সাঁঝবাতির জন্য শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁঝবাতি, ছবি: খালেদ সরকার
সাঁঝবাতি, ছবি: খালেদ সরকার

বয়স বারো কি তেরো। অভিনয়ের কিছু বুঝবে এই শিশু? বুঝবে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’? অথচ তাকে হয়ে উঠতে হয়েছে দেশভাগের একটি চরিত্র। অভিনয় করতে হয়েছে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ প্রযোজক, পরিচালক ও নায়কের ছবিতে। ক্যামেরার সামনে প্রথম না হলেও সাঁঝবাতি এবারই প্রথম অভিনয় করেছে।
শঙ্খচিল ছবির ‘রূপসা’, মানে সাঁঝবাতি সাবলীল কিশোরী। সেটা হোক ক্যামেরার সামনে কিংবা বাস্তবে। ট্রেলার বা ছবি যেখানেই হোক, যে কারও বুঝতে কষ্ট হবে যে তার কেবল যাত্রা হলো শুরু। ছবির গল্পটা ‘দেশভাগ’ নিয়ে। দেশভাগের কী বোঝে এই কিশোরী! অথচ চরিত্রটিতে অনবদ্য অভিনয় করেছে সে।
‘প্রসেনজিৎ যে আমার বাবা না, সেটা মনেই হয়নি।’ ছবি নিয়ে এটাই ছিল তার প্রথম কথা। পরিচয়ের মুহূর্ত থেকেই তাকে বাবার আদরে নিজের সত্যিকারের মেয়ে বানিয়ে নিয়েছিলেন প্রসেনজিৎ। ফলে রূপসা হয়ে উঠতে সময় নেয়নি সাঁঝবাতি।
অভিজ্ঞতার কথা জানতে চাইলে সে বলে, ‘কুসুম (কুসুম সিকদার) আন্টি, প্রসেনজিৎ আঙ্কেলসহ সবাইকে নিয়ে গৌতম (গৌতম ঘোষ) দাদু আমাকে বুঝিয়ে দেন রূপসা চরিত্রটিকে। তাঁরা সবাই আমাকে রূপসা হয়ে উঠতে অনেক সাহায্য করেছেন। বিশেষ করে প্রসেনজিৎ আঙ্কেল ও গৌতম দাদু। তাঁরা ছাড়া আমি এই চরিত্রে অভিনয় করতে পারতামই না।’ মা বুড়ি আলী আর দাদু হাবিবুর রহমানের কথাও বাদ দেয় না সে। ২৮ মার্চ কথা প্রসঙ্গে বলল, ‘দাদু বলেছে, তুমি কত্ত লাকি; তোমার প্রথম ছবিটাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল!’
ছবি মুক্তি পাবে পয়লা বৈশাখে। মুক্তির আগেই শঙ্খচিল পেয়ে গেল ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পুরস্কারের সংবাদ জানার পর কেমন লেগেছে সাঁঝবাতির? ‘ভীষণ ভালো লেগেছে। এ রকম একটা ছবির সঙ্গে থাকতে পেরে আমি খুবই গর্বিত।’
সাঁঝবাতির মা বুড়ি আলী জানালেন আরেকটু ভেতরের কথা। পুরস্কারের খবর জানার পর তাঁর মেয়ে নাকি শান্ত মুখে বলেছে, ‘ছবি তো পুরস্কার পেল, দেখি আমি কী পাই।’
নিজেকে অভিনয় করতে দেখে কেমন লেগেছে? সাঁঝবাতি জানায়, পুরো ছবিটা দেখা হয়নি। তবে যতটুকু দেখা হয়েছে, সেটুকু তো খুব ভালো লেগেছে।
শঙ্খচিল ছবির রূপসা চরিত্রটির জন্য একমাত্র তারই অডিশন নেওয়া হয়। পরিচালক গৌতম ঘোষের পরীক্ষায় টিকে যায় সে। ছবি মুক্তির সময় বাংলাদেশে এসে সাঁঝবাতির অনেক প্রশংসাও করেছেন পরিচালক। এই নবীন অভিনয়শিল্পীকে নিয়ে তাঁর মন্তব্য ছিল, ‘বাচ্চাটা বাস্তবে একদম রূপসা চরিত্রটির মতোই।’
এবার বাংলা নতুন বছরের গোড়ার সময়টা পরিবারের সঙ্গে ভারতে থাকতে হবে সাঁঝবাতিকে। পয়লা বৈশাখ একই সঙ্গে বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে তার অভিনীত প্রথম ছবি শঙ্খচিল। তার জন্য শুভকামনা।