সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’—এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণজাগরণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এ দাবি জানায়।অনুষ্ঠানে গান, কবিতা ও নাটক পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। এ ছাড়া গণজাগরণমূলক প্রতিবাদী ছবি এঁকে তরুণ প্রজন্মের দাবির প্রতি সংহতি জানান শিল্পী শহীদ কবির, শামসুল ইসলাম, আবদুল মান্নান ও মনিরুজ্জামান।অনুষ্ঠানের শুরুতে আলোচনায় শিল্পী রফিকুন্নবী বলেন, ‘পাকিস্তানিরা এ দেশ থেকে চলে গেছে, কিন্তু তারা তাদের বীজকে এখানে রেখে গেছে। তারই ফল এই সহিংসতা। আমরা সুস্থ সুন্দর সংস্কৃতির চর্চা করতে চাই, অরাজকতা ও মৌলবাদের বিস্তার চাই না।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।আলোচনার পর শাহবাগ বিদ্রোহ, এফিডেভিট, এখানে ৪২ বছর ধরে ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কের সংস্কারকাজ চলছে, কাদের নামা, বীরাঙ্গনা হালিমা ও প্রজন্ম ১৩ শীর্ষক ছয়টি নাটক পরিবেশন করেন গ্রুপ থিয়েটারের শিল্পীরা। শুরু হলো মানবাধিকার নাট্যোৎসব ‘বাংলা মা’র দুর্নিবার আমরা তরুণ দল—শ্রান্তিহীন ক্লান্তিহীন সংকটে অটল’ স্লোগান নিয়ে গতকাল থেকে ধানমন্ডির রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চে শুরু হয়েছে তিন দিনব্যাপী সপ্তম জাতীয় মানবাধিকার নাট্য উৎসব। এর আয়োজন করেছে মানবাধিকার নাট্য পরিষদ।বিকেলে উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন নাট্য পরিষদের সভাপতি কামাল লোহানী। স্বাগত বক্তব্য দেন নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার আখন্দ।প্রথম দিনে নাটক পরিবেশন করে জয়পুরহাট, নওগাঁ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসা নাট্যদল। আজ শুক্রবার দ্বিতীয় দিনে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হবে শোভাযাত্রা। বিকেল সাড়ে চারটা থেকে শুরু হবে নাটক। ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, পাবনার দল এবং ঢাকার বটতলা, নাট্যধারা ও প্রাচ্যনাট নাটক পরিবেশন করবে। শনিবার সমাপনী দিনে নাটক ছাড়াও থাকবে গুণীজন সম্মাননা। এ পর্বে শিল্পী মুর্তজা বশীর, প্রতিভা মুৎসুদ্দি ও অজিত মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হবে।ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠানছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত সংগীতগুরু ওয়াহিদুল হকের জন্মদিন আগামীকাল শনিবার। এ উপলক্ষে স্বদেশ ও দ্রোহের গান-কবিতা নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট তাদের মিলনায়তনে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাতটায়।