সাঁইজির গানে গানে
আশীষ-উর-রহমান ও তৌহিদী হাসান, কুষ্টিয়া থেকেএখানে গান, সেখানে গান। কোথাও একতারার টুংটাং সুরের সঙ্গে ক্ষীণ কণ্ঠের গুনগুন, কোথাও বা ঢোল, মৃদঙ্গ, খমক, প্রেমজুড়ির সংগতে নেচে নেচে উচ্চ স্বরে; কোনোখানে আবার রীতিমতো সুসজ্জিত মঞ্চে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে জমকালো সাজসজ্জায় সংগীত পরিবেশনা। পরিবেশনার আঙ্গিক যেমনই হোক না কেন, গানগুলো সব একজনেরই। ভক্তের কাছে তিনি দীক্ষাগুরু। সাধারণ শ্রোতার কাছে বাউলসম্রাট, বিদগ্ধজনের কাছে বাংলার লোকসংগীত ও মরমি দর্শনের অন্যতম দিকপাল লালন সাঁই। কুষ্টিয়ার শহরতলি ছেঁউড়িয়ায় মরা কালীগঙ্গা নদীর তীরে সাঁইজির সমাধিচত্বর টানা পাঁচ দিন ধরে মুখর হয়ে উঠেছিল তাঁর কালজয়ী গানে গানে। মুখরিত আয়োজন শেষ হয়েছে গতকাল ২০ অক্টোবর।অমৃত মেঘের বারিলালনের গানে তাঁর অনুসারীরা খুঁজে পান অমৃতের সন্ধান। মানবজীবনের মোহমায়া, ভোগলিপ্সা থেকে মুক্ত হয়ে পরমার্থের জন্য মহাজনেরা যুগে যুগে, দেশে দেশে কঠিন সাধনায় আত্মনিবেদন করেছেন। বহুজনের বহুমত, বহুপথ। লালন বলেছেন মানবধর্মের কথা। অমৃতের সন্ধান করেছেন আত্মজ্ঞানের মধ্য দিয়ে। সেই অমৃতের সন্ধানেই সাঁইজির তিরোধানের ১২০তম দিবসে দেশ-বিদেশের হাজার হাজার অনুসারী পয়লা কার্তিক, ১৬ অক্টোবর সমবেত হয়েছিলেন আখড়াবাড়িতে, তাঁর মাজারে ভক্তি নিবেদনের উদ্দেশ্যে। ওই দিন সন্ধ্যায় ছিল ‘অধিবাস’, পরের দিন সকালে ‘বাল্যসেবা’ এবং দুপুরে ‘পূর্ণসেবা’। এই তিন পর্বের আয়োজনের মধ্য দিয়েই সাধারণত শেষ হয় বাউল ও তরিকতপন্থী সাধুদের আচার-অনুষ্ঠান।লালন সাঁই জীবিতকালে প্রতি দোলপূর্ণিমায় এক দিনের একটি অনুষ্ঠান করতেন ভক্তদের নিয়ে। সেখানে গান ও তত্ত্বালোচনা হতো। তাঁর তিরোধানের পর ভক্তের দল দোলপূর্ণিমার সঙ্গে সাঁইজির তিরোধান দিবসেও আখড়াবাড়িতে সমবেত হতে থাকেন গুরুপদে ভক্তি নিবেদনের জন্য। তাঁদের বিশ্বাস, সাঁইজির মৃত্যু ঘটেনি। তিনি কেবল লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন। প্রকৃতপক্ষে ভক্তদের সঙ্গে তিনি আছেন সর্বক্ষণ। সাধকেরা গুরুভক্তি, সাধুসঙ্গ, নতুন ‘ভেকখিলাফত’ গ্রহণ (দীক্ষাগ্রহণ) ও গানে গানে আধ্যাত্মিকতার চর্চার মধ্য দিয়ে এই সময়টি অতিবাহিত করেন। দোলপূর্ণিমা ও তিরোধান বা ওফাত দিবসের আদি আয়োজন ছিল এর মধ্যেই নির্ধারিত।শুধুই গান নয়২০ বছর ধরে টানা পাঁচ দিনব্যাপী সাঁইজির তিরোধান দিবসের আয়োজন চলছে। কালীগঙ্গার প্রবাহ থেমে গেলেও কালের প্রবাহে তিরোধান দিবসের মেয়াদ যেমন এগিয়ে গেছে, তেমনি বদলে গেছে এর আঙ্গিকও। সাধুদের আধ্যাত্মিক চর্চার অনুসঙ্গ হিসেবে শুরু হওয়া এই আয়োজন এখন নানা দেশ, নানা শ্রেণী-পেশার, নানা বয়সী নর-নারীর বিপুল সমারোহে এক বিশাল বিচিত্র কর্মযজ্ঞ। সেখানে কেউ পেতে বসেছেন মনিহারি দোকান, কেউ বিক্রি করছেন মিঠাই-মণ্ডা, তাবিজ-কবচ, জ্বর সারানোর ভালুকের পশম, সাদা লজ্জাবতীর শেকড়, জামাকাপড়, কাঠের আসবাব, খেলনা, চটপটির দোকান, বেদেদের চুড়ি-ফিতার