সর্বাত্মক যুদ্ধের প্রমাণ এই পাসপোর্ট: আলফঁনসি
‘এটা যে একটা সর্বাত্মক যুদ্ধ ছিল, তার প্রমাণ এই পাসপোর্ট। বাংলাদেশের সাধারণ মানুষ ছিল মুক্তিকামী, মুক্তির আকাঙ্ক্ষা গোটা দেশকে সংঘবদ্ধ করেছিল।’
গত শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানে এ কথা বলেন ফ্রান্সের সাংবাদিক ফিলিপ আলফঁনসি। ৪৩ বছর ধরে সযত্নে আগলে রাখা মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের ইস্যু করা একটি পাসপোর্ট জমা দিতে বাংলাদেশে এসেছেন তিনি। মুক্তিযুদ্ধ জাদুঘরের মহাপরিচালক মাহবুব আলমের হাতে আলফঁনসি পাসপোর্টটি তুলে দেন।
আলফঁনসি বাংলাদেশের মুক্তিসংগ্রামের একজন সাক্ষী। তাঁর কাছে থাকা ভিডিও ফুটেজ, ছবি ও তাঁর স্মতিচারণা নিয়ে ‘বাংলাদেশ একটি পতাকার জন্ম’ শীর্ষক একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির পরিচালক প্রকাশ রায়। এ কাজে তাঁকে সহযোগিতা করেছেন ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েতউল্লাহ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী ও ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েতউল্লাহ বক্তব্য দেন।