সময়ের সংগীত, সমকালীন ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সংগীতের ভান্ডার অনেক সমৃদ্ধ। তার পরও নিজস্ব সংগীতের বলয় থেকে বেরিয়ে পাশ্চাত্য সংগীতের সঙ্গে আমাদের সংগীতের মিশ্রণ করছেন কেউ কেউ। এই নিরীক্ষায় অনেকেই সফল। কিন্তু তবুও বলি, আমাদের মূলধারার সংগীত—আমাদের শক্তি। একতারা, দোতারা, বেহালা, বাঁশির সুর হূদয়কে নাড়িয়ে যায় প্রতিনিয়ত। প্রসঙ্গটি বলার কারণ, এখন নতুন প্রজন্ম অনেকটাই প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। এই প্রযুক্তি এতটাই শক্তিশালী যে, যার কণ্ঠে সুর নেই, তাঁকেও সুরেলা করে দিচ্ছে। আর শ্রোতাদের কাছে সেটা শুভঙ্করের ফাঁকি হয়ে থাকছে। তবে ওই শিল্পীর প্রতি আবিষ্ট হয়ে থাকার মোহটা দুম করে কেটে যাচ্ছে তখনই, যখন শ্রোতা তাঁকে পাচ্ছেন সরাসরি কোনো অনুষ্ঠানে। প্রযুক্তিনির্ভরতা শিল্পীদের কী পরিমাণ নাজুক করে দেয়, তা আমরা দেখেছি এ বছর বিভিন্ন চ্যানেলে মধ্যরাতে প্রচারিত সরাসরি গানের অনুষ্ঠানগুলোতে। তখনই খোলস থেকে যেন বেরিয়ে পড়ছে আসল চেহারাটা। অথচ একই ধরনের অনুষ্ঠানে যখন আমরা একজন প্রতিষ্ঠিত জাতশিল্পীকে পাই, তখন তাঁর সপ্রতিভ কণ্ঠ ও গান—উভয়ই আমাদের মনে আনন্দ তৈরি করছে, বিরক্তি উৎপাদন নয়। নতুনদের সব সময় স্বাগতম জানাই। কিন্তু নতুনদের মধ্যে ধৈর্যের বড় অভাব। তারা অল্পতেই জনপ্রিয় হতে বিভোর। তাদের মধ্যে অনুশীলনের অভাব। এক দিনের মধ্যেই চায় ফলাফল। দু-একটা ভালো গান গেয়ে কয়েক মাসের জন্য ‘বাজার গরম’ করা সম্ভব, শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব নয়। শিল্পী হতে গেলে সাধনা করতে হয়। নিয়মিত চর্চা করতে হয়। আমার দীর্ঘ তিন দশকের সংগীত ক্যারিয়ারে আমি এটা দেখেছি যে একজন সত্যিকারের শিল্পী হওয়ার জন্য শক্তিশালী ভিতের দরকার। সংগীতের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে একজন শিল্পী কখনোই খুব বেশি দূর যেতে পারে না। এখন পুরো সময়টাই চলছে ‘কাট’ ও ‘পেস্ট’-এর মধ্য দিয়ে। প্রযুক্তির ব্যবহারে চলছে গানের স্বাদ বদলের কারসাজি। মৌলিক দিক দিয়ে সংগীতের কোনো গুণগত পরিবর্তন নেই বললেই চলে। অথচ আশি ও নব্বইয়ের দশকে গোটা পৃথিবীজুড়েই ছিল সাংস্কৃতিক উৎকর্ষের দিন। তখনকার দিনে গান ছিল বাণী প্রধান, গানের কথায় অন্ত্যমিল ছিল। গানকে একটা শিল্প হিসেবেই দেখা হতো। বিশ্বায়নের তালে পা ফেলতে গিয়ে আমাদের সংগীত তার নিজস্বতা হারাচ্ছে। শ্রোতাদের রুচি ও পছন্দও বদলাচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন চলছে রিমিক্স বা রিমেকের জোয়ার। তবে সেই জোয়ারে ভাসতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রেই হারিয়ে ফেলছি আমাদের নিজস্বতা। কিন্তু বাংলা গানের নিজস্ব একটা ধারা আছে। আবেগ আছে। বাংলা গানের একটা অভিমান আছে। ‘অভিমান’ বিষয়টি আমাদের জাতিগত। আর বাঙালির মতো সূক্ষ্ম অনুভূতির জাতি পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। এ ছাড়া বাংলার মাটি, বাংলার প্রকৃতি আসলেই মিষ্টি সুরের কথা বলে। এ দেশে যতগুলো বাংলা গান হিট হয়েছে, তার অধিকাংশই হয় ফোকগান, নয়তো কিছুটা ফোক ধাঁচের। এ দেশের মানুষ এখনো গ্রামীণ আবহ ছাড়তে পারেনি। গ্রাম-বাংলার চিরায়ত ঐহিত্য আর কৃষ্টি এখনো আমাদের প্রাণজুড়ে। তাই বাংলাদেশের শেকড়ের সঙ্গে যায় না, এমন কোনো কিছু আমাদের সংগীতে আনা ঠিক নয়। রিমেক গান যাঁরা করেন, তাঁদের কাছে আমার একটাই প্রত্যাশা, বাংলা মাকে শাড়িতেই মানায়। বড়জোর সালোয়ার-কামিজ। কিন্তু দয়া করে মাকে শর্টস পরাবেন না। আরেকটা অনুরোধ, রিমেক করুন, কিন্তু মূল গানের শিল্পীর কাছ থেকে অবশ্যই অনুমতি নেওয়া উচিত।এবার বাংলা চলচ্চিত্রে গানের কথায় আসি। গত এক বছরে বাংলা সিনেমার গানে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। একটা সময় সিনেমায় কেবল একই ধাঁচের গান করা হতো। কিন্তু এখন চলচ্চিত্রের গানে এসেছে নতুনত্ব। সেটা সুরে ও যন্ত্রানুসঙ্গে। চলচ্চিত্রের গান এখন শহরের শ্রোতাদেরও মন জয় করছে। একজন শিল্পীর কাছে সৃষ্টির আনন্দ যতখানি, ঠিক ততখানিই কষ্টের তার সৃষ্টির অবমাননা দেখা। গত বছর দেশের অডিও বাজারে বেশ কিছু ভালো অ্যালবাম এলেও সেগুলো তেমন একটা শ্রোতাপ্রিয় হয়নি। অডিও-বাজারে মন্দার জন্য আমি এফএম রেডিওগুলোকেও দায়ী করতে চাই। তাদের কারণে সদ্য মুক্তি পাওয়া গানগুলো প্রকৃত মর্যাদা পাচ্ছে না। এর সঙ্গে যোগ হয়েছে সস্তা কিছু ওয়েবসাইট আর পাইরেটেড সিডি। এ ছাড়াও খুব সহজেই মোবাইল ফোনের মেমোরি কার্ডে গানগুলো টেনে নিতে পারছে বলে এখন অ্যালবাম কিনে গান শোনা মানুষের সংখ্যা কমেছে।এ বছর সারা দেশেই কনসার্টের জোয়ার ছিল। কেবল গতানুগতিক ধাঁচে গানের কনসার্টই নয়। সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য কনসার্ট, মাদককে ‘না’ বলার পক্ষে কনসার্ট, নারীর প্রতি সহিংসতা রোধে কনসার্টসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। আমার মনে হয়, এ ধরনের কনসার্টে শিল্পীদের সামাজিক দায়বদ্ধতা বাড়ে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কনসার্টগুলো যেন কেবল করপোরেট কোম্পানিগুলোর ব্র্যান্ডিং আর তাদের স্বার্থ রক্ষার হাতিয়ারে রূপ না নেয়।শেষ করছি আমার ছোটবেলার কথা দিয়ে। উৎসবের আগ মুহূর্তে একটা নতুন জামা পরার জন্য মনের ভেতর এক ধরনের আকুলতা কাজ করত। বারবার দর্জির দোকানের সামনে দিয়ে ঘুরতাম; কখন আমারটা তৈরি হবে। এখনো ঠিক সেই একই আকুলতা কাজ করে সংগীতের ক্ষেত্রে। কীভাবে আমার দেশের সংগীতকে, আমার সংস্কৃতিকে সারা বিশ্বে পরিচিত করতে পারব—এই চিন্তায় বিভোর থাকে মন। বাঙালি যেহেতু একান্নবর্তী পরিবারের জাতি। তাই নতুন শিল্পীদের স্বপ্ন দেখাতে হবে আমাদেরই। আমাদের গানে গানেই বাংলা মায়ের ঐহিত্য-কৃষ্টি-সংস্কৃতি-শেকড় তুলে ধরতে হবে। বিশ্বদরবারে মাথা উঁচু করে গাইতে হবে বাংলা গান। অনুলিখন আলী আসিফ