সহশিল্পীদের প্রতিক্রিয়া

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী চলে গেলেন গত সোমবার। তাঁর সঙ্গে কাজ করেছেন এমন কয়েকজন অভিনয়শিল্পী জানালেন তাঁদের প্রতিক্রিয়া।
আবুল হায়াৎ
জিয়া হায়দার আমাকে সম্ভবত ১৯৬৮ বা ’৬৯ সালে প্রথম পরিচয় করিয়ে দেন আতিকুল হক চৌধুরীর সঙ্গে। তাঁর পাণ্ডুলিপি ও একটি গহনার বাক্স নাটকে আমি অভিনয় করি। এর পর থেকে তাঁর লেখা বেশির ভাগ নাটকেই আমি অভিনয় করেছি। তিনি আমার পুরো পরিবারকেই পছন্দ করতেন। মৃত্যুর কয়েক দিন আগেও হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছি। সেখানেও তিনি আড্ডার মেজাজে ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের টেলিভিশন নাটক একজন প্রাণপুরুষকে হারাল।
মামুনুর রশীদ
আতিকুল হক চৌধুরী শুরুতে রেডিও পাকিস্তানে কাজ করতেন। আমরা তন্ময় হয়ে নাটক শুনতাম। তখন তো আকাশবাণী ও রেডিও পাকিস্তান ছাড়া আর কোথাও নাটক হতো না। তিনি যখন ষাটের দশকের শেষভাগে টেলিভিশনে এলেন, তখন মনে হয়েছিল রেডিও কানা হয়ে গেল। টেলিভিশনেও কিন্তু তিনি নাটক অব্যাহত রাখলেন। তাঁর নাটকে মূল্যবোধ, ন্যায়ের পক্ষে থাকা, প্রান্তিক মানুষের কথা বলার প্রবণতা ছিল। আমাকে নিয়ে তিনি একটি একক নাটকের কথা ভেবেছিলেন। অসুস্থ অবস্থায়ও সেই কথা আমাকে মনে করিয়ে দিতেন।
মিতা চৌধুরী
বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক জিয়া আনসারীর বাড়িতে স্বাধীনতার পর প্রথম আতিকুল হক চৌধুরীকে দেখি। ১৯৭৩ সালে একদিন আতিক ভাই আমার বাড়িতে ফোন করে জানতে চান, আমি নাটকে অভিনয় করব কি না। মায়ের অনুমতি পেয়ে আমি আতিক ভাইয়ের আরেকটি শহর চাই নাটকে অভিনয় করি। সেটাই আমার প্রথম টেলিভিশন নাটক। তিনি ছিলেন জ্ঞানের ভান্ডার। ছিলেন একজন ভালো মানুষ। আমরা একজন ভালো মানুষকে হারালাম।
আফরোজা বানু
আমি তখন মঞ্চ ও রেডিওতে নিয়মিত কাজ করতাম। কিন্তু টেলিভিশনে আমার হাতেখড়ি হয় আতিক ভাইয়েরমরা মানুষের পাঠশালা নাটকের মাধ্যমে, ১৯৭৩ সালে। তিনি ছিলেন নাটক-অন্তঃপ্রাণ মানুষ। নাটকের ক্ষেত্রে সেট-কস্টিউমসহ সবকিছুর দিকেই নিখুঁতভাবে খেয়াল রাখতেন। গুণী মানুষ ছিলেন। পৃথিবীতে অনেক গুণী মানুষ আছেন, কিন্তু তাঁরা সবাই শিক্ষক নন। আতিক ভাই আমাদের শিক্ষক ছিলেন।
আজাদ আবুল কালাম
বিটিভির সুবাদে ছোটবেলা থেকেই আতিকুল হক চৌধুরীকে চিনতাম। পরে শেষ বয়সে তাঁর রচনা ও নির্দেশনায় দুটি নাটক, সম্ভবত তাঁর শেষ কাজ—চোর ও ভয়-এ কাজ করার সুযোগ ঘটে আমার। এই সময়েই তাঁর ক্যানসার ধরা পড়ে। কাজ করতে খুব কষ্ট হতো। নাটক করার আগে আমাদের তিনি মহড়া করিয়েছিলেন। কাজ করতে গিয়ে বুঝেছি, মানুষটি আপাদমস্তক একজন শিল্পী। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে তিনিসহ তাঁর প্রজন্মের নির্মাতারা এ দেশের মধ্যবিত্তের রুচি তৈরি করেছেন। কী বলব...আতিকুল হক চৌধুরী ছিলেন চমৎকার একজন মানুষ।