সময়ের আলোচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের আলোচিত জনপ্রিয় শিল্পী জাস্টিন বিবার জনপ্রিয়তার শীর্ষে আছেন। মাত্র ১৬ বছর বয়সে উত্তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পাওয়া এ শিল্পী সম্প্রতি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড (এএমএ) পেয়ে নিজের জনপ্রিয়তার কথা আরেকবার জানান দিলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে আলো ঝলমলে এক অনুষ্ঠানে জাস্টিন বিবারের হাতে তুলে দেওয়া হয় বছরের সেরা পপ ও রক গায়কের দুটি ট্রফি। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত জাস্টিন বিবার বলেন, ‘আমি বিস্ময়াভিভূত। এমিনেম আর উশারের মতো শিল্পীদের সঙ্গে এক কাতারে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’ কানাডীয় এ পপশিল্পীর পুরো নাম জাস্টিন ড্রিউ বিবার, যিনি সারা বিশ্বের ভক্ত-শ্রোতাদের কাছে জাস্টিন বিবার নামে পরিচিত। একাধারে গায়ক, গীতিকার, সংগীতজ্ঞ, অভিনেতা হিসেবে পরিচিত জাস্টিনের শুরুটা ২০০৯ সালে ওয়ান টাইম অ্যালবামের মাধ্যমে। মুক্তির পর ১০টি দেশের সেরা ৩০টি অ্যালবামের মধ্যে জায়গা করে নিয়েছে অ্যালবামটি। একই বছরে প্রকাশিত মাই ওয়ার্ল্ড অ্যালবামের মাধ্যমে সারা বিশ্বের সংগীত জগতে আরেকবার আলোড়ন সৃষ্টি করে। প্রকাশের পর অ্যালবামটি যুক্তরাষ্ট্রে রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার (আরআইএএ) পুরস্কার প্লাটিনাম অনুমোদন পায় এবং প্রথম শিল্পী হিসেবে জাস্টিনের সাতটি গান বিলবোর্ডের সেরা ১০০ গানের মধ্যে জায়গা করে নেয়। পরের বছর মাই ওয়ার্ল্ড ২.০ মুক্তির পর আবার সেরার তালিকায় স্থান করে নেয়। আগের অ্যালবামের মতোই এ অ্যালবামটিও বিভিন্ন দেশের সেরা দশের তালিকার শীর্ষে জায়গা করে নেয়। অ্যালবামের ‘বেবি’ গানটি বিশ্বব্যাপী সেরা দশের তালিকায় স্থান পায়। গান গাওয়া ছাড়াও গিটার, পিয়ানো বাজানোয় পারদর্শী জাস্টিন অভিনয়ও করেছেন। ২০১১ সালে এমটিভি ফিল্মের তৈরি নেভার সে নেভার ছবিতে অভিনয় করবেন তিনি। অল্প কয়টি অ্যালবামের মাধ্যমে সময়ের আলোচিত জাস্টিন ইতিমধ্যে এএমএ ছাড়াও পেয়েছেন একাধিক পুরস্কার। যার মধ্যে উল্লেখযোগ্য টিআরএল অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্টারন্যাশনাল অ্যাক্ট পুরস্কার, মাসমিউজিক ভিডিও অ্যাওয়ার্ড, টিন চয়েস অ্যাওয়ার্ড ফর চয়েস মিউজিক পুরস্কার, এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড ইত্যাদি। পেয়েছেন ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ডসহ একাধিক মনোনয়নও। জাস্টিন ইতিমধ্যে আরবান বিহেবিয়ার ট্যুর, মাই ওয়ার্ল্ড ট্যুর নামের বেশকিছু শো করেছেন। তবে যেখানেই যাচ্ছেন এ শিল্পী, সেখানেই ভক্ত, দর্শকদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের। সব মিলিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা তরুণ এ শিল্পী নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। গানের মাধ্যমে শ্রোতাদের মন জয় করা জাস্টিনের পুরস্কারের ব্যাপ্তিই বলে দেয় জনপ্রিয়তার শীর্ষে থাকার ব্যাপারটি। তবে এখনো অনেক দূর যাওয়ার পথ বাকি জাস্টিনের, যেখানে যেতে গান নিয়েই থাকতে চান তিনি। পাশাপাশি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তিনি, যার জন্য মুখিয়ে আছে সারা বিশ্বের ভক্ত-শ্রোতারা। নুরুন্নবী চৌধুরী, তথ্যসূত্র: ওয়েবসাইট