সম্প্রতি এক খবরে মিড-ডে জানিয়েছে, সময় ও সুযোগ বুঝে আবারও বলিউডে ফিরে আসবেন এ ‘ভুল ভুলাইয়া’ তারকা।২০০৯ সালে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল শাইনির বিরুদ্ধে। মামলার রায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। এ ঘটনার পর নিজেকে গুটিয়ে নেন শাইনি। চলচ্চিত্র কিংবা মিডিয়া থেকে পারতপক্ষে দূরে থাকার সিদ্ধান্ত নেন। তবে সময় ও পরিস্থিতি অনুকূলে এলে আবারও বলিউডে নিয়মিত হওয়ার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এ অভিনেতা।সম্প্রতি দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এসেছিলেন শাইনি। সেখানে তিনি বলেছেন, ‘ইচ্ছে করেই নিজেকে গুটিয়ে নিয়েছি। আপাতত কোনো চলচ্চিত্রের কাজ হাতে নিচ্ছি না। আমাকে নিয়ে যাতে কোনো আলোচনা বা সমালোচনা না হয়, সে জন্য মিডিয়া থেকে পারতপক্ষে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’শাইনি আরও বলেন, ‘একটা সময়ে রুপালি জগেক বিদায় জানানোর সিদ্ধান্ত প্রায় পাকাপাকি করে ফেলেছিলাম। অভিনয়কে কখনোই পেশা হিসেবে নিইনি আমি। এটা আমার কাছে নেশা ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ২০০৫ সালে বলিউডে যাত্রা শুরু করেছিলাম। পরবর্তী সময়ে আমার অনেক ছবি মুক্তি পেত এবং আমি সেগুলোর প্রচারণায় অংশ নিতাম। আগের মতো অনুকূল সময় ও পরিস্থিতি ফিরে এলে আবারও নিয়মিত অভিনয় করব।’ধর্ষণ কেলেঙ্কারির পর ব্যক্তি হিসেবে অনেক বদলে গেছেন বলে দাবি করেছেন শাইনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘জীবনের অনাকাঙ্ক্ষিত সব ঘটনা থেকে যথেষ্ট শিক্ষা হয়েছে আমার। আমার ভেতর অনেক পরিবর্তন এসেছে। আমি বুঝেছি, স্ত্রী ও মেয়েই আমার জীবনের সবকিছু।’