সাংবাদিককে হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্নিং ছবির শুটিংয়ের দৃশ্য
ওয়ার্নিং ছবির শুটিংয়ের দৃশ্য

এফডিসির চার নম্বর ফ্লোরে সেট তৈরি হচ্ছিল বেশ কয়েক দিন ধরে। এরপর একদিন গিয়ে দেখা গেল ঝিকিমিকি বাতি দিয়ে সাজানো নাচের মঞ্চ। একপাশে আলিশান সোফাসেট বসানো। নানা ব্র্যান্ডের মদের বোতলে সাজানো বারের একপাশ। পুরো আবহ দেখে বুঝে নিলাম, এটা কোনো নৈশ ক্লাবের সেট। কাজ তদারকির দায়িত্বে থাকা একজনের কাছ থেকে জানা গেল এক দিন পরেই এখানে একটি ছবির শুটিং শুরু হবে।
পরদিন চার নম্বর ফ্লোরের বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো দেখলাম কিছুটা গম্ভীর। ভেতরে ঢোকার পরও যাকে দেখছি, তার মুখই ভার মনে হচ্ছে। কিছুটা ধাঁধায় পড়েই হাঁটছি ভেতরের দিকে। এর মধ্যেই বিশাল এক হুংকারে পিলে চমকে যাওয়ার জোগাড়! কারণ, এখানে একজন চিৎকার করে বলছেন, ‘এই সাংবাদিক, সারা জীবন তো তোর ওয়ার্নিং শুনলাম। আজ আমি তোকে দেব লাস্ট ওয়ার্নিং।’ এটুকু কানে যেতেই উল্টোদিকে দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছিলাম। ফেরালেন পরিচালক সাফিউদ্দিন সাফি। আর যাঁর হুমকিতে ভয় পাচ্ছিলাম, সেই মিশা সওদাগরকে দেখি সংলাপটা আওড়াচ্ছেন ক্যামেরার সামনে। তাঁর সঙ্গে ক্যামেরার সামনে আরও আছেন আরিফিন শুভ, রুবেল, শিবা শানুসহ কয়েকজন। কিন্তু সাংবাদিকটা কে? পরিচালক শাফিউদ্দিন শাফি বললেন, ‘সেটা জানতে হলে তো দর্শককে কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ, ওয়ার্নিং ছবির শেষ দৃশ্যের কাজ হচ্ছে এখানে। আশা করি ছবিটি শেষ হতে বেশি দিন লাগবে না। প্রেক্ষাগৃহে বসে দর্শকেরা পাবেন সব প্রশ্নের উত্তর।’
যাক বাবা, আর জেনে কাজ নেই। ভালোই ভালোই এখান থেকে ফিরে আসার তাড়া তখন নিজের মধ্যেও। কেননা ওদিকে আবার তুমুল কথা-কাটাকাটির পরে সাংবাদিকের সঙ্গে মিশা বাহিনীর গোলাগুলি শুরু হয়েছে।