সাঁওতালদের জীবনযাপনের ওপর স্থাপত্যশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইন-সাইট’ প্রদর্শনীর একটি স্থাপত্যকর্ম ঘুরে দেখছেন দর্শনার্থীরা l প্রথম আলো
‘ইন-সাইট’ প্রদর্শনীর একটি স্থাপত্যকর্ম ঘুরে দেখছেন দর্শনার্থীরা l প্রথম আলো

‘ইঁদুর ধান খেয়ে ফেলে, শুনেছি ওরাও ইঁদুর খেয়ে ফেলে?’ জিজ্ঞেস করলেন একজন মার্কিন নাগরিক। উত্তরে শিল্পী নিলয় আই হোসাইন বলেন, ‘ইঁদুরের সংখ্যা এত বেশি যে খেয়ে ফেললেও শেষ করা যায় না।’ গতকাল মঙ্গলবার বিকেলে ধানমন্ডির ইএমকে সেন্টারে গিদরী বাউলি ফাউন্ডেশন অব আর্ট আয়োজন করেছিল ‘ইন-সাইট’ নামের একটি প্রদর্শনীর। সেখানকার স্থাপত্যকর্মগুলো দেখতে দেখতে কথা হচ্ছিল এই বিদেশি দর্শনার্থী ও শিল্পীর মধ্যে।
ঠাকুরগাঁওয়ের ছোটবালিয়া গ্রামের সাঁওতালদের মোল্লানী পাড়ায় একটি কর্মশালা করেন ঢাকার পাঁচ শিল্পী। ১২ থেকে ১৯ ফেব্রুয়ারি ওই নৃগোষ্ঠীর মানুষদের কাছাকাছি থেকে তাঁদের জীবনযাপনের সঙ্গে একাত্ম হতে চেষ্টা করেন তাঁরা। শিল্পীরা উপলব্ধি করেন, এই গোষ্ঠীর প্রতিদিনকার জীবনযাপনই শিল্পময়। মাটির ঘরের দেয়ালে নিজস্ব রঙে ছবি আঁকেন তাঁরা, সন্ধ্যায় একসঙ্গে নাচ-গানও করেন বিভিন্ন বয়সীরা। ঢাকা থেকে যোগ দেওয়া শিল্পীদের অন্যতম তাহমিনা হাফিজ জানালেন, ছবি আঁকা ওদের রক্তে মিশে আছে। বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর তাঁরা আবারও ঘরের দেয়ালে ছবি আঁকেন। এ কর্মশালার উদ্যোক্তা শিল্পী কামরুজ্জামান স্বাধীন বলেন, ‘শান্তিনিকেতনে এ রকম একটা কর্মশালা করেছিলাম। তখন থেকেই ইচ্ছে ছিল নিজের গাঁয়ের আদিবাসীদের সঙ্গে যৌথভাবে একটা কাজ করব।’ তিনি জানান, সাঁওতাল বিদ্রোহে নিহত ব্যক্তিদের স্মরণে ৩০ জুন ‘সিধু কানু উৎসব’ করেন তাঁরা। ওই দিন একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ওই নৃগোষ্ঠী। শিল্পীরা সেখানে একটি স্থায়ী শহীদ মিনার তৈরি করছেন।
ঠাকুরগাঁওয়ের সাঁওতালদের সঙ্গে করা কিছু স্থাপত্যকর্ম নিয়ে প্রদর্শনীটি চলবে ২১ এপ্রিল পর্যন্ত। শুক্রবার ছাড়া প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী ঘুরে আসা যাবে। উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন শিল্প সমালোচক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, শিল্পী মাহবুবুর রহমান, ইএমকে সেন্টারের পরিচালক এম কে আরেফ প্রমুখ।