পসরা, নাগরদোলা, সার্কাসের জীবজন্তু—কী নেই সেখানে! আবার কেউ এসেছেন গান শুনতে, কেউ বা সঙ্গীকে নিয়ে বেড়াতে। অন্যের গালে, বাহুতে লালনের ছবি এঁকে দিয়ে বাড়তি দুটি পয়সা কামাতেও রং-তুলি হাতে অনেকেই উপস্থিত। কেউ এসেছেন বক্তব্য দিতে, কারও উদ্দেশ্য সাধুসন্তদের সঙ্গে বাতচিত করে বাউলদর্শনের খবরাখবর অবগত হওয়া। বহু লোকের সামনে গান গেয়ে ভবিষ্যতের বড় শিল্পী হওয়ার প্রক্রিয়ায় কিছুটা এগিয়ে যাওয়ার মানসেও মঞ্চে উঠেছেন সম্ভাবনাময় গাইয়েরা। সাংগঠনিক শক্তি নিয়েও কারও কারও আবির্ভাব ঘটেছে তাদের নানা কর্মকাণ্ড এই সুযোগে আমজনতার সামনে তুলে ধরতে। আবার কেউ এসেছেন নীরবে সাঁইজির পদে ভক্তি নিবেদন করে মনের ময়লা দূর করার মানসে। কিন্তু এখন সেখানে এই আধ্যাত্মিকতার ধারাটিই বরং ক্ষীণ। চট করে তাঁকে খুঁজে পাওয়াই মুশকিল। বাণিজ্যের চাপে তা নিষ্প্রভ, সাধুরা অনেকটাই নিজভূমে পরবাসীর মতো পরিস্থির কবলে পড়া। রংপুর থেকে আসা আবদুল মান্নান পাগল তাই বলেছিলেন, ‘সাধুসঙ্গ কি আর করমু বাহে, গায়ের ওপর দিয়া সব অসাধুরা দৌড় দিয়া যাচ্ছে।’গান হলো জ্ঞানযোগএবারের আয়োজনটির পৃষ্ঠপোষকতা করেছেমুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। সারা কুষ্টিয়া শহরে তাদের প্রতিষ্ঠানের প্রতীক আঁকা ডিজিটাল ব্যানার। তবে তাতে কোথাও সাঁইজির গানের চরণ নেই, লেখা হয়েছে ‘১২০তম মৃত্যুবার্ষিকী’। এতে সাধুরা একটু মনঃকষ্ট পেয়েছেন। কুষ্টিয়ার কমলাপুরের সাধু সৈয়দ সায়েদুর রহমান খানিকটা অভিমান নিয়েই বললেন, ‘বাউল মতে গান হলো জ্ঞান। ভাবের জগতে এরে জ্ঞানযোগ বলা হয়। আমরা এইখানে সাঁইজির চরণে ভক্তি দিয়ে জ্ঞানযোগ সাধনায় আসিছি। নিজেরাই যে যেমন পাতিছি, জ্ঞানযোগ কইরে চলে যাবনি।’একটা নারকোলের মালালালন সাঁইয়ের গানে যেমন আছে ‘একটা নারকোলের মালা তাইতে জল তোলা ফেলা’, তেমনি একটা মসৃণ নারকোলের মালায় করে পানি পান করছিলেন কুষ্টিয়ার পশ্চিম আবদালপুরের লিলি বেগম। তাঁর স্বামী সারওয়ার মণ্ডলও বসে ছিলেন পাশে। সাঁইজির মাজারের পাশেই তাঁরা আসন পেতেছিলেন। সারওয়ার মণ্ডল কৃষিকাজ করেন। তাঁরা কেউই গানবাজনা করেন না। লিলি বললেন, ‘আমাগের গানের গলা নাই। যারগে গলা ভালো তারা গানবাদ্য করে। আমরা চিশতিয়া তরিকতের ভক্ত। যে যার পুণ্য কাজ করে আমরা চলে যাব। সাঁইজি তো তাঁর দুয়ার সবার জন্যি খোলা রাখিছেন। তাই আমরা তেনারে ভক্তি জানাতে আসিছি।’ এই দম্পতির মতো অনেকে এসেছিলেন গান গাইতে নয়, গান শুনতেও নয়, কেবল সাঁইজিকে অন্তরের গভীর থেকে ভক্তি নিবেদন করতে।পাঁচ দিনে যা হলোলালন একাডেমিই এখন লালন সাঁইয়ের মাজার ও আখড়াবাড়ির তত্ত্বাবধান করে থাকে। তারাই সব আনুষ্ঠানিকতার আয়োজক। কুষ্টিয়ার জেলা প্রশাসক পদাধিকারবলে এর সভাপতি। তিন বছরের জন্য সম্পাদকসহ নির্বাহী কমিটি নির্বাচিত হয় ভোটে। ভোটার পাঁচ হাজার। পাঁচ দিনের এই আয়োজন এবার উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। পরের দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। লালনের