সহকারী শিল্পীদের পরীমনির উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীমনি
পরীমনি

পবিত্র ঈদুল আজহায় বাংলা ছবির সহকারী শিল্পীদের পাশে দাঁড়ালেন নায়িকা পরীমনি। কোরবানির জন্য তাঁদের একটি গরু উপহার দিয়েছেন তিনি। গত মঙ্গলবার ঈদের দিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতরে গরুটি কোরবানি দেওয়া হয়।

ঈদের আগের দিন সোমবার বাংলা ছবির ‘এক্সট্রা’ বলে পরিচিত সহকারী শিল্পীদের নিয়ে প্রথম আলোয় প্রকাশিত হয় ‘ছবি নেই, কাজ নেই, ঈদের আনন্দও নেই’ শিরোনামের একটি সংবাদ। সেটি পড়ে তাঁদের জীবনের কথা জেনে শিল্পীদের জন্য একটি গরু উপহার দেন পরীমনি। কোরবানি দিতে না পারা এসব সহশিল্পীর জন্য কিছু করার সুযোগ পেয়ে ভীষণ খুশি তিনি। বলেছেন, ‘প্রথম আলোয় খবরটি পড়ে মন খারাপ হয়ে গিয়েছিল। ঈদে নানাবাড়ি যাওয়ার পরিকল্পনা বদলে পরে এফডিসিতে ঈদ করার সিদ্ধান্ত নিই। এফডিসি আমার দ্বিতীয় পরিবার। এই পরিবারের সদস্যরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন, সেটা মানতে কষ্ট হচ্ছিল।’

প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘প্রথম আলো কেন অন্যদের থেকে আলাদা ও এগিয়ে, পত্রিকাটি আবারও সেই প্রমাণ দিল।’
এ উদ্যোগের প্রশংসা করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেছেন, ‘আমার দীর্ঘ চলচ্চিত্রজীবনে এমন ঘটনা দেখিনি। পরীমনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। যথাসময়ে এ রকম একটা মানবিক বিষয় তুলে ধরার জন্য প্রথম আলোকে ধন্যবাদ।’

পরীমনির উদ্যোগে গর্বিত শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ওমর সানী। ঈদে ঢাকাসহ সারা দেশে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ছবি রক্ত। ওয়াজেদ আলী পরিচালিত এই ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক রোশান।
* এ বিষয়ে সম্পাদকীয় পাতায় পড়ুন আনিসুল হকের লেখা ‘অরণ্যে রোদন’