সময়ের প্রয়োজনে এ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাতীয় নাট্যশালায় শেষ হলো থিয়েটার আর্ট ইউনিট আয়োজিত পাঁচ দিনের মুক্তিযুদ্ধের নাট্যোৎসব। এ উৎসবে দর্শক-নাট্যকর্মীদের বেশ সাড়া পড়েছিল। আজকের সাক্ষাৎকার উৎসবের আয়োজক থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারীর সঙ্গে।শেষ হলো মুক্তিযুদ্ধের নাট্যোৎসব। কেমন হলো?অনেকেই বলেছেন এবং আমার নিজের কাছে মনে হয়েছে, উৎসবটি ভালো হয়েছে। আমরা সাফল্যের সঙ্গে শেষ করতে পেরেছি। এ উৎসবে সবচেয়ে চোখে পড়ার বিষয় ছিল তরুণদের অংশগ্রহণ। প্রতিদিনই নাটক দেখানোর জন্য এবং নাটক শেষে দর্শকের সঙ্গে আলাপচারিতার জন্য একজন করে বীর মুক্তিযোদ্ধাকে উপস্থিত করার বিষয়টিও দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। এ ছাড়া নাট্যকর্মী ও দর্শকের কাছ থেকে এ ধরনের উৎসব সময়োপযোগী বলে আখ্যা পেয়েছি। আরেকটি বিষয় ছিল, উৎসবে আমরা মূল মিলনায়তন চত্বরে মুক্তিযুদ্ধের নাটকের পোস্টার, স্থিরচিত্র, মুক্তিযুদ্ধ চলাকালে তোলা স্থিরচিত্র, মুক্তিযুদ্ধের বিখ্যাত ব্যক্তিদের হাতের লেখা চিঠি, প্রামাণ্য দলিলসহ মুক্তিযুদ্ধের একাধিক বিষয়ে প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছিল। উৎসব চলাকালে প্রদর্শনীতে দর্শকের উপচে পড়া ভিড় আমরা দেখেছি। একটা ভিন্ন আয়োজনের মাধ্যমে উৎসবটি আমরা সফলভাবে শেষ করতে পেরেছি।উৎসবটি এ সময়ে কীভাবে দেখছেন?আমরা আগেই বলেছি, সময়ের প্রয়োজনে এ উৎসব। নানা কারণে নতুন প্রজন্ম আজ বিভ্রান্ত। এই বিভ্রান্তের পথ দেখাচ্ছে স্বাধীনতাবিরোধীরা। সেই বিভ্রান্তি থেকে তরুণদের জেগে ওঠার জন্য বিভিন্ন ক্ষেত্রের মানুষ কাজ করছেন। তার মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিও এসেছে। এই বিচার ত্বরান্বিত করার জন্য বিভিন্ন মহলের মানুষ আজ দাবি তুলেছেন। আমরা নাট্যকর্মীরা এই উৎসবের মাধ্যমে সেই দাবির সঙ্গে একমত প্রকাশ করেছি। এটি শুধু থিয়েটার আর্ট ইউনিটের নয়, এই বিচারের আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে সব নাট্যকর্মীর হয়ে থিয়েটার আর্ট ইউনিট সময়োপযোগী মুক্তিযুদ্ধের নাটকের উৎসব আয়োজন করে দাবির সঙ্গে এক হয়েছে। এই অবস্থায় কি এ ধরনের উৎসব এখন সারা দেশে ছড়িয়ে দেওয়া উচিত?অবশ্যই। শুধু ঢাকা তো আর বাংলাদেশ নয়। পুরো জাতির সঙ্গে একমত হয়ে নাট্যকর্মীরা কাজ করছেন। যেহেতু মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই মঞ্চনাটকের সফলতা এসেছে, তাই নাট্যকর্মীরা মুক্তিযুদ্ধের ফসল মানুষের কাছে নিয়ে যেতে চান। মুক্তিযুদ্ধের ইতিহাসকে সারা দেশের তরুণদের মধ্যে সঞ্চারণ করার জন্য প্রতিটি জেলায় এ ধরনের উৎসব হওয়া উচিত। সে ক্ষেত্রে আমি মনে করি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। প্রতিটি জেলায় না করতে পারলেও সব বিভাগীয় শহরে এ ধরনের উৎসব করা যায়। আমি মনে করি, এ ধরনের উৎসব আয়োজনটা এখন খুবই জরুরি।থিয়েটার আর্ট ইউনিট কি প্রতিবছরই মুক্তিযুদ্ধের নাট্যোৎসব আয়োজন করবে?এখন পর্যন্ত পরিকল্পনায় নেই। কেননা, এ ধরনের উৎসব আয়োজন করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নাটকের দলগুলোর আলাদা করে এ ধরনের উৎসব প্রতিবছর আয়োজন করা কঠিন। আর আমাদের দলের সেই সামর্থ্যও নেই। তবে কোনো দল যদি আয়োজন করে, তাহলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করে সেখানে অংশ নেব। সে ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন কিংবা শিল্পকলা একাডেমী প্রতিবছরই মুক্তিযুদ্ধের এ ধরনের নাট্যোৎসব আয়োজন করতে পারে। কেননা, ফেডারেশন ইচ্ছা করলে সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে উৎসবের খরচের জন্য ফান্ডের ব্যবস্থা করতে পারবে। আর শিল্পকলা নিজেদের খরচেই তা করতে পারে।