সরোদ বাজছিল, আবৃত্তি করছিলেন মৌসুমী ব্যানার্জি। সরোদের সুরের সঙ্গে মৌসুমীর কথার এই যুগলবন্দীতে তবলা বাজাচ্ছিলেন দেবজিৎ পতিতুণ্ডী। সুরের ডানায় যে কথারা অন্ধকার মিলনায়তনে উড়ে বেড়াচ্ছিল, সেই কথাগুলো মৌসুমী ব্যানার্জির নিজের কথা। কবিতা লেখেন তিনি, গানও করেন।
গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে কবিতা ও সরোদের এই যুগলবন্দীর আয়োজন করেছিল ঢাকা মহানগর রোটারি ক্লাব।
মৌসুমী ব্যানার্জি আবৃত্তি করেছেন নিজের কাব্যগ্রন্থ একলা ঘর থেকে। গত ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগানে বইটির মোড়ক উন্মোচন করেছিলেন কবি শঙ্খ ঘোষ। শখের সরোদবাদক রাজীব চক্রবর্তী। মৌসুমী ও রাজীব দুজনই পেশায় চিকিৎসক। বাংলাদেশে এসেছেন ক্যানসার বিষয়ে গ্রামের নারীদের সচেতন করতে। সিরাজগঞ্জের বাগডুমুর ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিকে ওই ইউনিয়নের নারীদের আজ ক্যানসার বিষয়ে সচেতন করবেন তাঁরা।
প্রথমবার বাংলাদেশে এসে ভীষণ ভালো লেগেছে মৌসুমীর। তাঁর প্রত্যাশা, সুযোগ পেলে যেকোনো সময় আবারও আসবেন।
অনুষ্ঠানের শেষে এই আয়োজন নিয়ে দর্শকদের উদ্দেশে কথা বলেন রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮১ বাংলাদেশ চ্যাপ্টারের গভর্নর সাকিনা রহমান, পরবর্তী গভর্নর এফ এইচ আরিফ প্রমুখ।
ঢাকা মহানগর রোটারি ক্লাবের সচিব (সেক্রেটারি) শ্রাবণী সরকার বলেন, ‘এই শিল্পীদের কেউই পেশাদার শিল্পী নন। তবে তাঁরা ভালো বাজান এবং আবৃত্তি করেন। আমরা তাঁদের পরিবেশনা থেকে বঞ্চিত হতে চাইনি।’