সহজাত প্রতিভাবান মানুষ সৈয়দ হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরে প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের স্মরণসভায় স্মৃতিচারণা করেন কবি আসাদ চৌধুরী l প্রথম আলো
জাতীয় জাদুঘরে প্রয়াত লেখক সৈয়দ শামসুল হকের স্মরণসভায় স্মৃতিচারণা করেন কবি আসাদ চৌধুরী l প্রথম আলো

সৈয়দ শামসুল হকের নাম শামসুল হুদা হতে পারত!
অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা আফজাল হোসেন ঘটনাটি বলছিলেন। বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ঠিক করেছিলেন, ছেলের নাম রাখবেন সৈয়দ শামসুল হুদা। তাঁর আকিকার দিন গ্রামের রব্বানী মৌলভি বললেন, নামটা হুদা না হয়ে হক হলে ভালো হয়। শামসুল হকের অর্থ ‘সত্যের সূর্য’। নামের মানে শুনে মৌলভির কথায় রাজি হয়ে যান বাবা।
সৈয়দ হককে ঘিরে এমনই নানা স্মৃতি উঠে আসে গতকাল বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত স্মরণসভায়। রাজধানীর শাহবাগে অবস্থিত জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সকালে আয়োজিত হয় এই সভা। সেখানে স্মৃতিচারণা ছাড়াও ছিল তাঁর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা।
প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা নাট্যকর্মীরা যেন হক ভাইয়ের পরিবারের সদস্য ছিলাম। তাঁর অনেকগুলো নাটকে আমার অভিনয়ের সুযোগ হয়েছে। রিহার্সেলে নাটকের পুরো চিত্রনাট্য তিনি পড়ে শোনাতেন। তখন তিনি শুধু পাঠ করতেন না, একই সময়ে বিভিন্ন চরিত্রে ঢুকে যেতেন।’
কবি আসাদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, ‘“জাগো বাহে কোনঠে সবায়” বলে সৈয়দ হক আসলে বাঙালিকেই ডাক দেন। বাঙালি এখন তার অতীত ভুলে যাচ্ছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই, কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত, জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
সভাপতি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবি কামাল চৌধুরী। তিনি বলেন, রবীন্দ্রনাথকে বলা হয় সহজাত প্রতিভাবান মানুষ। তাঁর পরে সৈয়দ হকের ক্ষেত্রেও সেটি বলা যায়।
স্মরণসভার দর্শকসারিতে উপস্থিত ছিলেন স্ত্রী আনোয়ারা সৈয়দ হক ও সন্তান দ্বিতীয় সৈয়দ-হক। দ্বিতীয় বলেন, ‘আমি তাঁকে বাবা হিসেবেই চিনতাম। এখন নাট্যকার, কথাসাহিত্যিক, কবি, মানুষ সৈয়দ হককে চিনতে পারছি।’