সাঁইজির দোল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনাসে দেখতে পাবে কোন খানে সাঁই বারামখানা, আপন ঘরের খবর নে না’। সাঁইজির এমন অমিয় বাণী বাউলদের মনে নাড়া দিয়েছে। কীভাবে পাঁচটা দিন চলে গেল। সাঁইজির টানে বাউলধামে আসা বাউলসহ সাধারণ দর্শনার্থীদের ভিড় আর নেই লালনের মাজারে। ‘তিন পাগলে হলো মেলা নদে এসে, তোরা কেউ যাসনে ওই পাগলের কাছে।’—এমন পাগলপ্রিয় গান আর আরাধনায় শুরু হয় দোল উৎসব। এই দোল উৎসবে গুরু-শিষ্যের মধ্যে প্রকৃত প্রেম জাগে। খুঁজে নেয় আত্মার মিল। পায় শান্তির সুখপাখি। প্রকৃতির প্রেমে সাড়া দিয়ে প্রতিবছর এই দোলে পাড়ি জমায় লাখ লাখ ভক্ত-অনুরাগী। এবারও ব্যতিক্রম হয়নি।আখড়াবাড়ির বিভিন্ন আঙিনায় এখানে-সেখানে খণ্ড খণ্ড আসন পেতে বসেছিলেন সাধুগুরুরা। মানবতার প্রেম ও সাঁইজির দর্শন পাওয়ার জন্যই প্রতিবছর দোলে একত্র হন গুরু-শিষ্যরা। সাঁইজির রীতি অনুসারে, শুক্রবার রাতের বিকেলে অধিবাসের মধ্য দিয়ে ২৪ ঘণ্টার দোলসঙ্গ শুরু হয়। চৈত্রের পূর্ণিমা রাতে জ্যোৎস্নার ছটায় আর মাতাল হাওয়ায় গানে গানে হারিয়ে যায় ভিন্ন কোনো জগতে। পরের দিন চারটায় ‘পুণ্যসেবা’ দিয়ে সাধুসঙ্গ শেষ করে আখড়াবাড়ি ত্যাগ করেন বেশির ভাগ সাধু। প্রকৃত সাধুসঙ্গের অধিবাস শেষ হলেও লালন একাডেমি আয়োজিত মূল মঞ্চে লালনগীতি ও লালনমেলা চলে আরও চার দিন। এ সময় কিছু বাউল আখড়াবাড়িতে থেকে যান। বিনোদন দেন দূর থেকে আসা দর্শনার্থীদের।লালনের আখড়াবাড়ি ছাড়াও এবার কুষ্টিয়ার বিভিন্ন গ্রামে সাধু-গুরুরা বাড়িতে নিজেদের উদ্যোগে সাধুসঙ্গ করেছেন। তাঁরা মনে করেন, এভাবে সাধুসঙ্গ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। ‘সময় গেলে সাধন হবে না।’ বাউলদের মতে, এমন বাণীর মধ্য দিয়ে যে যোগ সাধনের কথা বলা হয়েছে, তার মূল বিষয় হলো, ‘অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাজন সে দিনে উদয়।’ অর্থাৎ এই মহাযোগে মহামানুষের আবির্ভাব হয়। সেই মানুষ ধরার আশায় কত পুরুষ প্রকৃতির ভাব লয়। এই দোলযাত্রা বা হলিখেলার মধ্য দিয়ে ২৪ ঘণ্টার অষ্টপ্রহর হয়। সাধু-গুরুর কৃপা ছাড়া মানুষ মুক্তি পেতে পারে না।