সময়টা থিয়েটার উপযোগী নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসাদুল ইসলাম। প্রায় ১৭ বছর ধরে নিয়মিত থিয়েটারে অভিনয় করছেন সুবচন নাট্য সংসদের সঙ্গে। অভিনয় করে আলোচিত হয়েছেন দলের ‘তীর্থঙ্কর’, ‘রাষ্ট্রবনাম’, ‘রূপবতী’, ‘ক্ষুধিত পাষাণ’সহ একাধিক নাটকে। নাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করলেও প্রথমবারের মতো নির্দেশনা দিলেন ‘ষড়ভুজ’ নাটকটি। সম্প্রতি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল। সাহাদুজ্জামানের গল্প থেকে নাট্যরূপও আসাদের নিজেরই। আজ তাঁর সাক্ষাত্কার।ষড়ভুজ নাটকটিতে দর্শকের সাড়া কেমন?৩ আগস্ট নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে। এর মধ্যে আরও তিনটি প্রদর্শনী হয়েছে। নাট্যাঙ্গনের অনেকেই নাটকটি দেখেছেন। তাঁদের কাছ থেকে প্রশংসা পেয়েছি। কয়েকজন দর্শকের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা নাটকটির প্রশংসা করেছেন। তবে প্রথম দু-একটি প্রদর্শনী যে খুব ভালো হবে, তা আমি বলতে চাই না। বেশ কিছু প্রদর্শনী হয়ে গেলে নাটকটি একটা জায়গায় গিয়ে দাঁড়াবে বলে আমার বিশ্বাস।দুটি প্রদর্শনী থেকে নির্দেশক হিসেবে নাটকটি নিয়ে নিজের অনুভূতি কী?নাটকটির গল্প ভালো। আমাদের সমাজের একেবারেই চেনা কাহিনি। গল্পটি দর্শককে স্পর্শ করে। তা ছাড়া নাটকটিতে সব নতুন ছেলে-মেয়ে অভিনয় করেছেন। নাটকটির মধ্যে বেশ কয়েকজন আছেন, যাঁরা এ নাটকটি দিয়ে মঞ্চে প্রথম কাজ করলেন। তার পরও কাজ ভালো করেছেন।প্রথম নির্দেশনা হিসেবে নাটকটি করতে গিয়ে নিজের অভিজ্ঞতা কেমন?গত আড়াই মাস নাটকটি নিয়ে কাজ করছি। তা ছাড়া যেহেতু নতুন ছেলে-মেয়ে নিয়ে কাজ করেছি, তাই অনেক কষ্টও করতে হয়েছে। এখনকার সময় ছেলে-মেয়েরা বাইরের কাজে বেশি সম্পৃক্ত হয়ে গেছেন। তাঁদের ঘরে বসিয়ে রাখা কঠিন। সে ক্ষেত্রে ঘরে বসিয়ে থিয়েটার করানো তো আরও কঠিন। নাটকটিতে যাঁরা কাজ করেছেন, তাঁদের অনেকেই ছাত্র। তাঁদের ক্লাস, পারিপার্শ্বিকতা নানান ঝামেলা থেকে বেরিয়ে এসেও তাঁরা কাজ করেছেন। তার পরও আছে বর্তমান সময়ের মিডিয়ার হাতছানি। আর আমাকেই এ অসম্ভবকে সম্ভব করতে হয়েছে। এবং প্রথম নির্দেশনা হিসেবে নাটকটি চলার সময় মনে হয়, এক ঘণ্টা ১০ মিনিটের পুরো নাটকটিতে যেন আমিই অভিনয় করছি।এ সময়ে এই নাটক নিয়ে কাজ করলেন কেন?