সশরীরে নন, ছিলেন দর্শকদের হৃদয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ চাকা নাটকের ২৫তম প্রদর্শনীর একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ চাকা নাটকের ২৫তম প্রদর্শনীর একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

পরিপাটি সাজানো সবকিছু। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, লবি এমনকি সেমিনার হলের ভেতরে-বাইরে ব্যানার, পোস্টার, আলোকচিত্র। আলোকচিত্রে একজন মানুষেরই অবয়ব। ঢোল বাজল, গান-নাচ হলো। আগ্রহ ভরে নাটক দেখল দর্শক। এত সব আয়োজনে শুধু ওই ছবির মানুষটি নীরব। তিনি সেলিম আল দীন। বেঁচে থাকলে গতকাল ১৮ আগস্ট ৬৬ বছর পূর্ণ হতো তাঁর। না থাকার শূন্যতাকে মেনে নিয়েই জয়ন্তীর আয়োজন করেছে ঢাকা থিয়েটার, স্বপ্নদল, বুনন থিয়েটার এবং সেলিম আল দীনের অনুরাগী, অনুসারীরা।
‘নিকষ আঁধারে সদা জাজ্বল্যমান, ঐতিহ্য রবীন্দ্রনাথ সেলিম আল দীন’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’ উদ্বোধন করেন স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা। নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সেলিম আল দীনের জীবন-শিল্পকর্ম-দর্শন নিয়ে আলোচনা এবং ‘নাট্যাচার্য সেলিম আল দীন: নবীন দর্শকের দৃষ্টিতে’ শীর্ষক সেমিনার। সন্ধ্যায় নাসির উদ্দীন ইউসুফের নেতৃত্বে সেলিম আল দীনের প্রতিকৃতিতে প্রদীপ জ্বালান অতিথিরা।
‘শব্দে শব্দে শূন্যতায় বাজে পূর্ণতার শঙ্খ’ স্লোগানে নাট্যাচার্যের উৎসবের আয়োজন করে বুনন থিয়েটার। নাট্যশালার করিডরে বিকেল থেকেই শুরু হয়ে যায় এই আয়োজন। সেলিম আল দীনের গানের ওপর অভিনয় ও কোরিওগ্রাফি পরিবেশন করেন বিভিন্ন দলের কর্মীরা।
সন্ধ্যায় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় সেলিম আল দীন রচিত ও আনন জামান নির্দেশিত চাকা নাটকের ২৫তম প্রদর্শনী। সেলিম আল দীন সশরীরে ছিলেন না কাল, কিন্তু ছিলেন উপস্থিত দর্শকদের হৃদয়ে।