ঢাকায় এলে মঞ্চে নাটক দেখার সুযোগ ছাড়ি না। বরং সুযোগ তৈরি করে নাটক দেখি। আর ভালো লেগে যাওয়া নাটক নিয়ে লেখার সুযোগও ছাড়ি না, নিজের গরজেই লিখি। আজ লিখছি সময়ের প্রযোজনা শেষ সংলাপ নিয়ে। দলে এটি আকতারুজ্জামানের প্রথম নির্দেশনা। এ থেকে ঢাকার মঞ্চে একটা ইতিবাচক প্রবণতা লক্ষ করা যায় যে নতুন নির্দেশকের প্রথম নির্দেশনা বেশির ভাগ ক্ষেত্রেই সফল হচ্ছে। থিয়েটারের নাটক মুক্তির নামও উল্লেখ করব, যেটি ত্রপা মজুমদারের প্রথম নির্দেশনা এবং মঞ্চসফল হয়েছিল। সময়ের নাটক শেষ সংলাপ আমার ভালো লাগা একটি নাটক। শেষ সংলাপ একটি মিসরীয় নাটক। রচনা করেছেন তৌফিক আল হাকিম। তিনি মিসরের অন্যতম প্রধান নাট্যকারদের একজন। তিনি যখন নাটক রচনায় আসেন, তখন মিসরের মঞ্চে অভিনীত বেশির ভাগ নাটকই ছিল ফার্সিক্যাল কমেডি অথবা ইউরোপীয় মাস্টারপিসের অনুবাদ। তৌফিক আল হাকিম মিসরীয় আরেক নাট্যকার আহমেদ সাকির পথ ধরে মিসরীয় নাটকে এনে দিয়েছিলেন বস্তুনিষ্ঠ আর বাস্তবতা। তিনি ইতিহাসকে অনুসরণ করে বর্তমানের গল্প বলেছেন তাঁর নাটকে। ১৯৩৩ সালে গুহাবাসী মানুষেরা রচনা করে তিনি মিসরীয় নাটকে এনে দিয়েছিলেন আমূল পরিবর্তন। সুলতানুজ জান্নাম তিনি লিখেছিলেন ১৯৬০ সালে।সময়ের প্রযোজনা শেষ সংলাপ এই সুলতানুজ জান্নাম-এর বাংলা অনুবাদ, যেটি করেছেন দেশের প্রথিতযশা নাট্যজন সৈয়দ জামিল আহমেদ ও ম সাইফুল আলম চৌধুরী। প্রথমেই বলব, অনুবাদটি ঝরঝরে এবং সংলাপে মিসরীয় নাটকের রসবোধ পুরোপুরি উপস্থিত। অনুবাদিত নাটকের ক্ষেত্রে সংলাপে একধরনের আড়ষ্টতা লক্ষ করা যায়। কিন্তু এই নাটকের সংলাপগুলো যথাযথভাবে বাংলা নাটকের মৌলিক সংলাপের সমান্তরালেই অনূদিত হয়েছে। ফলে মঞ্চে বসে ‘একটি বিদেশি নাটকের ছায়া’ এ জাতীয় অনুভূতি কখনই মনে হয়নি। তৌফিক আল হাকিম একজন মিসরীয় বিচারকের সন্তান ছিলেন। ফলে মিসরীয় বিচারব্যবস্থা তাঁর নাটকে প্রায়ই স্থান পেয়েছে। এ নাটকে তিনি ষোড়শ শতাব্দীর মামলুক শাসনামলকে ভিত্তি করে সমাজের স্তরবিন্যাস ও বিচারব্যবস্থার প্রতি আলোকপাত করেছেন। মামলুক শাসকদের বেশির ভাগই ছিলেন তুর্কি বংশোদ্ভূত ক্রীতদাস। তৎকালীন নিয়ম অনুযায়ী, ক্রীতদাসত্ব মুক্তি ছাড়া পালিত পুত্র সিংহাসনের উত্তরাধিকার গ্রহণ করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যুকালে আগের সুলতান তাঁর পালিত পুত্র বর্তমান সুলতানকে ক্রীতদাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। নাটকের মোড় ঘুরে যায় এখান থেকেই। নিয়ম রক্ষার জন্য বিচার বিভাগ প্রাণান্ত চেষ্টা করে এ সিদ্ধান্তে উপনীত হয় যে যেহেতু সুলতান এখনো ক্রীতদাস এবং আগের সুলতান পরলোকগত, সুতরাং সুলতানকে নিলামে তুলে বিক্রি করা হবে এবং নিলামে বিজয়ী ক্রেতা যদি সুলতানকে মুক্ত করেন, তবেই সুলতান আবার মসনদ ফিরে পাবেন। নিলামে সুলতান এক রাতের জন্য এক গণিকার কাছে বিক্রি হয়ে যান। এবার জনমনে প্রশ্ন জাগে, সামান্য এক গণিকা সুলতানকে মুক্ত করার মতো নির্লোভ হতে পারবেন কি না। পরদিন সকালে সুলতান যথারীতি মুক্ত হয়ে মসনদে ফিরলে নাটকের যবনিকা ঘটে। এ ঘটনার