সাংসদ নাট্যোৎসব শুরু সোমবার থেকে
দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে সাংসদ নাট্যোৎসব। আগামী ১৪ ডিসেম্বর সাভারের এনাম মেডিকেল মিলনায়তনে শুরু হতে যাচ্ছে এই উৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এবং চিকিৎসক ও রাজনীতিক ঢাকা-১৯ এর সাংসদ এনামুর রহমানের উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতি বিকাশে ‘মঞ্চে নাটক দেখুন’ শীর্ষক প্রথম সাংসদ নাট্যোৎসব ২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৪ ডিসেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে ১০ দিনব্যাপী এই নাট্যোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, উৎসবের উদ্বোধন করবেন সাংসদ এনামুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সাংসদ মমতাজ বেগম, শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, স্বাগত বক্তব্য রাখবেন উৎসবের আহ্বায়ক চন্দন রেজা। সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।
আজ শনিবার বিকেলে শিল্পকলা একাডেমির সেমিনারকেÿআয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সাংসদ এনামুর রহমান, লিয়াকত আলীসহ উৎসবের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাংসদ নাট্যোৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে এনাম মেডিকেল কলেজ মিলনায়তনে একটি করে নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনী দিন ১৪ ডিসেম্বর মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদ টিএসসির নাটক ‘কালো রাত্রি’। ১৫ ডিসেম্বর বুনন থিয়েটারের ‘নকশি কাঁথার মাঠ’, ১৬ ডিসেম্বর প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস’, ১৭ ডিসেম্বর থিয়েটার (আরামবাগ) এর ‘নিখাই’, ১৮ ডিসেম্বর সময় এর প্রয়োজন ‘ভাগের মানুষ’, ‘১৯ ডিসেম্বর নিরাভরন থিয়েটারের ‘সামন্ত নথি’, ২০ ডিসেম্বর শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘ইনফরমার’, ২১ ডিসেম্বর জাগরনী থিয়েটারের ‘চিত্ত বিনিময়’, ২২ ডিসেম্বর সুবচন এর ‘মহাজনের নাও’ ও ২৩ ডিসেম্বর থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’ নাটক মঞ্চস্থ হবে। নাটকের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ ও ৫০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা।