
বিএফডিসির ৩ নম্বর ফ্লোরের সামনে থেকে কড়ইতলার রাস্তায় চোখ যেতেই খটকা লাগে। ওই রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি অটোরিকশা দাঁড়ানো। সেই পথ ধরে একটু এগিয়ে যেন একটি মহল্লার ভেতর ঢুকে গেলাম। বেশ কয়েকটি অটোরিকশার গ্যারেজ, ওয়ার্কশপ আর ছোট ছোট দোকান, অনেক মানুষের বসতবাড়ি। একি! কদিন আগেও যে কড়ইতলা ছিল খাঁ খাঁ, পরিত্যক্ত জায়গা। সেখানে রাতারাতি এত কিছু! কড়ইতলার ওদিক থেকে একজন হেঁটে আসছিলেন। জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘অনেক দিন পর কলকাতা থেইকা শাকিব খান আইছে। তার শুটিং চলছে।’
কড়ইতলার কড়ইগাছের নিচে অস্থায়ী সেই এলাকার একটি বাড়ির বাইরে দেখা হলো পরিচালক সাহাদত হোসেন লিটনের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে এখানে শুরু হয়েছে অহংকার ছবির শুটিং। অস্থায়ী বাড়িটি শাকিবের। পরের দৃশ্যটি শাকিবের বাড়িতেই হবে। ছবির নায়ক-নায়িকা এখন বাড়ির ভেতরেই আছেন।
নবাব ছবির শুটিং শেষ করে কলকাতা থেকে মাস খানেক পর দেশে ফিরেছেন নায়ক শাকিব খান। এ কারণে অনেক পরিচালকই অহংকার ছবির সেটে সাক্ষাৎ করতে এসেছেন এই তারকার সঙ্গে। নায়ককে দেখা গেল তাঁদের সঙ্গে আলাপ করতে। ঘরের আরেক পাশে চেয়ারে বসে আছেন ছবির নায়িকা বুবলী। বানানো সেই ঘরটিতে ঢুকতেই পাশ থেকে এক পরিচালক বললেন, ‘আজ কিন্তু আমাদের হিরো সকাল সাতটায় সেটে এসে কাজ শুরু করেছেন।’ এ কথা শুনে পাশে বসা শাকিব খান ডানে-বাঁয়ে মাথা ঝাঁকিয়ে মুচকি হাসলেন। আসলেই কি তা–ই? জানতে চাইলে শাকিব বলেন, ‘সবকিছুই নিয়মের মধ্যে আসা দরকার। একসময় আমাদের চলচ্চিত্রে এমন নিয়মই ছিল, যা চলচ্চিত্রের মানুষের কাছ থেকে এখনো শুনি। তবে ঠিক সময়ে শুটিংয়ে এলে পরিচালকের উচিত আবার ঠিক সময়ে ছেড়ে দেওয়া, তা না হলে পরের দিন কিন্তু ঠিক সময়ে শিডিউল মানা সম্ভব হয় না।’
এবার বুবলীর কাছে তাঁর খবর জানতে চাওয়া। হাসতে হাসতে তিনি বললেন, ‘আমি চরিত্রের মধ্যে আছি। কিছুক্ষণের মধ্যেই পরের দৃশ্যের জন্য ডাক পড়বে।’ গেল ঈদে একসঙ্গে দুটি ছবি মুক্তির পর নতুন কোনো ছবির শুটিংয়ে অংশ নেননি এই নবাগতা। প্রায় তিন মাস পর সিনেমা নিয়ে আবারও ব্যস্ততা শুরু হলো তাঁর। টানা বিরতির পর শুটিংয়ে সমস্যা হচ্ছে কি? এর জবাবে বুবলী বলেন, ‘না, সমস্যা হচ্ছে না। আমি যে বিরতিতে ছিলাম, সে সময় এই ছবির জন্যই প্রস্তুতি নিয়েছি। আগের দুটি ছবির জন্য নিজের ওজন পাঁচ-ছয় কেজি কমিয়েছিলাম; এই ছবির চরিত্রের জন্য দুই কেজি ওজন বাড়িয়েছি।’
এসব বলতে বলতেই পরের দৃশ্যের জন্য ডাক এল বুবলীর। সাক্ষাৎ করতে আসা সবার কাছ থেকে বিদায় নিলেন শাকিব। বুবলীও উঠে দাঁড়ালেন। শাকিবের বাড়ির সামনে লাইট-ক্যামেরা প্রস্তুত। নায়ক-নায়িকা দুজন গিয়ে দাঁড়িয়ে পড়লেন ক্যামেরার সামনে। এরপর থ্রি, টু, ওয়ান, জিরো...অ্যাকশন!