ষড়ভুজ নাটকটির নামের সংজ্ঞা হলো— যন্ত্রকৌশলের কলুষতার অন্তরালে জন্ম নেওয়া সবুজ প্রকৌশল। বর্তমান সময়ের যান্ত্রিক কলাকৌশলের বিপরীতে আমরা সবুজ প্রকৃতির ঘনিষ্ঠতা হারাচ্ছি। সভ্যতা যেদিকে যাচ্ছে, সেখানে পুরোটাই যান্ত্রিকজীবন। সেই যান্ত্রিকজীবন থেকে বেরিয়ে প্রকৃতির কাছে ফিরে আসার তাগিদ এ নাটকটি।বর্তমান সময়ে আমাদের এখানে যেভাবে থিয়েটারের চর্চা হচ্ছে, তা থিয়েটারকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কতটুকু উপযোগী?আমি মনে করি, সময়টা থিয়েটার উপযোগী নয়। মনে হয়, কিছু মানুষের চেষ্টায় থিয়েটার যেন বেঁচে আছে। তবে বর্তমান প্রজন্মের মধ্যে চিন্তা-চেতনা বৈচিত্র্যময়। এসব চিন্তা-চেতনা মূল স্রোতের সঙ্গে মেশাতে পারলে ভালো। এ ছাড়া বর্তমান সময়ে থিয়েটারের ওপর এখন একাডেমিক পড়াশোনা হচ্ছে। থিয়েটারের ওপর একাডেমিক পড়াশোনা জানা ছেলে-মেয়েরা গ্রুপ থিয়েটার-চর্চার সঙ্গে নিজেদের যুক্ত করলে আমরা নতুন থিয়েটার পাব। পেশাদার থিয়েটারের দিকে অগ্রসর হওয়া যাবে।অনেক দিন থেকেই এই পেশাদার থিয়েটারের কথা বলা হচ্ছে, আদৌ কি হবে পেশাদার থিয়েটার?সত্যি কথা বলতে কী, সাহসিকতার অভাবে পেশাদার থিয়েটার হচ্ছে না। আমরা ব্যক্তিগত উন্নতির জন্য চিন্তা করছি। কিন্তু সমষ্টিগত উন্নতির জন্য নিজেদের জাগাতে পারছি না। ফলে থিয়েটারকে পেশাদারভাবে গড়ে তুলে নতুন জায়গায় নিতে পারছি না। সমষ্টিগত চিন্তার মাধ্যমে আমরা গ্রুপ থিয়েটারকে নতুন জায়গায় দাঁড় করাতে পারতাম।কখন থিয়েটারে যোগ দিলেন?আমার বাবা সাতক্ষীরায় থিয়েটার করতেন। তাঁর দল প্রগতি সংঘ। ভাইও থিয়েটার করতেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই থিয়েটারে যাওয়া-আসা। তবে ঢাকায় এসে ১৯৯২ সালে সুবচন নাট্য সংসদে যোগ দেওয়ার মধ্য দিয়ে নিয়মিতভাবে থিয়েটার-চর্চা শুরু। প্রথম কাজ ছিল সোনালি স্বপ্ন। এ পর্যন্ত দলে প্রায় ১৬টি নাটকে অভিনয় করেছি।এখন থেকে কি নিয়মিতই নির্দেশনা দেবেন?বলা যাচ্ছে না। কেননা, এটি দলীয় সিদ্ধান্ত। দল সিদ্ধান্ত নিলেই আবার নতুন নাটকের নির্দেশনা দেব। তবে নাটক লিখছি নিয়মিত। দলের নতুন প্রযোজনা হিসেবে একটি পাণ্ডুলিপি লেখার কাজ প্রায় শেষ। পাণ্ডুলিপিটি দু-এক মাসের মধ্যেই মহড়ার উপযোগী হয়ে যাবে।এবার একটু অন্য প্রসঙ্গে আসি। শুনলাম, দেশের বাইরে নাটক করতে যাচ্ছেন?হ্যাঁ, আমন্ত্রণ আছে ভারতের গঙ্গা যমুনা নাট্যোত্সবে নাটক করার। কলকাতা ও কলকাতার আশপাশের শহরে এই উত্সব হয়। এর আগেও আমরা তিনবার এ উত্সবে যোগ দিয়েছি। তবে আগামী বছর আমরা ইউরোপে নাটক করতে যেতে পারি। একটা আমন্ত্রণ আছে। প্রাথমিক পর্যায়ে আলোচনা চলছে।