সর্বজয়া রোদে
চলচ্চিত্রে অভিনয়ের জন্য পর পর দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা অভিনয়শিল্পীর জয়মুকুটও পেয়েছেন ২০১২ সালে। সেদিন সকালবেলা তাঁর নিউ ইস্কাটনের ফ্ল্যাটে বিকেলের রোদেলা আভা ছিল জয়া আহসানের মুখে...

তাঁর ফ্ল্যাটে বসে তাঁর সঙ্গে আমাদের কথা হয়েছিল বেশ আগে—ঈদের ঠিক আগ মুহূর্তে। পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবিটি তখন সিনেমা হলে যাওয়ার অপেক্ষায়। সে সময় এ ছবি প্রসঙ্গে আমাদের খুব বেশি বাতচিৎ হয়নি। তিনি শুধু বলেছিলেন, ‘এ ছবিতে প্রেম + থ্রিলার + অ্যাকশন = আছে সবকিছুই। আমি এখানে বাংলা ছবির নায়িকা চরিত্রে অভিনয় করতে চেয়েছি।’ এরপর কথার খোলস আরও আলগা করলেন, ‘মানে বুঝলেন না, আমি সব সময় পান্তাভাত খাব, তা তো হয় না। আমি যে পোলাও-ও খেতে পারি, সেটাই দেখতে চেয়েছি। অভিনয়শিল্পী হিসেবে আমি নানা বর্ণের বিচিত্র গড়নের চরিত্রের স্বাদ নিতে চাই। এ জন্যই ছবিটি করেছি।’
এখন জয়া আহসান অভিনীত সেই চলচ্চিত্রটি বড় পর্দায় দেখতে পাচ্ছেন দর্শক। না, সেদিকে যাব না; বরং আমরা এখন ফিরে যেতে চাই ভিন্ন এক ভুবনে: মনে করুন, বিকেল বেলা, চারদিকে মিহি রোদ। মনে করুন, নিউ ইস্কাটনে নিজের ফ্ল্যাটের এক চিলতে বারান্দায় একাকী দাঁড়িয়ে মেয়েটি চারপাশের হলুদ আলোর সঙ্গে মিলেমিশে একাকার, মিষ্টি আলোর সামনে আলোড়িত হচ্ছে ক্ষণে ক্ষণে। তাঁর হাতে এক পেয়ালা সবুজ রঙের চা। হঠাৎ মনে হলো, পাশে টবের তেঁতুলগাছটিও তাঁর সঙ্গে বেড়ে উঠছে!
পাঠক, লেখার এ রকম বর্ণনায় আপনি হয়তো ভাবতে পারেন, এটি নাটকের একটি চমৎকার দৃশ্য। কিন্তু আপনার সেই ভাবনার মুখে ছাই—নিজের সঙ্গে একা থাকলে বাস্তবেই এমন হয় জয়া আহসানের। তখন এই অভিনয়শিল্পীর হাতে থাকে কোনো বই; বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে কোনো এক সময় হঠাৎ মনে হয়, এই তো জীবন!
তাঁর সঙ্গে কথাবার্তার মুহূর্তে এ লেখাটি হলদে-রাঙা বিকেলের বর্ণনা দিয়ে শুরু হবে, এমনটাই ভেবেছি। কিন্তু এর মধ্যে সময় যে গড়াল—লেখার শুরুও গেল বদলে!
এখন কোথা থেকে শুরু হবে লেখাটি? আচ্ছা, জয়াকে ওই যে প্রশ্ন করেছিলাম, ‘জয়া’ শব্দের অর্থ কী? এক চিলতে হাসির শব্দে মজা করে তিনি বললেন, ‘হরীতকী—আমি অভিধানে দেখেছি!’ এরপর আবার বললেন, ‘জয়া মানে সর্বজয়া।’—লেখাটি তো এখান থেকেও শুরু হতে পারে, তাই না?
