সর্বকালের সেরা বন্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে দেখে যতই মনে হোক খ্যাঁদা নাক, রজার মুরের নাক আসলে উঁচু। মানে স্বভাবে আরকি! ঠাটবাট তাঁর ভালোই। প্রশংসা জিনিসটা হাত টিপেই খরচ করতে পছন্দ করেন। হবে না-ই বা কেন। বন্ড সাম্রাজ্য সবচেয়ে বেশি দিন শাসন করেছেন। জেমস বন্ডের মুকুটও সবচেয়ে বেশি দিন ধরে ছিল তাঁরই মস্তকে। ক্যালেন্ডারের হিসাবে এক যুগ, ছবির সংখ্যায় সাত। অনেকেরই চোখে মুরের দ্য স্পাই হু লাভড মি-ই সর্বকালের সেরা বন্ড ছবি।সেই মুর রীতিমতো মুগ্ধ। স্কাইফল দেখে তাঁরই একরকম ‘ফল’ হয়ে গেছে, ড্যানিয়েল ক্রেগকে চড়িয়ে দিয়েছেন ‘স্কাই’-এ। ঘোষণার সুরেই মুর বলেছেন, জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবিই ছাড়িয়ে গেছে আগের ২২টি ছবিকে।এ নিয়ে তর্ক হতেই পারে। কে সেরা—এ প্রশ্নের মীমাংসা করা কঠিন। যাঁর চোখে ম্যারাডোনা সেরা, হাজার যুক্তি দিয়েও পেলেকে ঠাঁই দেওয়া যাবে না তাঁর মনে। যিনি পেলেকেই মনে করেন সর্বকালের সেরা, তাঁর কাছে ‘ম্যারাডোনা আবার কে?’ যুগ পাল্টায়, সময় পাল্টায়, সময়ের মহানায়ক পাল্টান। ফলে মেসিকে যাঁরা সর্বকালের সেরা মনে করবেন, তাঁদের কাছে পেলে-ম্যারাডোনা স্রেফ অতীত।একইভাবে জেমস বন্ডের ২৩টি ছবিকে পাল্লায় মাপার চেয়ে পদার্থবিজ্ঞানের জটিলতর কোনো সূত্র বোঝা অনেক সহজ একটা কাজ। সেরা নির্ণয়ের প্রশ্নটায় অনেক মাপকাঠি, অনেক পারিপার্শ্বিকতা চলেই আসে। তবে একটা জায়গায় স্কাইফল কিন্তু আগের ২২ ছবির চেয়ে অনেক এগিয়ে গেল। এই ছবির প্রথম সপ্তাহটি হয়েছে ধুন্ধুমার। এত ভালো ‘ওপেনিং’ আর কোনো বন্ড ছবির হয়নি।বন্ড তো বন্ড, যুক্তরাজ্যের ইতিহাসেই সব ছবি মিলিয়েই সবার চেয়ে ভালো শুরুর রেকর্ড করেছে স্কাইফল। ২৩ অক্টোবর লন্ডনে প্রিমিয়ারের তিন দিন পর পুরো যুক্তরাজ্যে মুক্তি দেওয়া হলে প্রথম সপ্তাহে স্কাইফল ঘরে তোলে তিন কোটি ৭২ লাখ পাউন্ড। স্কাইফল ছাড়িয়ে গেছে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-এর দ্বিতীয় পর্বের রেকর্ড। ওই ছবি প্রথম সাত দিনে আয় করেছিল তিন কোটি ৫৭ লাখ পাউন্ড!বন্ড তাদের ঘরের ছেলে। ব্রিটিশরা সাদরে তো বরণ করে নেবেই। তবে উত্তর আমেরিকায়ও কিন্তু মাতিয়ে দিচ্ছে স্কাইফল। ৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পরপরই আয় করেছে তিন কোটি ৩০ লাখ ডলার। এই রোববার আসতে আসতে আয়ের পরিমাণ আট, সাড়ে আট কোটি ডলারে পৌঁছে যাবে বলেই পূর্বাভাস। গত রোববার পর্যন্ত সারা বিশ্বে স্কাইফল আয় করেছে সাড়ে ৩৫ কোটি ডলার। সেটিও মাত্র মুক্তির কয়েক দিনের মাথায়। সাত দিন না পেরোতেই বাজেটের দ্বিগুণ প্রযোজকের পকেটে চলে গেছে। এই ছবির আনুমানিক বাজেট ১৫ থেকে ২০ কোটি ডলার। সাধে কি ৫০ বছর ধরে চলছে জেমস বন্ড!হুম্ম্, ঠিক ৫০। গত মাসেই জেমস বন্ড পূর্ণ করেছে তার পথচলার আধা শতাব্দী। এ নিয়ে প্রচার-প্রচারণার একটা ইতিবাচক প্রভাব তো অবশ্যই স্কাইফল-এর ওপর পড়েছে। তবে যদি ভেবে থাকেন, স্রেফ হুজুগের জোরে বক্স অফিস কাঁপাচ্ছে এই ছবি, তাতেও ভুল করবেন। ছবির মধ্যে যথেষ্ট মাল-মসলা ঢেলেছেন পরিচালক স্যাম মেন্ডেস। এ কারণে ‘রোটেন টোমাটোস’ কোনো পচা টমেটো না ছুঁড়ে দিয়েছে ৯২ শতাংশ রেটিং। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর চলচ্চিত্র সমালোচক রবি কলিন লিখেছেন, ‘স্কাইফল কখনো কখনো চোখ-ধাঁধানো, সব সময়ই দুঃসাহসী, হাস্যরসে ভরপুর।’ টাইমস-এর কেট মুইর লিখেছেন, ‘স্কাইফল ক্লাসিক বন্ড ঘরানায় বিজয়দৃপ্ত প্রত্যাবর্তন।’ সেখানেই তিনি ঘোষণা করেছেন, এটাই বন্ড সিরিজের সর্বকালের সেরা ছবির মর্যাদা পাবে।অভিনেতা রজার মুর কিংবা সাংবাদিক কেট মুইরের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, সেটাই এখন দেখার!রাজীব হাসানএলএ টাইমস ও হলিউড রিপোর্টার অবলম্বনে