সহস্র মনের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপস্থাপিত হলো দ্বিতীয় রবীন্দ্রনাথ স্মারক বক্তৃতা। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাঙালিসমগ্র জাদুঘর এর আয়োজন করে। এবারের স্মারক বক্তৃতার বিষয় ছিল ‘সহস্র মনের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর—একটি সামাজিক আন্দোলনের ডাক’। এটি উপস্থাপন করেন অধ্যাপক মো. আনিসুর রহমান।গত বছর প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তৃতা উপস্থাপন করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।স্মারক বক্তৃতায় আনিসুর রহমান বলেন, ‘এটা ঠিক বক্তৃতা নয়, একটি সামাজিক আন্দোলনের ডাক। সারা বিশ্বের অনেক বড় বড় ব্যক্তির চেয়ে রবীন্দ্রনাথ একটি জায়গায় ব্যতিক্রম। তাঁর মৃত্যু দিবসে আমরা আনন্দ করি। তাঁর গান গীত হয়। এটাই প্রমাণ করে তাঁর মৃত্যু হয়নি। তিনি আমাদের সঙ্গেই আছেন।’তিনি রবীন্দ্রনাথের সৃজনশীলতা ও অবদানকে ২৩টি আলাদা ভাগে বিভক্ত করে বলেন, ‘রবীন্দ্রনাথকে নিছক স্মরণ করে ক্ষান্ত হলে চলবে না। তাঁকে আমাদের সক্রিয় আবাস করতে হবে। তাঁর শ্রেষ্ঠ ভাবনাগুলো থেকে প্রেরণা নিয়ে সেগুলো থেকে সৃষ্টিশীলভাবে এগিয়ে পৃথিবীর কল্যাণ করতে হবে।’ তিনি বক্তৃতা শেষ করেন নতুন প্রজন্মের কাছে যৌবনের ডাক পৌঁছে দিতে রবীন্দ্রনাথের ‘বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও’ গানটি পড়ে শুনিয়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দ্বিতীয় রবীন্দ্রনাথ স্মারক বক্তৃতায় রবীন্দ্রনাথের বিশ্বজনীনতা তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশদের নাইট উপাধি ত্যাগ করেছিলেন, যার মাধ্যমে তাঁর রাজনৈতিক চিন্তাধারার পরিচয় পাওয়া যায়।’অনুষ্ঠানের সভাপতি বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘স্মারক বক্তৃতার উপস্থাপক অনেক দিন ধরেই রবীন্দ্রনাথকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন।’ তিনি অনুষ্ঠানের বক্তা ও আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতে শিল্পী সালমা আকবর ‘দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে’, ‘আমি কান পেতে রই’ গানদুটি গেয়ে শোনান।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন বাঙালিসমগ্র জাদুঘরের নির্বাহী পরিচালক তারিক রহমান। উপস্থাপনা করেন বুলবুল মহলানবীশ।