সর্বাধিক পারিশ্রমিক পাওয়া বন্ড তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পঞ্চাশ বছরে ‘বন্ড’ সিরিজের ছবিগুলোর সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বন্ড তারকাদের পারিশ্রমিকও। এ দৌড়ে সব বন্ড তারকাকে পেছনে ফেলে বেশি পারিশ্রমিক ঝুলিতে ভরেছেন বর্তমান বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ। ‘বন্ড’ সিরিজের ছবিতে অভিনয় করে তিনি পকেটে পুরেছেন সাড়ে নয় মিলিয়ন পাউন্ড।১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘জেমস বন্ড’ সিরিজের প্রথম ছবি ‘ডক্টর নো’তে অভিনয় করে শন কনরি আয় করেছিলেন ১০ হাজার পাউন্ড। এ সিরিজের ছয়টি ছবির জন্য সব মিলিয়ে তাঁর আয় ছিল দুই লাখ ১৮ হাজার পাউন্ড। বর্তমান বাজারদরে তাঁর এ আয়ের পরিমাণ প্রায় তিন মিলিয়ন পাউন্ড। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে ‘ডেইলি মেইল’।অন্যান্য বন্ড তারকার মধ্যে রজার মুর, টিমোথি ডালটন ও পিয়ার্স ব্রসন্যানের আয় ছিল যথাক্রমে ৬.৩ মিলিয়ন, ৫.৪ মিলিয়ন ও ৮.৭ মিলিয়ন পাউন্ড। আর বন্ড সিরিজের তিনটি ছবিতে অভিনয়ের পারিশ্রমিক মিলিয়ে ড্যানিয়েল ক্রেইগ আয় করেছেন ৯.৬ মিলিয়ন পাউন্ড। এদিকে, গত ২৩ অক্টোবর মুক্তি পাওয়া ‘জেমস বন্ড’ সিরিজের ২৩তম ছবি ‘স্কাইফল’ এরই মধ্যে আয় করেছে ৬৬৯ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্য দিয়ে বন্ড ছবির ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়েছে ‘স্কাইফল’। ‘বন্ড’ সিরিজের পরবর্তী দুটি ছবি তৈরির পরিকল্পনাও করে ফেলেছেন নির্মাতারা। ২০১৪ ও ২০১৬ সালে মুক্তির সম্ভাবনা রয়েছে এই দুই ছবির।