দর্শন ও গান নিয়ে আলোচনা করেছেন বিশিষ্ট লালন গবেষক আবুল আহসান চৌধুরীসহ আলোচকেরা। প্রতিদিন বিকেল থেকে আখড়াবাড়ির বাইরে কালীগঙ্গা নদীর তীরে বিশাল সামিয়ানা খাটানো মঞ্চে আলোচনার পর শুরু হয়েছে লালন সাঁইয়ের গান। সন্ধ্যা থেকে একটানা গান হয়েছে গভীর রাত অবধি। বেশ জমকালো অনুষ্ঠান। চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজেরা থেকে শুরু করে স্থানীয় শিল্পী, ঢাকার আমন্ত্রিত শিল্পী, লালন একাডেমির শিল্পীরা ‘বাড়ির কাছে আরশিনগর’, ‘কোন খানে তোর বারামখানা’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘জাত গেল জাত গেল বলে’, ‘ধন্য ধন্য বলি তারে’, ‘কে বানাইলো এমন রংমহল খানা’ এমন অজস্র গানে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। সারা দিন হাজার হাজার লোকের আনাগোনা তো ছিলই। দিনের কাজ শেষে কুষ্টিয়া শহরের বহু কর্মজীবী মানুষ দল বেঁধে এসে সমবেত হয়েছেন তাঁদের এলাকার গর্ব সাঁইজির গান শুনতে। সব মিলিয়ে হাজার হাজার মানুষের এমন বিশাল ও দীর্ঘ সময়ের সংগীত আয়োজন দেশে সত্যিই বিরল।এমন সমাজ কবে গো সৃজন হবেলালন সাঁইয়ের অনুসারীদের কাছে এই আয়োজনের তৎপর্য যা-ই থাক, আমজনতার কাছে এটি এখন একটি উৎসবে পরিণত হয়েছে। অনেককেই একে বলতে শুনেছি ‘লালন মেলা’। তাতে খুব একটা অতিরঞ্জনও নেই বলে মনে হয়। আড়াই হাজারের বেশি দোকান বসেছে বলে জানালেন লালন একাডেমির সম্পাদক তাইজাল আলী খান। তিনি অবশ্য সরাসরি লালন মেলা বলতে চান না। তবে স্বীকার করলেন, বাণিজ্যিকীকরণ কিছুটা হয়েছে। এ ছাড়া কোনো উপায়ও নেই বলে তিনি জানালেন। একাডেমির কোনো নিজস্ব আয় নেই। সরকারি বরাদ্দ মাসে দেড় লাখ টাকা। ১৭ জন কর্মচারীর বেতনই তাতে কুলায় না। সে কারণেই প্রথম দিকে স্টল ভাড়া দিয়ে আয়ের ব্যবস্থা করা হয়েছিল। পরে ১৯৯০ সাল থেকে যখন পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হলো, তখন থেকেই বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা নেওয়া হচ্ছে। তাঁর দাবি, একাডেমি আখড়াবাড়িটিকে রক্ষা করেছে। নয়তো এখানকার সব সম্পত্তি বেদখল হয়ে যেত। এখন ১২ একর সম্পত্তি আছে সাঁইজির মাজারকে কেন্দ্র করে। এর মধ্যে আট একর তাঁরা খরিদ করেছেন। অনেক বাধাবিপত্তি সত্ত্বেও সরকারি সাহায্যে একাডেমি ভবন ও মিলনায়তন নির্মাণ করেছেন। এখন তাঁরা সংগীত বিদ্যালয়, স্থায়ী মঞ্চ ও অসমাপ্ত মিলনায়তন নির্মাণের পরিকল্পনা করছেন। কিন্তু গবেষণা বা প্রকাশনার কাজ কিছুই হয়নি অর্থাভাবে। তবে দিনে দিনে তাও হবে, এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।আশা থাকা ভালো। সাঁইজিরও আশা ছিল এমন এক সমাজের, যেখানে কোনো জাতিভেদ থাকবে না। মানুষ তার মনুষ্যত্বের মূল্যেই পরিচিত হবে। তিনি গেয়েছিলেন, ‘এমন সমাজ কবে গো সৃজন হবে/ যেদিন হিন্দু মোছলমান বৌদ্ধ খ্রীষ্টান জাতি গোত্র নাহি রবে...।’ কে জানে কবে আসবে সেই দিন, তবে সেই দিনের বাণী নিয়েই ফিরে গেছেন সাধুসন্তরা, লালনের গানের ভক্ত সাধারণ মানুষ।