সরকারি আমন্ত্রণে কলকাতায় জেমস
সপ্তাহ ঘুরতেই আবার কলকাতা যাচ্ছেন জেমস। কাল বিকেল সাড়ে চারটায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। রাস্ট্রীয় সফরে ওয়েস্ট বেঙ্গল টুরিজম অ্যান্ড ফুড ফেস্টিভালে অংশ নিতেই এ তারকা শিল্পীর কলকাতা যাত্রা। ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় এ উত্সবে বাংলাদেশের জেমস ছাড়াও ভারতের বেশ কটি নামকরা ব্যান্ডদল সংগীত পরিবেশন করবে। এর আগে গত ৩১ ডিসেম্বর রাতে কলকাতা টেলিভিশনে সংগীত পরিবেশন করেছিলেন জেমস। তার ঠিক এক দিন পরই ২ জানুয়ারি ঢাকার আর্মি স্টেডিয়ামে একটি মোবাইল ফোন কোম্পানির আয়োজনের একটি কনসার্টে গান পরিবেশন তিনি। ওয়েস্ট বেঙ্গল টুরিজম অ্যান্ড ফুড ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠানেই থাকবে জেমসের পরিবেশনা। কলকাতা যাওয়ার আগে জেমস বলেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে এই সফরটা অবশ্যই আনন্দের ও সম্মানের।’তিন ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে জেমস প্রায় ২৪টি জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করবেন। তিনি ৮ জানুয়ারি দেশে ফিরবেন।