ছবিটি থিয়েটার আর্ট ইউনিটের সময়ের প্রয়োজনে নাটকের। জহির রায়হানের ছোটগল্প ‘সময়ের প্রয়োজনে’ অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী।ছবিতে চন্দন রেজার সঙ্গে দেখা যাচ্ছে বাঁ থেকে এজাজ, সাইফ সুমন; পেছনে প্রশান্ত হালদারও ডানে সাথী। সবাই মুক্তিযোদ্ধা। এখানে চন্দন রেজার চরিত্র রবিদা।মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধের একটি ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের জীবনের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার গল্প নিয়ে নাটকটি রচিত।ছবির দৃশ্যটি হলো: মুক্তিযুদ্ধের ক্যাম্পে রবিদা মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করার জন্য পুঁথি পড়ে শোনাচ্ছেন। ছবিটির একটি মুহূর্তের কথা বলতে গিয়ে চন্দন রেজা বলেন, ‘এখানে মুক্তিযোদ্ধাদের দুঃখ-বেদনার কথা শোনানো হচ্ছে। একটা সময় আমি নিজে পাটের ব্যবসা করতাম। ব্যবসা বন্ধ হয়ে গেছে। সবকিছুই পাকিস্তানিরা নিয়ে গেছে, এমনকি ভালো ভালো কলকারখানাও ওখানে। ব্যক্তিস্বাধীনতাও কেড়ে নিতে চায়। আমি নিজে এসব বিষয়ের ওপর পুঁথি বানিয়ে ক্যাম্পে ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের পড়ে শোনাই।’নাটকটি প্রথম মঞ্চে আসার সময়কালের স্মৃতির কথা বলতে গিয়ে চন্দন রেজা বলেন, ‘নাটকটি প্রথম মঞ্চে আসার আগে আমরা ইস্কাটনের বালক বিদ্যালয়ে মহড়া করতাম। আমরা যাঁরা মুক্তিযুদ্ধ দেখিনি, নাটকটিতে তাঁদের খাপ খাইয়ে নিতে মানসিকভাবে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের ওপর কর্মশালা করেছি, জাদুঘরে গিয়ে মুক্তিযুদ্ধ চলাকালের পোশাক-আশাক দেখেছি, মুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। নাটকটি করতে সাংঘাতিকভাবে টিমওয়ার্ক করতে হয়েছে। নাটকটিকে একটা উন্নত জায়গায় নিতে মহড়ার মঞ্চেই বেশি সময় দেওয়া হয়েছে।’এ পর্যন্ত সময়ের প্রয়োজনে নাটকটির প্রায় ৫০টি প্রদর্শনী হয়েছে। ২০১০ সালে দেশের বাইরে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ও বহরমপুরে নাটকটির মঞ্চায়ন হয়েছে।২০০৫ সালে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।