শুরু নিয়ে মাথা ঘামিয়ে লাভ কী—শুরু চুলোয় যাক! এই ফাঁকে আপনাদের জানিয়ে দিই, ‘জয়া’ নামটি রেখেছিলেন তাঁর বাবা এম. এ. এস. মাসউদ। কিন্তু বাবা কি সেদিন জানতেন, একদিন কর্কট রাশির এ মেয়েটি বলবেন, ‘ঢাকা আমার খুব প্রিয়। ঢাকার ওপর সবাই এত বিরক্ত; কিন্তু আমি ভাবি, সিটি লাইফে গাড়ির কালো ধোঁয়াটা কখন নাকে এসে লাগবে।’
আরেকটি তথ্য: সিটি লাইফে অভ্যস্ত জয়া চলাচল করেন গাড়িতে। তবে এ অভিনয়শিল্পীর মন পড়ে থাকে রিকশার দিকে। ‘আমি তো রিকশায় চলি। মেঘলা দিনে হয়তো কোনো বন্ধুকে ফোনে বললাম, চলো তো রিকশায় ঘুরে আসি—আমি আসলে এমনই।’ সকালবেলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে ঢাকা শহর দেখা কিংবা হলুদ বিকেলকে সামনে নিয়ে বসে থাকা—এসবই তাঁর একান্ত ভুবন।
আমরা এবার সেই ভুবন থেকে বের করে আনি তাঁকে। বলি, অভিনয়শিল্পী জয়া আহসানের কথা শুনব। মুহূর্তে এক ভুবন ছেড়ে তিনি চলে এলেন অন্য এক পৃথিবীতে। কণ্ঠে ভারিক্কি ভাব, ‘এই তো কয়েক দিন আগে সি আই আই বিগ পিকচার সামিটে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অভিনয়শিল্পী হিসেবে দিল্লি গিয়েছিলাম। অনেকের সঙ্গে দেখা হলো সেখানে—মনিকা টাটা থেকে শুরু করে মহেশ ভাট, অশোক অমৃতরাজ, মনোজ বাজপেয়ী, বিবেক ওবেরয়। বলিউডের চলচ্চিত্রকে জনপ্রিয় করতে এটা একটি বড় উৎসব। হয়েছিল ১৩ ও ১৪ সেপ্টেম্বর। হলিউডের অনেকেও এসেছিলেন।’
আপনি তো বেশ আসা-যাওয়ার ভেতরে আছেন। এ বছরই কান চলচ্চিত্র উৎসবে গেলেন...। আমরা কথা বলি, জয়া নিশ্চুপ।

অন্য এক প্রসঙ্গে বললেন, ‘আমি আসলে মূল ধারার লোক নই। যখন নাটক করেছি, তখনো মূল ধারার নাট্যনির্মাতাদের সঙ্গে কেন যেন কাজ করা হয়নি; চলচ্চিত্রেও দেখি আমার একই অবস্থা...হা হা হা।’
হঠাৎই হাসি থেমে গেল এরপর, ‘আমাদের দেশে অনেক ভালো তরুণ নির্মাতা আছেন। কিন্তু তাঁরা ঠিকমতো লজিস্টিক সাপোর্ট ও পরিচর্যা পাচ্ছেন না। চলচ্চিত্র বানানোর স্বপ্ন নিয়ে এসে এখন বাধ্য হয়ে তাঁরা অ্যাড ফিল্ম বানাচ্ছেন—কী যে খারাপ লাগে এসব দেখে!’
দুঃখটা যে কৃত্রিম নয়, গলার স্বরেই বোঝা গেল।
প্রথমবার গেরিলার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ বছর পাচ্ছেন চোরাবালি ছবিতে। আর মেরিল-প্রথম আলো দর্শক জরিপ-২০১২ তেও চোরাবালি চলচ্চিত্রে অভিনয় করে সেরা নারী অভিনয়শিল্পী আপনি...।
‘অনুভূতি জানতে চান? হ্যাঁ, পুরস্কার পাওয়া তো অবশ্যই আনন্দের। তবে পুরস্কারের আকাঙ্ক্ষা তেমনভাবে কাজ করে না আমার মধ্যে। সব সময় নিজেকে ভাঙতে চাই আমি—ভেঙে আবার গড়তে চাই...এই তো।’
পাদটীকা: সেদিন আমাদের কথোপকথন শেষ হয়নি। জয়া আহসানকে বলেছিলাম, মুঠোফোনে বাকি কথা সেরে নেব। এর পরই আবার বললাম, আপনি তো মাঝেমধ্যেই ফোন ধরেন না। কখনো বা ফোন বন্ধ রাখেন, তাহলে কথা হবে কীভাবে?
জয়ার উত্তর, ‘আই হেইট মোবাইল।’—বলেই ছড়িয়ে দিলেন মিষ্টি হাসির রোদ। আর আমাদেরও এ সময় মনে হলো, মিহি-সর্বজয়া রোদের প্রেমে পড়া মেয়েদের মুঠোফোন না ধরার বাতিক তেমন খারাপ কিছু নয়!