
মহান বিজয়ের মাস উদ্যাপন ও দেশজুড়ে চলমান সহিংসতার প্রতিবাদে নাট্য সংগঠন স্বপ্ন দলের যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ত্রিংশ শতাব্দীর বিশেষ মঞ্চায়ন হলো গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ত্রিংশ শতাব্দী নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। প্রদর্শনীটি বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা সদ্য প্রয়াত নেলসন ম্যান্ডেলার স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়।
যুদ্ধ-সংঘাত-হানাহানির বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ত্রিংশ শতাব্দী প্রযোজনার মূল-কাহিনি পৃথিবীর ইতিহাসের সর্বাপেক্ষা কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি। নির্দেশক জানান, প্রতি প্রদর্শনীতেই ত্রিংশ শতাব্দীর কিছু সংলাপ সমকালীন ঘটনাপ্রবাহে হালনাগাদ করা হয়। এবারও তাই করা হয়েছে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান রেজাউল, মাধুরী বেপারী, ফজলে রাব্বী, আমজাদ শরীফ, সামাদ ভূঞা, শিশির সিকদার, ফারজানা রহমান, মোস্তাফিজুর রহমান, জাহিদ রিপন প্রমুখ। ত্রিংশ শতাব্দীর গতকাল ৬০তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।