‘ঘড়িতে রাত তিনটা বেজে ৪০ মিনিট। অথচ চোখে ঘুম নেই। কারণ? ডার্টি পিকচার! বিদ্যা বালানকে দেখে মাথা নষ্ট! কী অভিনয় করলেন বিদ্যা বালান?’ ৫ ডিসেম্বর টুইটারে টুইটস দিয়েছেন মাধুরী দীক্ষিত। প্রীতি জিনতা আরও এক ধাপ এগিয়ে বলেন, ‘ভুলে যাও পরিণীতা,পা, ইশকিয়া, নো ওয়ান কিলড জেসিকা। ডার্টি পিকচার-এ বিদ্যা বাকি অভিনেত্রীদের তো বটেই, যেন নিজেকেই ছাপিয়ে গেছেন।’ বিবেক ওবেরয় ডার্টি পিকচার দেখে পিভিআর সিনেমা থিয়েটারে সবার সামনে বিদ্যা বালানের জন্য দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন। সোনাক্ষী সিনহা নির্দ্বিধায় ঘোষণা করেছেন, ‘আমাদের নায়িকাদের মধ্যে বিদ্যাই একমাত্র হিরো। নায়কদের ছাপিয়ে পর্দা রাজত্ব করা সব নায়িকার পক্ষে সম্ভব নয়।’ শাবানা আজমি বলেন, ‘বছরের শুরুতে নো ওয়ান কিলড জেসিকা। বছর শেষে ডার্টি পিকচার। মানতে কষ্ট হচ্ছে, সাবরিনা লাল এবং সিল্ক স্মিতা দুটি চরিত্র একজন অভিনেত্রীই রূপায়ণ করেছেন। অবিশ্বাস্য!’ পরিচালক করন জোহর অন্য নায়িকাদের তোয়াক্কা না করে জানিয়েছেন, ‘একটি চরিত্রের কাছে কীভাবে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে হয়—প্রত্যেক অভিনেত্রীর উচিত বিদ্যার কাছ থেকে এ শিক্ষাটুকু নেওয়া।’ বিদ্যা ২০১১ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী—দ্ব্যর্থহীন কণ্ঠে প্রায় সবাই তাঁদের রায় জানাচ্ছেন। আর সবই সম্ভব হয়েছে ২ ডিসেম্বর মুক্তি পাওয়া ডার্টি পিকচার ছবির কারণে। একতা কাপুর প্রযোজিত মিলন লুথরিয়া পরিচালিত ২২ কোটি রুপি বাজেটের এ ছবি মাত্র ১০ দিনে শুধু ভারত থেকে আয় করেছে ৬৩ দশমিক ৫ কোটি রুপি! কোনো নায়িকাকেন্দ্রিক ছবির জন্য থিয়েটারগুলো সর্বশেষ কবে ‘হাউসফুল বোর্ড’ লাগিয়েছিল, তা তাদের নিজেদেরও মনে নেই। লেখক চেতন ভগত বলেন, ‘বিদ্যার কারণে নিজেকে ভারতীয় ভাবতে গর্ববোধ করছি। কে বলে নারীকেন্দ্রিক ছবি চলে না? ইশকিয়া, নো ওয়ান কিলড জেসিকা এবং ডার্টি পিকচার প্রমাণ করেছে, বিদ্যা থাকলে নারীকেন্দ্রিক ছবিও হিট হয়।’ বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, নায়িকাকেন্দ্রিক ছবিগুলোর মধ্যে সর্বকালের সেরা ব্যবসাসফল ছবি ডার্টি পিকচার। শুধু ভারতে নয়, ভারতের বাইরেও ডার্টি পিকচার-তাণ্ডব চলছে। কারণ কী? থ্রি ইডিয়টস ছবির পরিচালক রাজকুমার হিরানি বলেন, ‘বিদ্যার মতো করেই বলছি; কারণ এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট এবং এন্টারটেইনমেন্ট। পর্দায় বিদ্যার অভিনয় দেখাটা আমার কাছে এ বছরের সেরা বিনোদন। খুব কম অভিনেত্রীই এতটা সাহসী অভিনয় করার ক্ষমতা রাখেন। চরিত্রের কারণে ১২ কিলোগ্রাম ওজন বাড়ানো চাট্টিখানি কথা নয়।’