মধ্য দিয়ে দর্শক হিসেবে আমাদের মনে প্রথম যে প্রশ্ন আসে তা হলো, সামান্য এক নিয়ম রক্ষার জন্য দেশের বিচারব্যবস্থার এই প্রহসনের কোনো দরকার ছিল কি না। সুলতানকে গণিকার কাছে বিক্রি করতেও যে বিচারব্যবস্থা কুণ্ঠা করে না, তার প্রতি আমরা কতটা আস্থা রাখতে পারি। দ্বিতীয়ত, আমাদের মনে প্রশ্ন জাগে, মানবিক বিচারে এবং স্বার্থপরতার বিচারে কে বড়? সালতানাতের বিচারব্যবস্থা, নাকি সামান্য এক নারী যে গণিকাবৃত্তি করে জীবিকা অর্জন করেন। তৌফিক আল হাকিমের সুলতানুজ জান্নাম এভাবেই বাস্তবতাকে অঙ্গুলি নির্দেশ করে ইতিহাসনির্ভর নাটক হয়ে যায়। আর এভাবেই সময়ের প্রযোজনা শেষ সংলাপ বর্তমান সময়ের একটি সু-অভিনীত নাটক হয়ে যায়। সু-অভিনয় শব্দটার যথার্থ অর্থ যদি হয় চরিত্রানুযায়ী অভিনয়, তবে শেষ সংলাপ শুরু থেকে শেষ পর্যন্ত সু-অভিনয়ে পূর্ণ ছিল। সুলতানের চরিত্রে অভিনয় করেছেন পাভেল ইসলাম। ঘটনার আকস্মিকতায় বিচলিত সুলতানের কিংকর্তব্যবিমূঢ়তা তাঁর অভিনয়ে স্পষ্টভাবে অনুসরণ করা গেছে। গণিকার কুটিরে তাঁর সেই বিচলিত ভাবের সঙ্গে যুক্ত হয় আরও এক নতুন মাত্রা, আর তা হলো রোমাঞ্চ। পাভেল ইসলাম এই বিচলিত রোমান্টিকতাও বেশ দক্ষতার সঙ্গে তাঁর অভিনয়ে মেলে ধরেছেন। উজিরের চরিত্রে আরিফুজ্জামান, শুঁড়িওয়ালা আনোয়ার হোসেন চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে গেছেন, যা নাটককে সমৃদ্ধ করেছে অনেকাংশে। নতুন অভিনয়ে আসা শিল্পীদের মঞ্চে একধরনের আড়ষ্টতা থাকে, যা মহিলার চরিত্রে ঈশিতা চাকির অভিনয়ে লক্ষ করা গেছে। যদিও আমি নিশ্চিত নই যে মঞ্চে তিনি নতুন কি না। নাটকটির আরও কিছু প্রদর্শনী হলে আমার বিশ্বাস, তিনি এই আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবেন। কাজির চরিত্রে রিয়াজ মাহমুদ জুয়েলের কথা বিশেষভাবে উল্লেখ করতে হবে। কারণ, সারা নাটকে তাঁর অভিনয় প্রতিভা দেখে দর্শকেরা মুগ্ধ হয়েছে। কণ্ঠের সুকৌশল ব্যবহার আমাদের চমকিত করেছে। তাঁর অভিনয়ের কারণে শেষ সংলাপ নাটকের কাজি চরিত্রটি দর্শকেরা অনেক দিন মনে রাখবে বলে আমি নিশ্চিত। নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। ঢাকার মঞ্চে তিনি অন্যতম প্রধান মঞ্চ পরিকল্পক। ইতিমধ্যে তিনি নিজস্ব একটা ধারা তৈরি করে নিয়েছেন, যার প্রধান অনুষঙ্গ হলো ‘সিম্পলিসিটি’। আলোক, পোশাক ও সংগীত পরিকল্পনার ক্ষেত্রে একটা কথাই বলব, তা হলো নাটকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আলমগীর হোসেনকে আলো, আমিনুর রহমানকে পোশাক আর কমল খালিদকে সংগীত পরিকল্পনার জন্য বিশেষ ধন্যবাদ। আপনারা সবাই নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য। অন্য একটি দলের হয়ে কাজ করার মতো বড় মন আপনাদের আছে। নাটকের নির্দেশক আকতারুজ্জামানের কথা আমি শুরুতেই বলেছি। প্রথম নাটকেই আকতার সফল। তিনি যেমন অভিনয় আদায় করে নিয়েছেন প্রয়োজনমাফিক, তেমনি কারিগরি দিকেও তাঁর নজর ছিল সজাগ। ঢাকার মঞ্চের নামকরা সব কুশীলবের কাছ থেকে তিনি আদায় করে নিয়েছেন তাঁদের যথাযথ সৃজনশীলতা। আকতারুজ্জামান, আপনাকে অভিনন্দন।