সময়ের প্রয়োজনে বাংলা নববর্ষের নগরায়ণ ঘটেছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যুগের ও সময়ের প্রয়োজনে বাংলা নববর্ষের নগরায়ণ ঘটেছে। আগে নববর্ষের আনুষ্ঠানিকতা গ্রামেগঞ্জে সীমাবদ্ধ ছিল, যেটার বিস্তৃতি এখন শহর, নগর, বন্দরে ছড়িয়ে পড়েছে। স্পষ্ট করে বললে, শহরেই এখন বাংলা নববর্ষ জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপিত হয়। একইভাবে গ্রামীণ পিঠা উৎসবও স্থানান্তরিত হয়ে শহুরে উৎসবে পরিণত হয়েছে। তবে শুধু যেন আনুষ্ঠানিকতায় পরিণত না হয় এ বাংলা নববর্ষ উৎসব—সেদিকে লক্ষ রাখতে হবে। আনুষ্ঠানিকতার সঙ্গে নববর্ষের অসাম্প্রদায়িক চেতনা ধারণ ও লালন করা জরুরি।
প্রতিমন্ত্রী আজ বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত ‘বাংলা নববর্ষের নগরায়ণ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কে এম খালিদ আরও বলেন, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এটি ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। এ অনুষ্ঠান পরিণত হয়েছে প্রতিটি বাঙালির কাছে শিকড়ের মিলনমেলায়। নববর্ষ বাঙালি জাতিকে একত্র করে জাতীয়তাবোধে। জীর্ণ-পুরোনোকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি।
বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফাতেমা কাওসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।