সাঁওতালদের নিয়ে একুশের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উচাইয়ের কুসুম নাটকটির মূল ভাবনা আদিবাসীদের মাতৃভাষায় লেখাপড়ার অধিকার নিয়ে। অন্য জাতিসত্তার মানুষও যেন আমাদের মতো নিজেদের মাতৃভাষায় লেখাপড়া করতে পারে—এ কথাই বলার চেষ্টা করেছি আমার এই নতুন নাটকে।’ বললেন মামুনুর রশীদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মামুনুর রশীদের লেখা উচাইয়ের কুসুম নাটকটি দেখানো হবে বিটিভিতে। এখানে তিনি অভিনয়ও করেছেন। মামুনুর রশীদ বললেন, ‘মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় সাঁওতাল মেয়ে মালিনীর কী অবস্থা হয়েছিল, সেটাই আমি দেখিয়েছি।’ জয়পুরহাটের পাঁচবিবিতে উচাই সাঁওতালপল্লিতে সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন ফরিদুর রহমান। এতে অভিনয় করছেন ফারজানা ছবি। ফারজানা ছবি বলেন, ‘নাটকের পুরো শুটিং হয়েছে সাঁওতালপল্লিতে। সাঁওতালদের বাড়িতে থেকেছি। তাদের জীবনযাত্রা, পোশাক আর খাবারের সঙ্গে পরিচিত হয়েছি। আমি কিন্তু নাটকে সাঁওতালদের ভাষাতেই কথা বলেছি।’নাটকে ৪০ জন সাঁওতালশিল্পী অভিনয় করেছেন।