সহকর্মীদের শোকগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুটিংয়ের দিনগুলো চোখে ভাসে: রাজ্জাকআমি তাঁকে ডাকতাম ভদ্র নায়ক বলে। শুধু আমি কেন, পুরো চলচ্চিত্রের মানুষেরাই তাঁকে ভদ্র মানুষ বলে জানেন। তাঁর সঙ্গে আমার একাধিক ছবিতে কাজ করার সুযোগ হয়েছিল। যেমন, আমার বদনাম ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছি। তিনি তাঁর পরিচালনায় রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবিতে আমাকে নিয়েছিলেন। সেসব ছবির শুটিংয়ের দিনগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। এই মানুষটির সঙ্গে অনেক দিন দেখা নেই। অসুস্থতার খবর পেয়ে গেলাম হাসপাতালে। শুনলাম চলে গেছেন। মুঠোফোনে কথা হলো। তারপর...। চলেই গেলেন। আর কেউ ফোন করে বলবেন না, ‘রাজ্জাক সাহেব, পরিবারের সবাই ভালো আছে তো। একদিন আসুন না বাসায়। এক কাপ চা খেয়ে যাবেন।’ মনটা খারাপ হয়ে গেছে। আজ আমার শুটিং ছিল, কিন্তু কাজে মন বসাতে পারছি না। আর দেখাও হলো না: হুমায়ূন আহমেদঅভিনেতা বুলবুল আহমেদ আমার লেখা একটি নাটকেই কাজ করেছিলেন—এইসব দিনরাত্রি। বিটিভিতে প্রচারিত হয়েছিল এই ধারাবাহিকটি। সে অনেক দিন আগের কথা। তাই সবকিছু মনে পড়ছে না। তবে একটি স্মৃতি মনে পড়ছে। বেশ স্বাভাবিক অভিনয় করতেন তিনি। মনে পড়ে, এইসব দিনরাত্রি নাটকে একটি দৃশ্যে আমি তাঁকে লুঙ্গি পরতে বললাম। বুলবুল আহমেদ বললেন, তিনি লুঙ্গি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তিনি পাজামা-পাঞ্জাবি পরতে চাইলেন। আমরাও আর নিষেধ করলাম না। বেশ ভালোভাবেই কাজটা করলাম আমরা।অনেক দিন তাঁর সঙ্গে আমার দেখা হয়নি। বেশির ভাগ সময় তাঁর সঙ্গে আমার ঢাকা ক্লাবে দেখা হতো। ওখানেই তাঁর সঙ্গে আমার শেষ দেখা। সেদিন সঙ্গে তাঁর স্ত্রী এবং ছোট মেয়ে ঐন্দ্রিলা ছিল। কথা হলো কিছুক্ষণ। বললেন, ‘শরীরটা ভালো নেই। আমার জন্য একটু দোয়া করবেন।’ খেয়াল করে দেখলাম, মানসিকভাবে তিনি কিছুটা ভেঙে পড়েছেন। এরপর আর কোনো কথা হলো না, দেখাও হলো না। তাঁর মধ্যে ছিল সহযোগিতার মনোভাব: আসাদুজ্জামান নূরআমার খুব শ্রদ্ধার মানুষ ছিলেন তিনি। আমরা যাঁরা টিভি নাটকের সঙ্গে জড়িত, তাঁরা এমনিতেই চলচ্চিত্র অঙ্গনের মানুষদের দূরের মনে করতাম। কিন্তু যে একজন মানুষের কল্যাণে আমরা চলচ্চিত্রের মানুষজনের কাছাকাছি যেতে পেরেছিলাম, তাঁদের মধ্যে বুলবুল আহমেদ একজন। তাঁর মধ্যে ছিল সহযোগিতার মনোভাব। তাঁর সঙ্গে শেষ দেখা হয়েছিল কেরামত মওলার ছেলের বিয়ের অনুষ্ঠানে। কুশল বিনিময় করলাম। বললেন, ‘দোয়া করবেন, আমি যেন সুস্থ হই। সুস্থ হয়ে আপনার টিভি চ্যানেলে আসতে পারি।’ আমি বললাম, ‘আপনি তো সুস্থই আছেন। যখন খুশি আসবেন।’ এরপর বুলবুল ভাইয়ের আর আসা হলো না। মনে পড়ছে এইসব দিনরাত্রি ধারাবাহিকের কথা। একটি পরিবারের সদস্য হয়ে কাজ করেছিলাম আমরা। এই পরিবারের সদস্যদের মধ্য থেকে চলে গেলেন বুলবুল ভাই। মুখের স্মৃতিচিহ্নটুকুই রেখে গেলেন: চাষী নজরুল ইসলামশরৎ বাবুর উপন্যাস পড়ে ‘দেব’ চরিত্রে কাকে নেব, এ কথা ভাবছিলাম। এর মধ্যে টিভিতে ইডিয়ট নাটকে দেখলাম বুলবুল আহমেদকে। মুগ্ধ হয়ে গেলাম। বুলবুল আহমেদকে নিয়ে নিলাম। এতটা স্বাভাবিক অভিনয় তাঁর কাছ থেকে পাব ভাবিনি। আমার দেবদাস চলে গেছেন। রেখে গেছেন কিছু স্মৃতি। এই তো কিছুদিন আগে হাসপাতাল ছেড়ে যখন বাসায় ফিরলেন, আমাকে দুপুরে ভাত খাওয়ার দাওয়াত দিলেন। খাওয়ার টেবিলে বললেন, ‘চাষী, চলে যাওয়ার সময় হয়ে এসেছে।’ আমি একটু রেগে গিয়ে বললাম, ‘কী বলছেন?’ বুলবুল আহমেদ একটু হাসলেন। সেই হাসির সঙ্গে চোখে কান্নাও ছিল। এই মুখের স্মৃতিচিহ্নটুকুই আমার কাছে রেখে গেলেন দেবদাস। পারু ও চন্দ্রমুখী বেঁচে আছি, দেবদাস নেই: আনোয়ারাখুব বেশি কাজ করা হয়নি বুলবুল ভাইয়ের সঙ্গে। দেবদাস ছবিতে চন্দ্রমুখী চরিত্রে কাজ করেছিলাম। সত্যি এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় দেবদাস ছবির সঙ্গে আমাদের জীবনের। পারু ও চন্দ্রমুখী—আমরা দুজনই বেঁচে আছি, কিন্তু শরৎ বাবুর দেবদাসের মতোই বুলবুল ভাই চলে গেলেন আমাদের কাঁদিয়ে। আজ একটা কথা না বললেই নয়, বুলবুল ভাই আমাদের যতটা ভালোবাসা দিয়েছিলেন, আমরা তাঁর ভালোবাসার সেই প্রতিদান কী দিতে পেরেছি? একটি দিনের কথা মনে পড়ছে। বুলবুল ভাই তখন পরিচালক। সম্ভবত চাষী ভাইকে নিয়ে আমার বাসায় এলেন। একটি ছবিতে নেবেন আমাকে। যখন বেরিয়ে গেলেন, তখনি বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ‘ভাই, একটু দাঁড়ান, আলো নিয়ে আসি, সিঁড়ি পেরুতে হবে আপনাকে।’ বুলবুল ভাই আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, ‘তার আর প্রয়োজন নেই। কারণ আলো তো আমার সামনেই আছে।’ আমি আর বুলবুল ভাই হেসে দিলাম। বুলবুল ভাইয়ের সেই হাসিমাখা মুখটা আমার চোখের সামনে আজও ভেসে ওঠে বারবার।  সাক্ষাৎকার নিয়েছেন: কামরুজ্জামান