বিদ্যার কারণেই ফ্যাশন পুলিশরা সাইজ জিরো ট্রেন্ডকে আউট ঘোষণা করেছেন। সামান্য মেদবহুল শরীরই এখন ইন। পাল্লা দিয়ে রংচটা লাল শাড়ির ট্রেন্ড শুরু হয়েছে আবার। ‘একসময় যার ফ্যাশন বোধ নিয়ে প্রতিনিয়ত কথা শুনতে হতো, আজ তিনি নতুন ফ্যাশনের জন্ম দিচ্ছেন, জীবনের মজাটা তো এখানেই। আমি জানতাম এ রকম ইউটার্ন একদিন করবই।’—আত্মবিশ্বাস এখন মিস বালানের পরতে পরতে। ছয় বছরের অভিনয়জীবনে মাত্র ১৩টি ছবি মুক্তি পেয়েছে; যার মধ্যে শুধু তিনটি ফ্লপ। এমন ট্র্যাক রেকর্ড অন্য কোনো অভিনেত্রীর নেই। পর পর দুই বছর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। এ বছরও পুরস্কার পাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখলেন। বিদ্যা যদি শেষ পর্যন্ত হ্যাটট্রিক করেই ফেলেন, তবে তা হিন্দি ছবির ইতিহাসে কোনো নায়িকার জন্য একটি রেকর্ড হবে। ৩৪ ছুঁই ছুঁই বিদ্যার হাতেও আছে তাক লাগানোর মতো বেশ কিছু ছবি—সুজয় ঘোষের কাহানি, যে ছবিতে ছয় মাসের অন্তঃসত্ত্বা বিদ্যা লন্ডন থেকে কলকাতায় আসেন হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজতে। বিশাল ভরদ্বাজেরডায়েন ছবিতে কেন্দ্রীয় চরিত্র, ডার্টি পিকচার-এর পরিচালক মিলান লুথরিয়ার বিহার ছবিতে সঞ্জয় দত্ত, অজয় দেবগনের নায়িকা বিদ্যা শাদি কি সাইড ইফেক্টস-এও সই করতে পারেন। তবে ছবিতে বিদ্যার সাত কোটি রুপি দাবি করার যে গুজব ছড়িয়েছে, তা ডাহা মিথ্যা দাবি করেছেন স্বয়ং বিদ্যা। তিনি বলেন, ‘প্রযোজককে ডুবিয়ে আমি কখনো সফল হতে পারব না।’ প্রযোজকের জ্বালা বিদ্যা এখন ভালোই বোঝেন। কারণ, ইউটিভির ‘বিগ শট’ সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বছর খানেক ধরেই চলছে তাঁর মন দেওয়া-নেওয়া। অনেকেই জানেন না, ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রস্থানের পর ইউটিভির হিরোইন-এর প্রস্তাব দেওয়া হয়েছিল বিদ্যাকে। তবে ডার্টি পিকচার এবং হিরোইন-দুই ছবির ফরমেট এক হওয়ায় বিদ্যা হিরোইন-এর লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন। একই পথে চলতে বিদ্যা কখনোই রাজি নন। এ কারণেই বুঝি সমস্বরে সবার কণ্ঠে ধ্বনিত হচ্ছে, বিদ্যা বালান: সময়ের শ্রেষ্ঠ অভিনেত্রী! রুম্মান রশীদ খান[রিয়েল বলিউড, বলিস্পাইস, ফিল্মিক্যাফে, ডিজিটাল স্পাই, বলিউড হাঙ্গামা, আইএমডিবি, বিজনেস অব সিনেমা, মিড ডে, সান্তাবান্তা, রেডিফ, ফিল্মফেয়ার, বলিউড মান্ত্রা, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ডট কম অবলম্বনে]